ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

আপনার কষ্টার্জিত অর্থ সতর্কতার সাথে সঠিক জায়গায় দান করুন

সংশ্লিষ্ট সকল মুসলমানদের প্রতি ব্যক্তিগত খোলা চিঠি

আব্দুল আজিজ ভূঁইয়া:
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০১:০৫
...
ছবি: প্রতীকী
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু,
আমি গভীর উদ্বেগের সাথে এই খোলা চিঠিটি লিখছি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে - দূর্নীতিপরায়ন তথা কথিত কিছু ছদ্মবেশী লোকদের দ্বারা মসজিদ ও মাদরাসার নামে অর্থ কালেকশন নিয়ে।
আমার চিঠির সম্ভাব্য প্রভাব পড়তে পারে  ব্যক্তি, সংস্থা এবং বিশেষতঃ সাধারণ জনগণের উপর। সত্য কথা হলো, সাধারণ মানুষ এই স্বঘোষিত তথাকথিত আলেমদের হাতে চূড়ান্তভাবে প্রতারিত হচ্ছেন। এই ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা এখন জরুরি। তা করতে ব্যর্থ হলে এই অপরাধীরা আরও শক্তিশালী হবে এবং আল্লাহভীরু নিরীহ মানুষদেরকে প্রতারণা ও নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করতে থাকবে। এটা অনস্বীকার্য যে কিছু মানুষ বৈধ ও অবৈধ ব্যবসা থেকে অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ পেয়েছেন। তারা অনেকে সমাজে স্বীকৃতির জন্য বড় অংকের অনুদান দিতে আগ্রহী। তাদেরকে এই স্বার্থান্বেষী, সুবিধাভোগী আলেম নামধারী লোকেরা টার্গেট করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এবং নিচ্ছ ।
এইসব  সুবিধাভোগী আলেমদের নানান কৌশল থাকলেও, তাদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যে তারা ধর্মীয় মুখোশের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে।    
বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে তারা ধর্মপ্রাণ মানুষদের প্রভাবিত করে নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে। সবচেয়ে প্রচলিত কৌশল হলো একটির পর একটি নতুন মসজিদ স্থাপন করা। সমাজে অনেক মসজিদ থাকা সত্ত্বেও এই ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং নিজেদের জন্য বেশি অর্থলাভের পথ তৈরি করতে অতিরিক্ত মসজিদ প্রতিষ্ঠার ধান্ধা করে থাকে। মসজিদগুলোর অনেক প্রভাবশালী ইমাম বা খতিবসহ এই ব্যক্তিরা নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছেন এবং ধার নিয়েছেন। চুক্তিপত্রে স্বাক্ষর করার পরেও সেই ঋণ পরিশোধ করতে বা ঋণের কথা স্বীকার করতে চাননা তারা। তারা সংগ্রহ করা অর্থের সঠিক হিসাব দেওয়ার কোনো দায়বদ্ধতা অনুভব করেন না। এই তথাকথিত আলেমরা বিদ্যমান মসজিদ গুলোর মধ্যে কোন্দল ও উত্তেজনা তৈরি করে, মুসল্লি, কমিটি এবং ইমামদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। যার ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিতভাবে নতুন মসজিদ তৈরি হয়। এমনকি তারা সুদের ওপর ভিত্তি করে অর্থায়নের মাধ্যমে নতুন দলগুলোকে মসজিদের জন্য সম্পত্তি কিনতে উৎসাহিত করতে দ্বিধা করেন না। শুধু তাই না, এটাকে বৈধ করার জন্য ফতোয়া পর্যন্ত তৈরি করেন।  

