ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ট্রাফিক স্টপে গাড়ি থামাতে ধাওয়া করতে পারবেন না আইস কর্মকর্তারা

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ০৭:১০
...
Picture : abc news
ট্রাফিক স্টপে কোনো চালক থামার নির্দেশ অমান্য করে চলে গেলে তাঁকে গাড়ি নিয়ে ধাওয়া করতে পারবেন না যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে গাড়িটির তথ্য সংগ্রহ করে পরবর্তী তদন্তের জন্য সংরক্ষণ করতে হবে। গাড়ি থামানোর অভিযানে একাধিক চালক গুলিবিদ্ধ হওয়ার পর নতুন অভ্যন্তরীণ নির্দেশনায় এ বিধিনিষেধ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নির্দিষ্ট প্রশিক্ষণ ছাড়া কর্মকর্তাদের গাড়ি থামানোর অভিযান পরিচালনা করতে নিষেধ করা হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আসা একটি স্মারক অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর বুধবার আইসের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়। সংস্থাটির নির্বাহী সহযোগী পরিচালক মার্কোস ডি. চার্লসের স্বাক্ষর করা স্মারকে বলা হয়েছে, থামার নির্দেশ অমান্য করা গাড়িকে কোনো পরিস্থিতিতেই ধাওয়া করার অনুমতি নেই।
নতুন নির্দেশনার উদ্দেশ্য, গাড়ি থামানোর সময় আইস কর্মকর্তা, সংশ্লিষ্ট চালক, যাত্রী এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানো। তবে এর মাধ্যমে গাড়ি থামানোর অভিযান বন্ধ করা হয়নি। প্রশিক্ষণ ও নিরাপত্তার নির্দিষ্ট শর্ত মেনে এসব অভিযান চালিয়ে যেতে পারবেন কর্মকর্তারা।
এপির প্রতিবেদনে বলা হয়, আইসের গাড়ি থামানোর অভিযান একাধিকবার বিপজ্জনক পরিস্থিতিতে গড়িয়েছে। চালকেরা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে বা পালানোর চেষ্টা করলে কিছু ঘটনায় কর্মকর্তারা গুলি ছুড়েছেন। গত বছর থেকে এ ধরনের এক ডজনের বেশি ঘটনায় আইস কর্মকর্তাদের গুলিতে অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
নতুন নিয়ম অনুযায়ী, সংস্থার নির্ধারিত পাঁচটি প্রশিক্ষণ কোর্সের অন্তত একটি সম্পন্ন করা কর্মকর্তারাই গাড়ি থামানোর অভিযান পরিচালনা করতে পারবেন। প্রশিক্ষণ না থাকা কর্মকর্তারা শুধু সহযোগী হিসেবে অংশ নিতে পারবেন। তাঁরা যাত্রী হিসেবে অভিযানের গাড়িতে থাকতে পারবেন, কিন্তু সংশ্লিষ্ট কোনো গাড়ি চালাতে পারবেন না।
অভিযানে ব্যবহৃত গাড়িতে এমন আলো ও সাইরেন থাকতে হবে, যা চালু করলে সাধারণ মানুষ বুঝতে পারেন এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। আইসের স্থানীয় কার্যালয়গুলোর পরিচালকদের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি গাড়ি থামানোর স্থানে উপস্থিত সব কর্মকর্তাকে শরীরে পরিধানযোগ্য ক্যামেরা পরতে এবং তা চালু রাখতে হবে।
অন্য গাড়ি বা কোনো বাধা ব্যবহার করে লক্ষ্যবস্তু গাড়িকে আটকে দেওয়ার কৌশল শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমতি রাখা হয়েছে। ‘পিনিং’ নামে পরিচিত এ কৌশল প্রয়োগের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হবে। চালক যাতে পালাতে না পারেন, সে জন্য টায়ার ফুটো করার কাঁটাযুক্ত সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রেও প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
গাড়ি থামানোর অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে এর আগেও টানাপোড়েন দেখা গেছে। গত জুলাইয়ে মেইন ও টেক্সাসে চালকদের গুলিতে মৃত্যুর পর আইস কর্মকর্তাদের অধিকাংশ গাড়ি থামানোর অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু পরদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন। তিনি গাড়ি থামানোকে আইসের অপরাধ দমনের অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকর পদ্ধতি হিসেবে উল্লেখ করেন।
এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের অনুমতি নেই এমন আরও বেশি মানুষকে বহিষ্কারের জন্য হোয়াইট হাউসের তীব্র চাপের মধ্যে রয়েছে আইস। সংস্থাটির গ্রেপ্তার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে গত বছরের দ্রুত নিয়োগ কার্যক্রমের ফলে যথাযথ যাচাই ও প্রশিক্ষণে ঘাটতি থাকা কিছু কর্মকর্তাও মাঠে দায়িত্ব পালন করেছেন।
তবে নতুন স্মারককে নিয়মিত নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়ার অংশ হিসেবে তুলে ধরেছে আইস। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, নেতৃত্ব মাঝেমধ্যে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের এ ধরনের নির্দেশনা দেয়। গাড়ি থামানোর অভিযান এবং অনিয়মিত অভিবাসীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। স্মারক অনুযায়ী, নতুন নির্দেশনা চলতি বছর, গত বছর এবং ২০১৮ সালে জারি করা আগের কয়েকটি নির্দেশনাকে প্রতিস্থাপন ও সংশোধন করবে।
এদিকে স্মারক জারির দিনই টেক্সাসের অস্টিনে এক ডেলিভারি চালককে ধাওয়া ও গুলি করার ঘটনা নিয়ে আদালতে সাক্ষ্য উঠে আসে। গত সেপ্টেম্বরে ওই ঘটনায় আহত হন উইলবার রাফায়েল গার্সেস পেরেজ।
তাঁর জামিন শুনানিতে দেওয়া সাক্ষ্য অনুযায়ী, যে আইস কর্মকর্তা তাঁকে গুলি করেছিলেন, তাঁর শরীরে ক্যামেরা ছিল না। অন্য গাড়িতে থাকা আরেক কর্মকর্তার ক্যামেরা থাকলেও তিনি ধাওয়ার সময় সেটি বন্ধ করে দেন। প্রসিকিউটরদের উপস্থাপিত নজরদারি ক্যামেরার ভিডিওতে প্রাথমিকভাবে গাড়ি থামানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আবাসিক এলাকার সড়ক দিয়ে পেরেজকে দ্রুতগতিতে ধাওয়া করতে দেখা যায়।
তদন্তকারীদের অভিযোগ, পেরেজ তাঁর গাড়ির চালকের পাশের আয়না দিয়ে এক আইস কর্মকর্তাকে আঘাত করেন। এরপর ওই কর্মকর্তা গাড়ির ভেতরে গুলি ছুড়লে একটি গুলি পেরেজের পিঠে আটকে যায়। তাঁর বিরুদ্ধে ফেডারেল পর্যায়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
তবে পেরেজের আইনজীবীরা অভিযোগটিকে প্রতিশোধমূলক বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, ভিডিওতে অভিযুক্ত ঘটনার মুহূর্তটি পুরোপুরি ধরা পড়েনি। ফলে ওই ফুটেজ ঘটনাটি সম্পর্কে নিশ্চিত প্রমাণ দেয় না।

সর্বশেষ

advert

সর্বশেষ