ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতাদেশ বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
...
ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত স্থগিতাদেশ বাতিল করেছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। আদালতের নির্দেশের পর ইউএস স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে আরোপিত ওই স্থগিতাদেশ ২১ আগস্ট থেকে আর কার্যকর নেই।
রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জজ জেনেট ভার্গাস ২১ আগস্ট ট্রাম্প প্রশাসনের নীতিটিকে আইনবহির্ভূত ঘোষণা করেন। বিচারক বলেন, শুধু জাতীয়তার ভিত্তিতে কোনো দেশের সব আবেদনকারীর ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ করার ক্ষমতা ইউএস স্টেট ডিপার্টমেন্টের নেই।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট ২১ জানুয়ারি বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা প্রদান স্থগিত করেছিল। প্রশাসনের দাবি ছিল, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। এই যুক্তিতে পরিবারভিত্তিক, কর্মসংস্থানভিত্তিক ও অন্যান্য ইমিগ্র্যান্ট ভিসা প্রদান বন্ধ রাখা হয়।
বিচারক ভার্গাস তাঁর রায়ে বলেন, আবেদনকারীর ব্যক্তিগত যোগ্যতা ও পরিস্থিতি পর্যালোচনা না করে কেবল তাঁর জাতীয়তার ভিত্তিতে ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া নিষিদ্ধ করা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। আদালতের মতে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের নীতিটি আইনসিদ্ধ ভিসা প্রক্রিয়াকে অকার্যকর করে দিয়েছিল এবং পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছিল।
ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার, কয়েকজন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী এবং বিদেশে থাকা পরিবারের সদস্যদের স্পনসর করা ইউএস সিটিজেনরা নীতিটির বিরুদ্ধে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, স্থগিতাদেশের কারণে বৈধ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় থাকা স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা মা এবং অন্যান্য পরিবারের সদস্যরা অনির্দিষ্ট অপেক্ষা ও পারিবারিক বিচ্ছেদের মুখে পড়েছেন।
আদালতের রায়ের পর ইউএস স্টেট ডিপার্টমেন্টের সরকারি ঘোষণায় বলা হয়েছে, CLINIC বনাম রুবিও মামলায় আদালতের আদেশ অনুসারে ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার ওপর জানুয়ারিতে আরোপিত স্থগিতাদেশ ২১ আগস্ট থেকে আর কার্যকর নেই।
এর অর্থ বাংলাদেশি আবেদনকারীরাও এখন ওই নির্দিষ্ট ৭৫ দেশের স্থগিতাদেশের আওতায় নেই। তবে নিষেধাজ্ঞা বাতিল হওয়া মানেই সব আবেদনকারী সঙ্গে সঙ্গে ভিসা পাবেন, এমন নয়। প্রত্যেক আবেদনকারীকে স্বাভাবিক সাক্ষাৎকার, নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা এবং পাবলিক চার্জসহ অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
এ ছাড়া কনস্যুলার কর্মকর্তাদের পাবলিক চার্জ প্রশিক্ষণের কারণে বিশ্বজুড়ে বহু ইমিগ্র্যান্ট ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে। এই সাময়িক বিরতি ৭৫ দেশের নিষেধাজ্ঞা থেকে আলাদা। ফলে বাংলাদেশিদের ওপর দেশভিত্তিক স্থগিতাদেশ উঠে গেলেও সংশ্লিষ্ট দূতাবাস থেকে নতুন সাক্ষাৎকারের তারিখ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সর্বশেষ

advert

সর্বশেষ