নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
ইমিগ্র্যান্ট ভিসা ও গ্রীনকার্ডে লাখ ডলারের বন্ড পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
পরিবারভিত্তিক ভিসা অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীদের পরিবারের সদস্যরা
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৫:০৮
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বৈধ ইমিগ্রেশনের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে আনার অপেক্ষায় থাকা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সিটিজেনদের বাংলাদেশে থাকা মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন এবং অন্য নিকটাত্মীয়দের অনেকেই বছরের পর বছর ধরে পরিবারভিত্তিক ইমিগ্র্যান্ট ভিসার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যেই বাংলাদেশি নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত থাকায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এখন নতুন করে আলোচনায় এসেছে নির্দিষ্ট কিছু ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর ক্ষেত্রে পাবলিক চার্জ বন্ড আরোপের ব্যবস্থা। কোনো কোনো ক্ষেত্রে এই বন্ডের পরিমাণ এক লাখ ডলার পর্যন্ত হতে পারে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। এপি, দ্য নিউইর্ক টাইমস, রয়টার্স সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, পরিবারভিত্তিক প্রত্যেক আবেদনকারীকে এক লাখ ডলার বন্ড দিতে হবে, এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি ইউএস স্টেট ডিপার্টমেন্ট। বরং ৫ আগস্ট প্রকাশিত নতুন নির্দেশনায় বিভাগটি জানিয়েছে, বিদ্যমান আইন ও বিধির অধীনে নির্দিষ্ট কিছু ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তা পাবলিক চার্জ বন্ডের আবেদন করতে বলতে পারবেন। বর্তমানে সীমিতসংখ্যক আবেদনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। প্রথমে নন ইমিগ্র্যান্ট ভিসায় যেরকম পাইলট প্রকল্পনুযায়ী কার্যকর হলে এখন থেকে সেটি বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক বন্ড চালু হয়েছে। ভবিষ্যতে ইমিগ্র্যান্ট ভিসায়ও এরকম কার্যকর হতে পারে বলে সম্ভ্যাব্য আশঙ্কা দেখা দিয়েছে। নিউজে আরো জানানো হয়, নতুন ব্যবস্থায় মূলত এমন আবেদনকারীরা নজরদারিতে থাকবেন, যাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে কনস্যুলার কর্মকর্তা মনে করেন। কোনো আবেদনকারী পাবলিক চার্জ সংক্রান্ত কারণে ভিসার জন্য অযোগ্য বিবেচিত হলে তিনি পর্যাপ্ত আর্থিক প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবেন। এর অতিরিক্ত পথ হিসেবে পাবলিক চার্জ বন্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বন্ড অনুমোদিত হলে এবং অন্য সব যোগ্যতা পূরণ হলে আবেদনকারীকে ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া সম্ভব হতে পারে। ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বন্ডের জন্য আবেদনকারী নিজ থেকে আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে তাকে জানানো হবে। বন্ডের পরিমাণও সবার জন্য এক হবে না। প্রতিটি আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপট মূল্যায়ন করে পরিমাণ নির্ধারণ করবেন কনস্যুলার কর্মকর্তা। অর্থাৎ এক লাখ ডলারের অঙ্কটি সর্বজনীন বাধ্যবাধকতা হিসেবে দেখা ঠিক হবে না। বাংলাদেশিদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এর আগেই ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর