- মাইক্রোসফট, এফএএ, চেজ ব্যাংক, ইউনাইটেড এয়ারলাইন্স, এনএসএ ও অ্যাপলের সিস্টেমে সমস্যা
- উদ্বেগের মধ্যে ব্যাখ্যা চাইছেন আইনপ্রণেতারা, সমন্বিত সাইবার হামলার প্রমাণ নেই
মাত্র পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একের পর এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থায় বিপর্যয়ের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাইক্রোসফটের বৈশ্বিক অনলাইন সেবা বন্ধ হয়ে যাওয়ার পর দেশব্যাপী বিমান চলাচল স্থগিত, বড় ব্যাংকগুলোর লেনদেনে সমস্যা, ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট আটকে যাওয়া এবং জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিঘ্নের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) অ্যাপলের একাধিক সেবাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ধারাবাহিক এসব ঘটনায় লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়েছে। এত অল্প সময়ে বড় বড় প্রতিষ্ঠানের প্রযুক্তিগত বিপর্যয়ের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাও। তবে এখন পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে কোনো সমন্বিত সাইবার হামলা কিংবা পারস্পরিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।
মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিনের ব্যবধানে দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল ব্যবস্থাগুলোতে ধারাবাহিক সমস্যা দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রযুক্তিনির্ভর অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিমানবন্দরে আটকে পড়া যাত্রী, ব্যাংকিং লেনদেনে সমস্যায় পড়া গ্রাহক এবং অনলাইন সেবা ব্যবহার করতে না পারা কর্মজীবী মানুষ জানতে চাইছেন, কেন একের পর এক গুরুত্বপূর্ণ সিস্টেমে বিপর্যয় ঘটছে।
ঘটনার শুরু বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত সমস্যা দিয়ে। প্রতিষ্ঠানটির আউটলুক, টিমসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার কাজে বিঘ্ন ঘটে। প্রায় এক দিনের বেশি সময় ধরে চলা সমস্যার পর শনিবার মাইক্রোসফট জানায়, সব সেবা স্বাভাবিক হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণেই বিপর্যয় ঘটেছিল। এর সঙ্গে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো এজেন্টের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এরপর শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগ নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় দেশজুড়ে প্রায় পাঁচ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ রাখতে হয়। এতে তিন দিনে ১৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং বহু ফ্লাইট বিলম্বিত হয়। নিউইয়র্কের জেএফকে, লাগার্ডিয়া ও নিউ জার্সির নিউয়ার্কসহ দেশের বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়।
এফএএর প্রাথমিক তদন্তে জানা গেছে, আরকানসাসের এল ডোরাডো এলাকার একটি যোগাযোগ স্থাপনায় রাউটার স্থাপনের কাজ চলাকালে অস্বাভাবিক ডেটা প্রবাহ তৈরি হয়। এতে পুরোনো যোগাযোগ নেটওয়ার্কে সমস্যা ছড়িয়ে পড়ে। দেশের ২২টি এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে ১৭টিতে যোগাযোগব্যবস্থা অস্থিতিশীল হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে দেশব্যাপী গ্রাউন্ড স্টপ জারি করা হয়। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
শুক্রবারের বিমান যোগাযোগ বিপর্যয়ের প্রভাব পুরোপুরি কাটার আগেই সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোর অনলাইন সেবায় সমস্যা দেখা দেয়। জেপি মরগান চেজ ব্যাংকের গ্রাহকরা অ্যাকাউন্টে প্রবেশ, ব্যালেন্স দেখা এবং অর্থ স্থানান্তর করতে সমস্যায় পড়েন। ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক, ওয়েলস ফার্গোসহ কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকরাও লেনদেনে সমস্যার অভিযোগ করেন।
চেজ ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব সফটওয়্যারের একটি ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে বিলম্ব হয়েছে। অন্য ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত লেনদেনেও এর প্রভাব পড়ে। তবে সব ব্যাংকের নিজস্ব সিস্টেম অচল হয়ে পড়েনি। ব্যাংক অব আমেরিকাসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্বাভাবিক থাকার কথা জানিয়েছে।
