নিউইয়র্কে স্কুল, হাসপাতাল সহ সিটির সকল কর্মসূচিতে হালাল খাবার সরবরাহ বৃদ্ধির নির্দেশ
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১
ছবি: প্রতীকী ও সংগৃহীত
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল, হাসপাতাল, শেল্টার ও প্রবীণদের খাদ্য সহায়তা কর্মসূচিতে হালালসহ ধর্মীয় বিধান অনুযায়ী খাবার সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিটি প্রশাসন। মুসলিমদের জন্য হালাল এবং ইহুদি ধর্মাবলম্বীদের জন্য তাঁদের ধর্মীয় নিয়ম মেনে তৈরি খাবার আরও সহজলভ্য ও নিয়মিত করতে বুধবার (১৮ নভেম্বর) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। এর আওতায় স্কুলের শিক্ষার্থী, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, শেল্টারে আশ্রয় নেওয়া ব্যক্তি এবং সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির ওপর নির্ভরশীল প্রবীণরা নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খাবার পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা পাবেন বলে আশা করছে সিটি প্রশাসন। বর্তমানে সিটির বিভিন্ন সরকারি সংস্থা প্রতিবছর ২২ কোটির বেশি খাবার ও স্ন্যাকস সরবরাহ করে থাকে। বুধবার নিউইয়র্ক সিটি মেয়রের অফিস ও পিক্স১১-এর প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র মামদানি নির্বাহী আদেশ নম্বর ২৫-এ স্বাক্ষর করেছেন। এতে সিটির বিভিন্ন সংস্থাকে ধর্মীয় খাদ্যবিধি অনুসরণকারী মানুষের জন্য উপযুক্ত খাবার সরবরাহের ব্যবস্থা আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন উদ্যোগের আওতায় মুসলিমদের জন্য হালাল এবং ইহুদি ধর্মাবলম্বীদের জন্য কোশার খাবারের প্রাপ্যতা বাড়ানো হবে। কোশার হচ্ছে ইহুদি ধর্মের নিয়ম মেনে প্রস্তুত খাবার। মুসলিমদের হালাল খাবারের মতো ইহুদি ধর্মেও কোন খাবার খাওয়া যাবে এবং কীভাবে তা প্রস্তুত করতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট ধর্মীয় বিধান রয়েছে। তবে হালাল ও কোশার খাবার প্রস্তুতের সব নিয়ম এক নয়। মেয়র মামদানি বলেছেন, নিউইয়র্ক সিটি প্রশাসন যে খাবার সরবরাহ করে, তাতে এখানকার মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন থাকা প্রয়োজন। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খাবারের উপাদান বা প্রস্তুতপ্রক্রিয়া সামঞ্জস্যপূর্ণ নয় বলে কোনো নিউইয়র্কবাসীকে পুষ্টিকর খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, সিটি প্রশাসন প্রতিবছর ২২ কোটির বেশি খাবার ও স্ন্যাকস সরবরাহ করে। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে কমিউনিটি সেন্টারের প্রবীণ ব্যক্তিরা এসব খাবারের ওপর নির্ভর করেন। তাঁদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের পাশাপাশি ধর্মীয় বিধান অনুযায়ী খাবার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বর্তমানে নিউইয়র্ক সিটির কিছু সরকারি কর্মসূচিতে অনুরোধের ভিত্তিতে হালাল ও ইহুদি ধর্মীয় নিয়ম মেনে তৈরি খাবার দেওয়া হয়। তবে সব স্কুল, হাসপাতাল কিংবা শেল্টারে একই ধরনের ব্যবস্থা নেই। অনেক ক্ষেত্রে খাবার পাওয়া যাবে কি না, তা আগে থেকে জানা কঠিন হয়। নতুন নির্দেশিকার মাধ্যমে এসব কর্মসূচিতে আরও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাহী আদেশ অনুযায়ী, মেয়রের অফিস অব ফুড পলিসিকে আগামী ১৭ নভেম্বর ২০২৭ সালের মধ্যে বিস্তারিত নির্দেশিকা তৈরি করতে হবে। এতে ধর্মীয় নিয়ম অনুযায়ী প্রস্তুত খাবারের গ্রহণযোগ্য সার্টিফিকেশন, খাবার ও উপাদানের স্পষ্ট লেবেলিং এবং সরকারি খাদ্য