ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার শঙ্কা, সতর্কবার্তা

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০১:০৬
...

ইরান-ইসরায়েল সংঘাত নবম দিনে গড়িয়েছে। শনিবারও পাল্টাপাল্টি হামলায় কেঁপে ওঠে মধ্যপ্রাচ্য। ইসরায়েলি বাহিনী তেহরান, খুজেস্তানসহ ইরানের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিদিনই হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকরা।

ইরানের অভিযোগ, ইসরায়েল তাদের সামরিক কমান্ডারদের টার্গেট করে পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনও পক্ষ সমঝোতার ইঙ্গিত দেয়নি। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ও দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ।

ইসরায়েলের সেনাপ্রধান হেরজি হেলেভি ও সামরিক প্রধান ইয়াল জামির উভয়েই বলেছেন, তাদের দেশকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েল এই সংঘাতে এককভাবে পিছু হটবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত যত দীর্ঘায়িত হবে, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও উন্নয়ন তত হুমকির মুখে পড়বে। গারগাশ বলেন, “উপসাগরীয় অঞ্চলে যে আঞ্চলিক স্থিতিশীলতা গড়ে তোলা হচ্ছিল, এই যুদ্ধ সেই কাঠামোকে ভেঙে ফেলছে।”

তিনি মনে করিয়ে দেন, ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্য কিভাবে অস্থিতিশীল হয়ে পড়ে—এই ইতিহাস যেন কেউ ভুলে না যায়। বর্তমানে হরমুজ প্রণালীকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানকে টার্গেট করে, তাহলে উপসাগরীয় দেশগুলোর সামনে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে—তারা ইরানের পাশে থাকবে, নাকি ইসরায়েল ও পশ্চিমা জোটের সঙ্গে অবস্থান নেবে। এ ধরনের সংঘাত এই অঞ্চলের জ্বালানি রপ্তানি, বিমান চলাচল এবং নিরাপত্তা অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ইরান শনিবার ভোরে মধ্য ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সামরিক পদক্ষেপে সরাসরি যুক্ত হয়, তাহলে তা এই অঞ্চলের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে।”

তবে যুক্তরাষ্ট্রের অবস্থান এই মুহূর্তে দ্ব্যর্থপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ইসরায়েলকে হামলা থামাতে চাপ দেবেন—এমন সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, “ইরানের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তবে অনুরোধ জানানো সহজ নয়।” ট্রাম্প আরও বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনও প্রমাণ নেই।” এই বক্তব্য দেওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডকে প্রকাশ্যে তিরস্কার করেন। পরে গ্যাবার্ড তার বক্তব্য সংশোধন করে বলেন, “ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, তিনি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। পেজেশকিয়ান তাকে আশ্বস্ত করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে না।

এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) সতর্ক করেছে, ইসরায়েলি হামলার কারণে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক ঝুঁকি তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত সাইটের বাইরে তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ধরা পড়েনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আবারও সব পক্ষকে কূটনৈতিক সমাধানে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা যে মাত্রায় গড়াবে, তা নিয়ন্ত্রণে রাখা কারও পক্ষেই সম্ভব হবে না।”

সর্বশেষ

advert

সর্বশেষ