একই দিন বিকেলে ইউনাইটেড এয়ারলাইন্সের নিজস্ব কম্পিউটার সিস্টেমেও সমস্যা দেখা দেয়। উড়োজাহাজের ওজন ও ভারসাম্যসংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রস্তুতে অসুবিধার কারণে কিছু ডিপার্চার ফ্লাইট আটকে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সমস্যা সমাধান করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আকাশে থাকা উড়োজাহাজ এবং ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটগুলো এই সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়নি।
মঙ্গলবার সকালে নতুন উদ্বেগ তৈরি হয় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়ের ঘটনায়। গোপনীয় তথ্য আদানপ্রদানে ব্যবহৃত এনএসএনেট সাময়িকভাবে অচল হয়ে পড়ে। সংস্থাটি জানিয়েছে, পূর্বনির্ধারিত রক্ষণাবেক্ষণের সময় এই সমস্যা দেখা দেয়। তবে কিছু অভ্যন্তরীণ সিস্টেমে বিঘ্ন ঘটলেও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল ছিল।
মঙ্গলবার অ্যাপলের একাধিক সেবায়ও সমস্যা দেখা দেয়। অ্যাপল পে, আইক্লাউড, অ্যাপ স্টোরসহ বিভিন্ন সেবা ব্যবহার করতে অসুবিধার অভিযোগ করেন গ্রাহকরা। অ্যাপল জানিয়েছে, অভ্যন্তরীণ সিস্টেম আপডেটের পর সমস্যাটি দেখা দিয়েছিল। সন্ধ্যার মধ্যে সব সেবা স্বাভাবিক করা হয়।
এত অল্প সময়ের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাগুলোতে ধারাবাহিক বিপর্যয়ের ঘটনায় কংগ্রেসের সদস্যরাও উদ্বেগ প্রকাশ করেছেন। মিসৌরির রিপাবলিকান সিনেটর জশ হাওলি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আসলে কী ঘটছে, সে বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া প্রয়োজন। এসব ঘটনা নিছক কাকতালীয় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ঘটনাগুলো পুরোপুরি অবকাঠামোগত সমস্যার কারণে ঘটছে, নাকি এর পেছনে অন্য কোনো তৎপরতা রয়েছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রযুক্তিগত সমস্যাগুলোকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। বড় ও শক্তিশালী ব্যবস্থায় এ ধরনের সমস্যা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন মঙ্গলবার সিএনবিসিকে জানিয়েছেন, সাম্প্রতিক বিপর্যয়গুলো সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর মতে, বিভিন্ন প্রতিষ্ঠান পুরোনো কম্পিউটার ব্যবস্থার ওপর নতুন প্রযুক্তি ও সফটওয়্যার যুক্ত করছে। এতে কখনো কখনো পুরোনো সিস্টেম অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সমস্যায় পড়ছে।
মুলিন বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের আগে পুরোনো অবকাঠামো যথাযথভাবে আধুনিকায়ন করা প্রয়োজন। নির্ধারিত রক্ষণাবেক্ষণ বা আপডেটের কারণে সেবায় বিঘ্নের আশঙ্কা থাকলে গ্রাহকদের আগাম জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আধুনিক ব্যাংকিং, বিমান চলাচল, ব্যবসা ও সরকারি কার্যক্রম পরস্পর সংযুক্ত সফটওয়্যার এবং যোগাযোগ নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। ফলে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থায় সমস্যা দেখা দিলে এর প্রভাব বহু প্রতিষ্ঠান ও গ্রাহকের ওপর পড়তে পারে।
তবে সাম্প্রতিক ঘটনাগুলোর প্রযুক্তিগত কারণ এক নয়। মাইক্রোসফটের সিস্টেমে সমস্যা, এফএএর যোগাযোগ নেটওয়ার্কে অতিরিক্ত ডেটা প্রবাহ, চেজ ব্যাংকের সফটওয়্যার ত্রুটি এবং অ্যাপলের অভ্যন্তরীণ আপডেটের কারণে পৃথকভাবে সেবা ব্যাহত হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।
এদিকে পাঁচ দিনের এই ধারাবাহিক বিপর্যয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো কতটা নির্ভরযোগ্য এবং বড় ধরনের কারিগরি সমস্যার সময় বিকল্প ব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। সরকারি কর্মকর্তারা সাইবার হামলার আশঙ্কা নাকচ করলেও আইনপ্রণেতারা পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাইছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নিজেদের প্রযুক্তিগত অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছে।