নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
পরিবর্তন আনতে বয়স নয়, উদ্যোগই গুরুত্বপূর্ণ : তরুণ বক্তা নাবিল এইচ মুহিব
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ০৪:১০
টাইম টেলিভিশনের এক যুগ ও বাংলা পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তরুণ বক্তা ও মেধাবী শিক্ষার্থী নাবিল এইচ মুহিব বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বড় পদ, বিপুলসংখ্যক অনুসারী কিংবা নিখুঁত পরিকল্পনা থাকা জরুরি নয়। প্রয়োজন প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস ও সদিচ্ছা। বয়স কিংবা পারিবারিক পটভূমি কারও অবদান রাখার সক্ষমতা নির্ধারণ করে না। প্রত্যেক তরুণেরই নিজের অবস্থান থেকে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
ফ্লোরিডা থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া মেধাবী নাবিল বলেন, অনেক সময় মনে করা হয়, পরিবর্তন আনার দায়িত্ব শুধু বড়দের, রাজনীতিকদের কিংবা ক্ষমতাবান ব্যক্তিদের। কিন্তু তরুণেরাও সেই পরিবর্তনের অংশ হতে পারে। একটি ছোট উদ্যোগও অন্য কাউকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করতে পারে। অনেক মানুষের ছোট ছোট উদ্যোগ একসময় বড় পরিবর্তনের শক্তিতে পরিণত হয়। নেতৃত্বের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, নেতৃত্ব মানে শুধু নিজে কিছু অর্জন করা নয়, অন্যদেরও অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করা। নিজের কাজের মাধ্যমে আরেকজনকে সমাজের জন্য কিছু করতে অনুপ্রাণিত করাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিক। তরুণ প্রজন্মের নিজস্ব কণ্ঠ রয়েছে, সেই কণ্ঠ ব্যবহার করতে ভয় পাওয়া উচিত নয়। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে ঐক্যের কথা তুলে ধরে নাবিল বলেন, বিভিন্ন প্রজন্ম যুক্তরাষ্ট্রকে লাল ও নীল অঙ্গরাজ্যের বিভাজনে দেখে এসেছে। কিন্তু তরুণ প্রজন্মের কাছে দেশটি একটাই, যুক্তরাষ্ট্র। সমস্যা মোকাবিলায় ঘৃণার পরিবর্তে ভালোবাসা ও সমাধানের মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নাবিল আরও বলেন, ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হলেও সেই ভবিষ্যতের জন্য শুধু অপেক্ষা করলে চলবে না। সেটি গড়ে তোলার কাজে এখন থেকেই অংশ নিতে হবে। নিজেদের কণ্ঠ ব্যবহার করার পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে হবে। বক্তব্যের শেষে টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী আবু তাহের, প্রধান অতিথি হাকিম জেফ্রিস এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান নাবিল এইচ মুহিব। নিজের ও দুই ছোট ভাইয়ের জন্য মা-বাবার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে সবার পরিবার ও যুক্তরাষ্ট্রের মঙ্গল কামনা করেন তিনি।