ওপর বড় ধরনের বাধা তৈরি হয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্ত পরিবারভিত্তিক ইমিগ্র্যান্ট ভিসাকেও প্রভাবিত করছে। বাংলাদেশি আবেদনকারীরা আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারছেন, এমনকি নতুন সাক্ষাৎকারও নির্ধারণ করা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট নির্দেশনা বহাল থাকা পর্যন্ত ভিসা ইস্যু স্থগিত রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সিটিজেনদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে যাদের মা বাবা বা স্বামী স্ত্রী বাংলাদেশে অবস্থান করছেন, তাদের অনেকেই আগে অপেক্ষা করছিলেন ভিসা সাক্ষাৎকার ও প্রক্রিয়া শেষ হওয়ার জন্য। এখন সাক্ষাৎকার সম্পন্ন হলেও ভিসা কখন ইস্যু হবে, সে বিষয়ে নিশ্চয়তা নেই। অন্যদিকে ভাই বোনের মতো পরিবারভিত্তিক প্রেফারেন্স ক্যাটাগরির আবেদনকারীদের অপেক্ষা এমনিতেই দীর্ঘ। নতুন আর্থিক যাচাই এবং বন্ড ব্যবস্থা ব্যাপকভাবে প্রয়োগ করা হলে সেই প্রক্রিয়া আরও কঠিন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগকে আরও বাড়িয়েছে নন ইমিগ্র্যান্ট ভিসায় বন্ড ব্যবস্থার সাম্প্রতিক সম্প্রসারণ। ৩ আগস্ট থেকে কার্যকর নতুন নিয়মে ৫০টি দেশের নির্দিষ্ট বি ১ এবং বি ২ ব্যবসা ও পর্যটন ভিসা আবেদনকারীর কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়ার ক্ষমতা পেয়েছেন কনস্যুলার কর্মকর্তারা। আগের পাইলট কর্মসূচিতে বন্ড ছিল ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার। নতুন স্থায়ী নিয়মে ৫ হাজার ডলারের ধাপ বাদ দিয়ে সর্বোচ্চ সীমা ২০ হাজার ডলার করা হয়েছে। তবে নন ইমিগ্র্যান্ট ভিসা বন্ড এবং ইমিগ্র্যান্ট ভিসার পাবলিক চার্জ বন্ড এক বিষয় নয়। পর্যটন ও ব্যবসা ভিসার বন্ডের উদ্দেশ্য মূলত ভিসার মেয়াদ শেষে আবেদনকারী যুক্তরাষ্ট্র ত্যাগ করেন কি না, সেটি নিশ্চিত করা। অন্যদিকে ইমিগ্র্যান্ট ভিসার পাবলিক চার্জ বন্ডের সঙ্গে যুক্ত রয়েছে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে বাংলাদেশি পরিবারগুলোর সামনে এখন দুটি স্তরের অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথমত, বাংলাদেশি নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু বর্তমানে স্থগিত। দ্বিতীয়ত, ভবিষ্যতে সেই স্থগিতাদেশ শিথিল হলেও নির্দিষ্ট আবেদনকারীর ক্ষেত্রে আরও কঠোর আর্থিক সক্ষমতা যাচাই এবং পাবলিক চার্জ বন্ড নতুন প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের অভিবাসী পরিবারের জন্য বড় অঙ্কের বন্ডের সম্ভাবনা উদ্বেগের কারণ। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রতিষ্ঠিত হয়েও যারা বছরের পর বছর মা বাবা, স্বামী স্ত্রী কিংবা ভাই বোনকে কাছে আনার অপেক্ষায় রয়েছেন, তাদের কাছে পরিবার পুনর্মিলনের পথ এখন আর শুধু দীর্ঘ নয়, আর্থিকভাবেও আরও কঠিন হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, পরিবারভিত্তিক সব ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর জন্য এক লাখ ডলার বন্ড বাধ্যতামূলক হয়নি। নতুন পাবলিক চার্জ বন্ড ব্যবস্থা আপাতত নির্বাচিত আবেদনের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। কিন্তু ভিসা স্থগিতাদেশ, আর্থিক সক্ষমতা যাচাই এবং বন্ড নীতির ধারাবাহিক সম্প্রসারণ ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের অধীনে বৈধ পরিবারভিত্তিক ইমিগ্রেশনের পথও আগের তুলনায় অনেক বেশি কঠোর যাচাইয়ের মধ্যে প্রবেশ করছে।