নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
বাংলাদেশ সোসাইটির নির্বাচন : সভাপতি পদে ৬ হাজার, সম্পাদক পদে ৫ হাজার ডলার জামানত
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৮
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবার ভোটার সংখ্যা ৩৫ হাজারের বেশি হওয়ায় নির্বাচনটি বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে নির্ধারিত অঙ্কের জামানত জমা দিতে হবে। সভাপতি পদে সর্বোচ্চ ৬ হাজার ডলার জামানত নির্ধারণ করা হয়েছে। সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫ হাজার ডলার, সহসভাপতি পদে ৪ হাজার ৫০০ ডলার, সহসাধারণ সম্পাদক পদে ৩ হাজার ২০০ ডলার এবং কোষাধ্যক্ষ পদে ৩ হাজার ডলার জমা দিতে হবে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জামানত ২ হাজার ৫০০ ডলার। অন্যান্য পদে ২ হাজার ডলার করে এবং কার্যকরী সদস্য পদে ১ হাজার ৫০০ ডলার জামানত দিতে হবে। নির্বাচন কমিশন জানায়, এসব জামানতের অর্থ ফেরতযোগ্য নয়। মনোনয়নপত্র সংগ্রহের জন্যও প্রার্থীদের ৫০০ ডলার ফি দিতে হবে। গত মঙ্গলবার ১১ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। এ সময় নির্বাচন কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, আহবাব চৌধুরী খোকন, রুহুল আমিন সরকার, মিয়া মোহাম্মদ দুলাল ও মিঠু হামিদ উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী, আগামী ২৫ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ আগস্ট। ওই দিন বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উডসাইডের কুইন্স প্যালেসে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা বা মনোনয়ন সংক্রান্ত আপিল করা যাবে ২ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, ভোটারের সংখ্যা বিবেচনায় এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় হতে যাচ্ছে। বর্তমানে ভোটার তালিকায় প্রায় ৩৫ হাজার ৩২১ জনের নাম রয়েছে। তবে এ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। ভোটার তথ্য সংশোধনের জন্য ১৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তিনি জানান, ভোটগ্রহণের জন্য প্রাথমিকভাবে পাঁচটি কেন্দ্র নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রগুলো চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। ভোটারদের নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে হবে এবং ভোট দেওয়ার সময় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক থাকবে। নির্বাচন কমিশনের ভাষ্য, ‘নো আইডি, নো ভোট’ নীতিতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিকভাবে ২ লাখ ৬০ হাজার ডলারের বাজেট ধরা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এর মধ্যে ভোটগ্রহণের মেশিনের পেছনেই প্রায় ৯০ হাজার ডলার ব্যয় হতে পারে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে তিনি প্রার্থী, ভোটার ও কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। নির্বাচনকে সামনে রেখে কমিউনিটিতে ইতোমধ্যে প্রচারণা ও আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ রাব্বীর নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া দুটি প্যানেল তাদের সাংগঠনিক প্রস্তুতি ও প্রচারণা শুরু করেছে। একটি প্যানেলে সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং সহসভাপতি পদে কামরুজ্জামান কামরুল রয়েছেন। অন্য প্যানেলে সভাপতি পদে আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ, সিনিয়র সহসভাপতি পদে দুলাল বেহেদু এবং সহসভাপতি পদে কালাম ভূঁইয়া রয়েছেন। তবে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই এবং প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা স্পষ্ট হবে। ভোটার তালিকা সংশোধন, কেন্দ্র নির্ধারণ ও প্রার্থী তালিকা প্রকাশের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রবাসীদের সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। এ কারণে সংগঠনটির নির্বাচনকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে বরাবরই আগ্রহ থাকে। এবার বিপুল ভোটার, একাধিক সম্ভাব্য প্রার্থী ও প্যানেলের অংশগ্রহণে ১৮ অক্টোবরের নির্বাচনকে ঘিরে সেই আগ্রহ আরও বেড়েছে।