নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
কংগ্রেসে জনসন-জেফ্রিজের সৌহার্দ্য এখর দ্বৈরথ পরিণত
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:০১
Picture credit: POLITICO
একসময় পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার উদাহরণ হিসেবে তুলে ধরা হতো হাউস স্পিকার মাইক জনসন ও ডেমোক্র্যাটিক মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের সম্পর্ক। দ্বিদলীয় সমঝোতার প্রশ্নে দু’জনই প্রকাশ্যে একে অপরের প্রশংসা করতেন। কিন্তু সেই অধ্যায় এখন অতীত। সম্পর্কের উষ্ণতা ঠান্ডা হয়ে এখন ব্যক্তিগত আক্রমণ ও তীব্র বাক্যযুদ্ধই কংগ্রেসের নতুন বাস্তবতা। খবর এক্সিওজ এর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের উত্তাপে চলতি বছর এই সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে। একদিকে নিউইয়র্কের ডেমোক্র্যাট হাকিম জেফ্রিজ নিজের দলের ঘাঁটি থেকে ‘ফুল রেজিস্ট্যান্স’-এর চাপের মুখে, অন্যদিকে লুইজিয়ানার রিপাবলিকান জনসন সাবেক ও বর্তমান প্রভাবশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিয়ন্ত্রণে। ফলে সংঘাত কমানোর তাগিদ কোনো পক্ষেরই তেমন নেই। এই টানাপোড়েনের ফল ইতোমধ্যেই দৃশ্যমান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন এবং মধ্যবর্তী সময়ে নজিরবিহীন দলীয় পুননির্ধারণ উদ্যোগ সবকিছুর পেছনেই এই তিক্ত রাজনৈতিক বাস্তবতা কাজ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত বছর থেকেই রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি (এনআরসিসি) জেফ্রিজকে কটাক্ষ করে ‘তথাকথিত নেতা’ বলে আখ্যা দিতে শুরু করে। ডেমোক্র্যাট দলে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার খবরকে হাতিয়ার করে তারা ২০২৫ জুড়েই ধারাবাহিকভাবে এই ভাষা ব্যবহার করেছে। এক বিবৃতিতে বলা হয়, ‘তথাকথিত নেতা জেফ্রিজের বিরুদ্ধে মামদানি ঘরানার প্রার্থী চ্যালেঞ্জ ছুড়েছে’, আরেকটিতে দাবি করা হয়—‘হাকিম জেফ্রিজ নেতা নন, তিনি একজন জিম্মি।’ এসব বক্তব্যের পেছনে ছিল একাধিক ডেমোক্র্যাট কংগ্রেস প্রার্থীর জেফ্রিজকে স্পিকার হিসেবে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি না দেওয়ার ঘটনা। যদিও তৃণমূল পর্যায়ে কিছু অসন্তোষ থাকলেও, হাউস ডেমোক্র্যাটদের ভেতরে জেফ্রিজের প্রতি সমর্থন প্রায় সর্বসম্মতই রয়ে গেছে। ডেমোক্র্যাটদের পাল্টা আক্রমণ জোরালো হয় গত অক্টোবরে। নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প নাকি আড়ালে মজা করে বলেছিলেন ‘স্পিকার তো আসলে আমি, আর প্রেসিডেন্টও আমি।’ দীর্ঘ সরকারি শাটডাউনের মধ্যে, যেখানে জনসন ও জেফ্রিজ দু’জনই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ট্যাক্স ক্রেডিট ইস্যুতে অনড় ছিলেন, তখন এই মন্তব্য নতুন মাত্রা যোগ করে। পরের মাসেই জেফ্রিজ সংবাদ সম্মেলনে জনসনকে ‘ডেপুটি স্পিকার’ হিসেবে আখ্যা দিয়ে বলেন হাউস রিপাবলিকান কনফারেন্সের ওপর জনসনের কোনো নিয়ন্ত্রণই নেই। এরপর থেকে ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি (ডিসিসিসি) তাদের বিবৃতি ও ইমেইলে নিয়মিতভাবেই জনসনকে ‘ডেপুটি স্পিকার’ বলে উল্লেখ করছে। তবে এই তিক্ততার বিপরীতে একসময় সম্পর্কটা ছিল একেবারেই ভিন্ন। ২০২৪ সালে দু’জনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ছবি তুলে ধরেছিল অ্যাক্সিওস। তহবিল সংগ্রহের অনুষ্ঠানে জেফ্রিজ তখন জনসনের প্রশংসা করতেন, আর গুরুত্বপূর্ণ বহু বিল পাসে তারা একসঙ্গে কাজ করেছিলেন। কিন্তু ট্রাম্পের ক্ষমতায় ফেরাই সেই সমীকরণ ভেঙে দেয়। ডিসিসিসির মুখপাত্র জাস্টিন চেরমল বলেন, ‘আমরা তথ্যের ভিত্তিতেই কথা বলি। ডোনাল্ড ট্রাম্পের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে মাইক জনসন কার্যত ডেপুটি স্পিকারে পরিণত হয়েছেন, আর একজন চরমভাবে অজনপ্রিয় প্রেসিডেন্টের হাতে নিজের দলের দুর্বল সদস্যদের ভবিষ্যৎ তুলে দিচ্ছেন।’ রিপাবলিকান শিবিরও সমান তীব্র ভাষায় জবাব দিয়েছে। এনআরসিসির মুখপাত্র মাইক মারিনেলা বলেন, ‘ডেমোক্র্যাট পার্টি নেতৃত্বহীন। তথাকথিত নেতা জেফ্রিজ নিজের ককাসের ওপর কোনো নিয়ন্ত্রণই রাখেন না—যারা প্রকাশ্যেই তাকে অমান্য করে।’ এর মধ্যেই ট্রাম্প প্রকাশ্যে জনসনের প্রশংসা করে মে মাসে ক্যাপিটল হিলে বলেন, তিনি একজন ‘আসল ঐক্যবদ্ধকারী নেতা’ এবং ‘ওয়ান বিগ, বিউটিফুল বিল’ পাসে ‘চমৎকার কাজ’ করেছেন।