দ্বিতীয় প্রচলিত কৌশলটি হলো নতুন মাদ্রাসা, ইসলামিক স্কুল বা সেমিনারি প্রতিষ্ঠা করা। এই প্রকল্পগুলোতে সম্প্রদায়ের লক্ষ লক্ষ ডলার খরচ হয়েছে এবং হচ্ছে ।একই রকম দৃষ্টিভঙ্গি, নীতিবোধ ও কৌশল অবলম্বনকারী এই অযোগ্য ব্যক্তিরা প্রায়শই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা ও অবাস্তব প্রকল্প উপস্থাপন করে থাকেন। অনেক প্রতিষ্ঠিত মাদ্রাসা তাদের পরিচালনা খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে, অথচ তারা সুযোগ পেলেই নতুন মাদ্রাসা খুলতে থাকেন। তারা ব্যক্তিগত সুবিধা নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো থেকে বড় অঙ্কের অর্থ সরিয়ে নেন। প্রায়শই তাদের পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্যকে বিভিন্ন পদে নিয়োগ করে থাকেন। স্বল্পসময়ের মধ্যেই কে কতো বেশী ব্যক্তিগত সুবিধা ভোগ করবে তা নিয়ে প্রায়ই তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ  দেখা যায়। পরিতাপের বিষয় হলো কিভাবে মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা উন্নত করা যায়, সে সম্পর্কে তাদের মধ্যে কোনো রকম আলাপ আলোচনা বা চিন্তাভাবনা কার্যত অনুপস্থিত।  
এটা সত্য যে কিছু মাদ্রাসা কমিউনিটির মধ্যে অনেক ইতিবাচক প্রভাব ও অবদান রেখেছে । তবে অধিকাংশ মাদ্রাসাই দাপুটে খামখেয়ালী, স্বার্থপর এবং অযোগ্য ব্যক্তিদের দ্বারা অপব্যবস্থাপনার শিকার হয়েছে, যারা প্রতারণা ও মানুষের আস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে  আখের গুছিয়ে এই প্রতিষ্ঠানগুলো অচলাবস্থায় নিয়ে এসেছে।
আমি কমিউনিটির সকলকে অনুরোধ করছি এই তথাকথিত আলেমদের পাতা ফাঁদগুলো যেন তারা বুঝতে পারেন। আপনাদের কষ্টার্জিত টাকা সঠিকভাবে সঠিক কাজে লাগানো হচ্ছে কিনা তা নিশ্চিত না হয়ে আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ তাদের হাতে তুলে দেবেন না । আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে কোনো প্রকল্পে দান করার আগে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন :   
১. কাছাকাছি অন্য কোনো মসজিদ বা মাদ্রাসা আছে কি? স্তানীয় লোকেরা জড়িতো আছেন কিনা?
২. তারা কেন বিদ্যমান মসজিদ বা প্রতিষ্ঠানের সাথে যোগ দিতে পারে না বা যোগ দিচ্ছেনা?
৩. সংস্থাটির কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং এর জন্য অনুমোদিত স্বাক্ষরকারী কারা?
৪. তারা কি সংস্থার আর্থিক প্রতিবেদন সরবরাহ করে?
৫. তারা কি অন্য কোনো মসজিদ পরিচালনা করছেন? যদি করেন, তাহলে দয়া করে সেটির নাম এবং ঠিকানা জানুন। জেনে নিন তারা কতটাকা ঋণ নিয়েছেন এবং পরিশোধ করেছেন কিনা? বর্তমানে তাদের অ্যাকাউন্ট কতটাকা আছে?
৬. তাদের মসজিদের আর্থিক অবস্থা কেমন? তাদের কি কোনো বকেয়া ঋণ আছে?
৭. তারা বর্তমানে আর কতগুলো মসজিদ বা সংস্থা পরিচালনা করছেন, এবং কেন?
৮. ⁠তাদের ব্যক্তিগত উদ্দেশ্য কি? তাদের কি কোন স্বার্থ জড়িত আছে?
বিনীত: আব্দুল আজিজ ভূঁইয়া ।
৯১৭-৯৪৫-৬০৪৪
পরিচিতি: Chairman BOT, Hillside Islamic Center
Chairperson: Muslim Community of Nassau County (MCNC)
Board member: Majlis Ash-Shura

সর্বশেষ

advert

সর্বশেষ