নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
সিলেটে ট্রিপল মার্ডার: সিসি ক্যামেরার লাল জামা থেকে যেভাবে সন্দেহভাজনের সন্ধান পেল পুলিশ
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৮
ছবি: সংগৃহীত
সিলেটের রায়নগরে নিজ বাসায় বৃদ্ধ ব্যবসায়ী, তার স্ত্রী ও গৃহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘরের সিসি ক্যামেরায় গৃহকর্মীর সঙ্গে লাল জামা পরা এক ব্যক্তির প্রবেশ, এরপর হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যাওয়া এবং স্থানীয় একজনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করার সূত্র ধরে বাবুল মিয়া নামে এক রঙ মিস্ত্রিকে আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তিনজনকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যায় ব্যবহৃত ছুরিটি এখনো উদ্ধার হয়নি। বুধবার ১২ আগস্ট সকালে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় খুন হন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহকর্মী তাহমিনা বেগম। আব্দুস সাত্তারের বয়স ৯০ বছর, সুরাইয়া বেগমের ৭২ এবং তাহমিনার ২৫ বছর। সকালে প্রতিবেশীরা বাসার দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে সন্দেহ করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। শুরুতে হত্যাকাণ্ডের কারণ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। ডাকাতি, পারিবারিক বিরোধ কিংবা সম্পত্তিসংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, এমন একাধিক সম্ভাবনা সামনে রেখে তদন্ত শুরু করে পুলিশ। তবে বাসার ভেতরের সিসি ক্যামেরার একটি ফুটেজ তদন্তের মোড় ঘুরিয়ে দেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিলেট কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকিরের ভাষ্য অনুযায়ী, সিসি ক্যামেরার ফুটেজে গৃহকর্মী তাহমিনার সঙ্গে লাল জামা পরা একজন ব্যক্তিকে বাসায় প্রবেশ করতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। সেই ফুটেজ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে স্থানীয় একজন ফুটেজ দেখে ওই ব্যক্তিকে বাবুল মিয়া হিসেবে শনাক্ত করেন। এরপর রায়নগর রাজবাড়ির আক্তার মিয়ার কলোনিতে বাবুলের বাসার আশপাশে সাদা পোশাকে অবস্থান নেয় পুলিশ। মরদেহ উদ্ধারের কার্যক্রম শেষ হওয়ার পর বাবুল বাসায় ফিরলে তাকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, তখনও তার গায়ে ফুটেজে দেখা লাল জামাটি ছিল। তার দুই হাতেও ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছেন ওসি। পুলিশ জানিয়েছে, বাবুল পেশায় রঙ মিস্ত্রি এবং মাঝেমধ্যে কসাইয়ের কাজও করতেন। তিনি আগে ওই বাসায় রঙের কাজ করেছেন। সেই সূত্রেই গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন বলে দাবি পুলিশের। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল প্রায় ৯টার দিকে বাবুল ওই বাসায় যান। তাহমিনা তাকে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে দেন। পরে তারা একটি কক্ষে যান। পুলিশের দাবি, সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তাহমিনা এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ধস্তাধস্তি হয়। তখন বাবুল তার কাছে থাকা ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঘটনাস্থলেই তাহমিনার মৃত্যু হয় বলে পুলিশের ভাষ্য। তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে আব্দুস সাত্তার ঘর থেকে বেরিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে। তিনজনকে হত্যার পর মূল দরজা ব্যবহার না করে বাসার বারান্দা দিয়ে বাবুল বেরিয়ে যান বলে পুলিশের দাবি। হত্যায় ব্যবহৃত ছুরিটি বাসার পাশের একটি জঙ্গলাকীর্ণ মাঠে ফেলে দেওয়ার কথা তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে পুলিশ বলছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলেও প্রাথমিকভাবে ছুরিটি পাওয়া যায়নি। ঘটনার পর বাবুল এলাকা ছেড়ে পালিয়ে যাননি। বরং রায়নগর এলাকাতেই অবস্থান করছিলেন। ঘটনার প্রায় চার ঘণ্টার মধ্যে তাকে আটক করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর ভাষ্য অনুযায়ী, বাবুল রঙ মিস্ত্রির পাশাপাশি মাঝেমধ্যে কসাইয়ের কাজ করতেন। কসাইয়ের কাজে ব্যবহারের জন্য তার কাছে থাকা ছুরিই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের অন্যান্য আলামত পরীক্ষা এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।