নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
৭০ কোটি ডলারের ভুয়া মেডিকেয়ার দাবি, পলাতক চার পাকিস্তানিকে খুঁজছে যুক্তরাষ্ট্র
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
মেডিকেয়ার ও মেডিকেয়ার অ্যাডভান্টেজে ৭০ কোটি ৩৮ লাখ ডলারের ভুয়া দাবি জমা দিয়ে ৪১ কোটি ৮৬ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক চার পাকিস্তানি নাগরিক। বাঁ থেকে রুকনুদ্দিন ‘রিক’ চারোলিয়া, শেহরিয়ার আরিফ, ফিজা ফারিদ ও ফাইজান সেলিম। ছবি: এইচএইচএস ওআই
পাকিস্তানে একটি কল সেন্টার পরিচালনা করে মেডিকেয়ার গ্রাহকদের পরিচয় চুরি, কৃত্রিম বুদ্ধিমত্তায় ভুয়া সম্মতির রেকর্ড তৈরি এবং ৭০ কোটি ডলারের বেশি ভুয়া দাবি জমা দেওয়ার অভিযোগে চার পাকিস্তানি নাগরিককে খুঁজছে যুক্তরাষ্ট্র। তাঁরা হলেন রুকনুদ্দিন “রিক” চারোলিয়া, শেহরিয়ার আরিফ, ফিজা ফারিদ ও ফাইজান সেলিম। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় বা এইচএইচএস ওআইজি তাঁদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে। চারজন বর্তমানে পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফেডারেল অভিযোগপত্র অনুযায়ী, চক্রটি পাকিস্তানে ‘হ্যালো ইন্টারন্যাশনাল মার্কেটিং সলিউশনস’ বা এইচআইএমএস নামে একটি কল সেন্টার পরিচালনা করত। বিভিন্ন ওয়েবসাইটে অনুপ্রবেশ, প্রকাশ্য ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ এবং বিনা মূল্যে চিকিৎসাসামগ্রী দেওয়ার ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে মেডিকেয়ার গ্রাহকদের পরিচয় নম্বর ও স্বাস্থ্যতথ্য সংগ্রহ করা হতো বলে অভিযোগ। বিচার বিভাগের হিসাবে, অভিযুক্ত নেটওয়ার্কটি ৭০ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৭৪২ ডলারের ভুয়া দাবি জমা দেয়। মেডিকেয়ার ও মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্রায় ৪১ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ৩২৬ ডলার পরিশোধ করে। প্রতারণা থেকে পাওয়া অন্তত ৪ কোটি ৫১ লাখ ডলার মেভেন্স, খোকা ও ভার্চুভিস্তার ব্যাংক হিসাবে পাঠানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। রুকনুদ্দিন “রিক” চারোলিয়া: চারোলিয়ার জন্ম ১৯৮১ সালের ৭ ডিসেম্বর। তাঁর বর্তমান বয়স ৪৪ বছর। উচ্চতা ছয় ফুট এবং ওজন প্রায় ১৩৪ পাউন্ড। রিক চারোলিয়া ও রুকনুদ্দিন সদরুদ্দিন চারোলিয়া নামেও তিনি পরিচিত। তাঁর সম্ভাব্য অবস্থান পাকিস্তান। চারোলিয়া ও আমির আলী আরিফ এইচআইএমএস কল সেন্টার পরিচালনা করতেন বলে অভিযোগ। গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোভিড পরীক্ষার কিট গ্রহণে তাঁদের সম্মতি দেওয়ার ভুয়া অডিও তৈরি করা হতো। চারোলিয়ার বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি, ষড়যন্ত্র ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি ‘খোকা’ নামে একটি কাগুজে প্রতিষ্ঠানও নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অন্য একজনের নামে নিবন্ধিত হলেও প্রকৃতপক্ষে চারোলিয়া ও শেহরিয়ার আরিফ এটি নিয়ন্ত্রণ করতেন বলে দাবি তদন্তকারীদের। শেহরিয়ার আরিফ: আরিফের জন্ম ১৯৯৫ সালের ২ সেপ্টেম্বর। তাঁর বয়স ৩১ বছর। উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন প্রায় ১৫০ পাউন্ড। তিনি পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারেন। তাঁর বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। আরিফ পাকিস্তানে বসবাস করতেন এবং এইচআইএমএসের পক্ষে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রে কাগুজে মালিক নিয়োগ এবং মেডিকেয়ার গ্রাহকদের তথ্য বিক্রি ও বিতরণের কাজে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ। ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে ফিজা ফারিদ যুক্তরাষ্ট্র থেকে পালানোর সময় আরিফ তাঁর সঙ্গে মেক্সিকো থেকে তুরস্ক হয়ে পাকিস্তানে যান বলে ফেডারেল অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। ফিজা ফারিদ: ফারিদের জন্ম ১৯৯৪ সালের ২১ ডিসেম্বর। তাঁর বয়স ৩১ বছর। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন প্রায় ১৪১ পাউন্ড। সম্ভাব্য অবস্থান পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। তাঁর বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ফারিদ টেক্সাসে বসবাস করতেন এবং এইচআইএমএসের হয়ে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চিকিৎসাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানের কাগুজে মালিক ছিলেন বলে অভিযোগ। তাঁর নামে থাকা প্রতিষ্ঠানের মাধ্যমে রোগীরা অনুরোধ করেননি, পাননি অথবা যেগুলো চিকিৎসার জন্য প্রয়োজনীয় ছিল না, এমন পণ্যের বিল মেডিকেয়ারে জমা দেওয়া হয়। এইচএইচএস ওআইজি বলছে, কথিত অপরাধ আড়াল করতে তিনি ২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পালিয়ে যান। ফাইজান সেলিম: এইচএইচএস ওআইজির তালিকা অনুযায়ী, সেলিমের জন্ম ১৯৯৪ সালের ২১ ডিসেম্বর। তাঁর বয়স ৩১ বছর, উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ওজন প্রায় ১৪১ পাউন্ড। তিনি পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারেন। তিনি পাকিস্তানের নাগরিক এবং এইচআইএমএসের পক্ষে কাজ করতেন। সেলিম ‘ভার্চুভিস্তা’ নামে মিসৌরির ঠিকানা ব্যবহার করে একটি কাগুজে প্রতিষ্ঠান গঠন করেছিলেন বলে অভিযোগ। ব্যাংক হিসাব খোলার সময় প্রতিষ্ঠানটি সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা সেবা দেয় বলে দাবি করা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের ভাষ্য, এর কোনো প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম ছিল না। মেডিকেয়ার গ্রাহকদের তথ্য বিক্রি থেকে পাওয়া অর্থ গ্রহণ এবং পরে যুক্তরাষ্ট্র ও বিদেশের বিভিন্ন ব্যাংক হিসাবে পাঠাতে প্রতিষ্ঠানটি ব্যবহার করা হয়। সেলিমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারণা, মেডিকেয়ার তথ্য বেআইনিভাবে বিক্রি এবং অর্থ পাচারের ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় মোট পাঁচজন অভিযুক্ত। পঞ্চম ব্যক্তি আমির আলী আরিফ। তবে এইচএইচএস ওআইজির বর্তমান পলাতক তালিকায় আলোচিত চারজনের ছবি ও তথ্য প্রকাশ করে তাঁদের সন্ধান চাওয়া হয়েছে। কারও কাছে তাঁদের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে ১ ৮৮৮ ৪৭৬ ৪৪৫৩ নম্বরে এইচএইচএস ওআইজির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে, এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।