কর্মসূচির সুবিধাভোগীদের মতামত সংগ্রহের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে কোনো খাবার হালাল কিংবা ইহুদি ধর্মীয় বিধানসম্মত হিসেবে পরিবেশন করা হলে তা সঠিকভাবে যাচাই করার ব্যবস্থা রাখা হবে। খাবারের প্যাকেট ও পরিবেশনের স্থানে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হবে, যাতে শিক্ষার্থী, রোগী কিংবা অন্য সুবিধাভোগীরা নিজেদের জন্য উপযুক্ত খাবার সহজে শনাক্ত করতে পারেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের চ্যান্সেলর কামার স্যামুয়েলস জানিয়েছেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি সম্মান রেখে পুষ্টিকর খাবার সরবরাহ করা সিটি শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন নির্দেশিকার মাধ্যমে স্কুলগুলোর বিদ্যমান খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করার সুযোগ তৈরি হবে। সিটির ডিপার্টমেন্ট ফর দ্য এজিং প্রতিবছর প্রবীণ নিউইয়র্কবাসীদের জন্য এক কোটির বেশি খাবার সরবরাহ করে। সংস্থাটির কমিশনার ডা. লিসা স্কট-ম্যাকেঞ্জি বলেছেন, প্রবীণদের ধর্মীয় ও সাংস্কৃতিক চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সহায়ক হবে। শুধু স্কুল, হাসপাতাল ও শেল্টার নয়, সিটির সংশোধনাগারগুলোতেও ধর্মীয় বিধানমাফিক খাবার সরবরাহের বিষয়টি গুরুত্ব পাবে। কারেকশন বিভাগের কমিশনার স্ট্যানলি রিচার্ডস জানিয়েছেন, সংশোধনাগারে থাকা ব্যক্তিরাও যাতে নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খাবার পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে। মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুসলিম ও ইহুদি কমিউনিটির প্রতিনিধিরা। মজলিস আশ-শুরা অব মেট্রোপলিটন নিউইয়র্কের প্রেসিডেন্ট ইমাম আবদুল্লাহ বলেছেন, সরকারি খাদ্য কর্মসূচিতে হালাল খাবারের প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি এর যথাযথ মান নিশ্চিত করা জরুরি। কাউন্সিল অব পিপলস অর্গানাইজেশনের (কোপো) প্রধান নির্বাহী মোহাম্মদ রাজভি বলেছেন, ধর্মীয় বিধান অনুযায়ী খাবার পাওয়ার বিষয়টি কেবল ব্যক্তিগত পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের ধর্মীয় বিশ্বাস ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত। তাঁর সংগঠন দীর্ঘদিন ধরে নিউইয়র্কে হালাল খাবার বিতরণ ও খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। একইভাবে ইহুদি কমিউনিটির সংগঠন ইউজেএ ফেডারেশন অব নিউইয়র্ক এবং জুইশ কমিউনিটি কাউন্সিল অব গ্রেটার কোনি আইল্যান্ড এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেছেন, সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল প্রবীণ ও অন্যান্য মানুষের জন্য ধর্মীয় বিধান অনুযায়ী খাবার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি প্রশাসন জানিয়েছে, নতুন নির্দেশিকা তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে সব সরকারি কর্মসূচিতে অবিলম্বে নতুন খাবার সরবরাহ শুরু হচ্ছে না। প্রথমে অভিন্ন নির্দেশিকা তৈরি করা হবে এবং পরে সংস্থাগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। মেয়র মামদানির এই সিদ্ধান্ত নিউইয়র্ক সিটির দীর্ঘমেয়াদি খাদ্যনীতি ‘ফুড ফরওয়ার্ড এনওয়াইসি’র অংশ। এর মাধ্যমে সিটির পাঁচ বরোতে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের মানুষ যাতে সরকারি খাদ্য কর্মসূচি থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার পেতে পারেন, সেই ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সিটি প্রশাসন।