ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে ফেরত পাঠাতে জনপ্রতি খরচ ৫৬ হাজার পাউন্ড

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
...
Picture Credit: Getty images
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা একেকজন আশ্রয়প্রার্থীকে ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির পাইলট প্রকল্পে ফ্রান্সে ফেরত পাঠাতে গড়ে খরচ হচ্ছে প্রায় ৫৬ হাজার পাউন্ড । 
যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে চালু থাকা ‘ওয়ান ইন, ওয়ান আউট’ পরীক্ষামূলক ব্যবস্থায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের আগস্টে চালু হওয়া এ ব্যবস্থায় চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় আসা একজনকে ফ্রান্সে পাঠানোর বিনিময়ে ফ্রান্স থেকে বৈধ পথে আশ্রয়ের আবেদন করতে ইচ্ছুক একজনকে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদের স্বরাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে ব্যয়ের তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি বলেন, সর্বশেষ হিসাব লিখিতভাবে জানানো হবে, তবে এ পর্যন্ত প্রত্যেককে ফেরত পাঠাতে খরচ হয়েছে প্রায় ৫৬ হাজার পাউন্ড।
মাহমুদের ভাষ্য, উচ্চ ব্যয় সত্ত্বেও এই ব্যবস্থা হোটেলে একজন আশ্রয়প্রার্থীর এক বছরের আবাসন ও সহায়তা ব্যয়ের চেয়ে কম বা কাছাকাছি। তবে তিনি স্বীকার করেছেন, আটককেন্দ্রে জায়গার সীমাবদ্ধতাসহ বিভিন্ন বাস্তব সমস্যার কারণে ফেরত পাঠানোর সংখ্যা বড় পরিসরে বাড়ানো কঠিন হয়েছে।
এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল ছোট নৌকায় অনিয়মিতভাবে চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা কমানো এবং মানব পাচারকারী চক্রের ব্যবসায় আঘাত করা। কিন্তু ফেরত পাঠানো কিছু ব্যক্তি পরে আবার লরি বা ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্য সরকার বলছে, আগের ইউরোপীয় ইউনিয়নভিত্তিক ডাবলিন ব্যবস্থার তুলনায় এ ব্যবস্থায় বেশি মানুষকে ফ্রান্সে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ দ্বিপক্ষীয় এই ব্যবস্থার বদলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে বড় পরিসরের ফেরত পাঠানোর চুক্তির পক্ষে মত দিয়েছেন।
ফ্রান্সের অবস্থান অনুযায়ী, পরীক্ষামূলক চুক্তিটি আগামী ১ অক্টোবরের পর আর নবায়ন না করার কথা। যদিও যুক্তরাজ্য সরকার বলছে, এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।
এদিকে, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত পরিবারকে স্বেচ্ছায় যুক্তরাজ্য ছাড়তে সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড দেওয়ার পৃথক কর্মসূচিও চলছে। মাহমুদ জানিয়েছেন, এ প্রস্তাব গ্রহণকারী পরিবারের সংখ্যা এখনো তুলনামূলক কম।
যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ‘ওয়ান ইন, ওয়ান আউট’ ব্যবস্থা একটি পরীক্ষামূলক চুক্তি; প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বয়স, নিরাপত্তা, ঝুঁকি ও আইনি বিষয় আলাদাভাবে মূল্যায়ন করা হয়।

সর্বশেষ

advert

সর্বশেষ