নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
সাইবার হামলার প্রমাণ নেই
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন তথ্য আদানপ্রদানের অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংস্থাটির ‘এনএসএনেট’ নামে পরিচিত বিশেষ নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। এর মাধ্যমে এনএসএর কর্মীরা অত্যন্ত গোপনীয় ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করেন। নির্ধারিত রুটিন মেইনটেন্যান্স চলাকালে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে এনএসএ। তবে কিছু অভ্যন্তরীণ সিস্টেম ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে সাইবার হামলা কিংবা নাশকতার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিএনএন ও রয়টার্সের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, এনএসএর অভ্যন্তরীণ গোপন যোগাযোগ নেটওয়ার্কের কার্যক্রমে বিঘ্নের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এনএসএনেটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা শ্রেণিবদ্ধ গোপনীয় তথ্য আদানপ্রদান করেন। এনএসএ এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বনির্ধারিত নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে কিছু সিস্টেমের কার্যক্ষমতা কমে যায়। তবে সংস্থাটির জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অক্ষত রয়েছে। সংস্থাটি আরও জানায়, পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কিংবা অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার সময়ও কার্যক্রম চালু রাখার জন্য তাদের অবকাঠামোয় একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে জরুরি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। তবে ঠিক কোন প্রযুক্তিগত সমস্যার কারণে নেটওয়ার্কে বিপর্যয় ঘটেছে, কতটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতক্ষণ ধরে সমস্যা চলেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এনএসএ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে পরিচিত ছয়জন ব্যক্তির কাছ থেকে এনএসএনেটের সমস্যার তথ্য পাওয়া গেছে। প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে সংস্থাটি কর্মীদের অফিসে আসার সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনে। জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করতে বলা হলেও অন্যদের পর্যায়ক্রমে কর্মস্থলে আসার নির্দেশ দেওয়া হয়। সংস্থাটির অভ্যন্তরীণ সতর্কতা ব্যবস্থায় পরিস্থিতিকে ‘কোড ইয়েলো’ হিসেবে চিহ্নিত করা হয়। এটি কর্মীদের উপস্থিতি ব্যবস্থাপনার তিন স্তরের সতর্কতা পদ্ধতির দ্বিতীয় সর্বোচ্চ পর্যায় বলে জানিয়েছে সিএনএন। এদিকে এনএসএর যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিলেও বিদেশে অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি গোয়েন্দা তথ্য আদানপ্রদানে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা। তাঁদের মতে, যুক্তরাষ্ট্র সরকারের একাধিক বিকল্প নিরাপদ যোগাযোগব্যবস্থা রয়েছে। সিএনএন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত ‘ফাইভ আইজ’ গোয়েন্দা তথ্য বিনিময় ব্যবস্থাও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। গত কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থায় একাধিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগব্যবস্থায় কারিগরি সমস্যার কারণে দেশব্যাপী কয়েক ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ রাখতে হয়। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। সোমবার (১৬ নভেম্বর) জেপি মরগান চেজ ব্যাংকের সফটওয়্যার ত্রুটির কারণে ব্যাংকিং লেনদেনে সমস্যা দেখা দেয়। এর প্রভাব অন্য কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত লেনদেনেও পড়ে। একই দিনে ইউনাইটেড এয়ারলাইন্সের নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থায় প্রায় দেড় ঘণ্টার সমস্যা দেখা দেওয়ায় ডিপার্চার ফ্লাইট বিলম্বিত হয়। এর আগে মাইক্রোসফটের আউটলুক ও টিমস সেবায় বৈশ্বিক প্রযুক্তিগত বিপর্যয় ঘটে। মঙ্গলবার অ্যাপলের অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও অ্যাপলকেয়ারসহ কয়েকটি সেবাও অভ্যন্তরীণ আপডেটজনিত সমস্যায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে এসব ঘটনার মধ্যে কোনো সমন্বিত সাইবার হামলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিটি ঘটনায় পৃথক প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটন বলেন, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলো কোনো বিদেশি রাষ্ট্রের সমন্বিত সাইবার হামলার ফল নয়। তাঁর মতে, বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান পুরোনো প্রযুক্তি ও সফটওয়্যার আপগ্রেড করার সময় এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তিনি বলেন, বহু প্রতিষ্ঠানের পুরোনো প্রযুক্তিগত অবকাঠামোয় দুর্বলতা রয়েছে। নতুন প্রযুক্তির সঙ্গে এসব ব্যবস্থার সমন্বয় করতে গিয়ে সাময়িক সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের ডিজিটাল অবকাঠামো আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফিলিপাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক প্রযুক্তিগত সমস্যাগুলোকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, প্রযুক্তিগত ব্যবস্থায় এমন সমস্যা ঘটতে পারে। এনএসএর গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়ের ঘটনার কারণ এবং ক্ষতির পূর্ণাঙ্গ পরিসর এখনো প্রকাশ করা হয়নি। সংস্থাটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কার্যক্রম সচল থাকার কথা জানালেও অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, সে বিষয়ে সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।