নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
দুর্দশার চিত্র জাতিসংঘের প্রতিবেদনে
গাজায় খাবারের বিনিময়ে নারী ও কিশোরীদের জোরপূর্বক বিয়ে
বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
Picture : Reuters
গাজায় যুদ্ধ, বাস্তুচ্যুতি ও খাদ্যসংকটের মধ্যে নারী ও কিশোরীদের জোরপূর্বক বিয়ে এবং যৌন শোষণের উদ্বেগজনক বিবরণ উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। খাবারের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া, ধর্ষণের শিকার নারীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিয়েতে বাধ্য করা এবং আশ্রয় দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ জানিয়েছেন গবেষণায় অংশ নেওয়া নারীরা। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএর দুটি প্রতিবেদন নিয়ে বুধবার, ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এক খবরে এসব তথ্য তুলে ধরেছে নিউইয়র্ক পোস্ট। এর একটি প্রতিবেদনে সহায়তাদানকারী সংস্থাগুলোর কাছে আসা নির্যাতনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। অন্যটিতে উঠে এসেছে গাজা সিটি ও খান ইউনিসের বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে বসবাসকারী ২৩০ নারীর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ। ইউএনএফপিএর মূল নথি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চের তুলনায় এপ্রিল থেকে জুনে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ের নথিভুক্ত ঘটনা ১২৩ শতাংশ বেড়েছে। একই সময়ে লিঙ্গভিত্তিক সহিংসতার মোট নথিভুক্ত ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। প্রতিবেদনে অন্তর্ভুক্ত ভুক্তভোগীদের ৬৮ শতাংশের বয়স ১৮ থেকে ৫৯ বছর। তবে এই পরিসংখ্যান পুরো গাজায় সংঘটিত সব সহিংসতার হিসাব নয়। দশটি সহযোগী সংস্থার কাছে জানানো ঘটনার ভিত্তিতে বিশ্লেষণটি তৈরি হয়েছে। ইউএনএফপিএ জানিয়েছে, সামাজিক কলঙ্কের ভয় ও সেবা পাওয়ার সীমাবদ্ধতায় বহু ঘটনা অপ্রকাশিত থাকে। আবার সহায়তাকেন্দ্র ও গোপনে অভিযোগ জানানোর সুযোগ বাড়ায় নথিভুক্ত ঘটনার সংখ্যাও বেড়েছে। সংস্থাগুলো ভুক্তভোগীর বয়ান অনুযায়ী তথ্য সংরক্ষণ করে; প্রতিটি ঘটনার পৃথক তদন্ত বা সত্যতা নির্ধারণ তাদের কাজ নয়। নারীদের অভিজ্ঞতাভিত্তিক দ্বিতীয় প্রতিবেদনটির জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৬টি দলীয় আলোচনা আয়োজন করে উইমেনস অ্যাফেয়ার্স সেন্টার। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৯ থেকে ৬৩ বছর। তাঁরা প্রত্যেকে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, কেউ কেউ দশবার পর্যন্ত। গবেষণাটি তাঁদের বক্তব্য ও উপলব্ধির ভিত্তিতে তৈরি হয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে উদ্ধৃত এক নারী জানিয়েছেন, পরিবারের খাবার জোগাড় করতে এক ব্যক্তি তাঁর ১৪ বছর বয়সী মেয়েকে দুই বস্তা আটার বিনিময়ে বিয়ে দেন। স্কুলভবনে গড়ে ওঠা একটি আশ্রয়কেন্দ্রের আরেক বাসিন্দার ভাষ্য, ধর্ষণের ঘটনা জানাজানি হলে সামাজিক লজ্জা এড়ানোর নামে ভুক্তভোগীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিয়েতে বাধ্য করার ঘটনাও ঘটছে। কয়েকজন নারী বলেছেন, ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরে মেয়েদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক থেকেও পরিবারগুলো অল্প বয়সে বিয়ে দিচ্ছে। যুদ্ধে মা-বাবা হারানো কিশোরীরা বিশেষভাবে অসহায়। এক অংশগ্রহণকারী ১৪ ও ১৫ বছর বয়সী দুই মেয়ের বিয়ের কথা জানিয়ে বলেন, অভিভাবকেরা তাঁদের ভরণপোষণের দায়িত্ব ও খরচ এড়াতে বিয়ে দিয়ে দেন। বিধবা ও একা সন্তান লালনপালন করা নারীদের দুর্দশার কথাও উঠে এসেছে। গাজা সিটির এক নারীর বর্ণনা অনুযায়ী, তাঁবু খুঁজছিলেন এমন এক বিধবাকে আশ্রয় দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেন শিবিরের এক প্রতিনিধি। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বারবার বাস্তুচ্যুতি, অতিরিক্ত ভিড়, ব্যক্তিগত গোপনীয়তার অভাব এবং খাবার, বিশুদ্ধ পানি ও ব্যবহারযোগ্য শৌচাগারের সংকট নারীদের নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। জীবিকা হারানো ও সামাজিক সুরক্ষাব্যবস্থা ভেঙে পড়ায় তাঁদের পক্ষে নির্যাতন থেকে বেরিয়ে আসা কিংবা প্রয়োজনীয় সহায়তা পাওয়াও কঠিন হয়ে উঠছে।