পর্যাপ্ত শিক্ষক, নিরাপদ স্কুলভবন ও পড়াশোনার উন্নত পরিবেশের দাবিতে ফ্রান্সজুড়ে রাস্তায় নেমেছেন আড়াই লাখের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের সবচেয়ে বড় কর্মসূচিতে মঙ্গলবার অধিকাংশ মিছিল শান্তিপূর্ণ থাকলেও প্যারিসসহ কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে ও লাঠিপেটা করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে প্যারিসের মিছিলে ৫৬ হাজার মানুষ অংশ নিয়েছেন। মার্সেই, নান্ত ও লিওঁসহ অন্য সিটিগুলোতে যোগ দিয়েছেন প্রায় দুই লাখ। তবে আয়োজকদের দাবি, দেশজুড়ে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা সাড়ে চার লাখ।
প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলিতে শুরু হওয়া আন্দোলন এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা বলছেন, অনুপস্থিত শিক্ষকদের জায়গায় সময়মতো বিকল্প শিক্ষক দেওয়া হয় না। জরাজীর্ণ ভবন ও দীর্ঘ সময়সূচিও তাঁদের পড়াশোনায় প্রভাব ফেলছে। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্কুলদিনের সময় পর্যালোচনার দাবিও তুলেছেন তাঁরা।
প্যারিসের প্লাস দ্য লা নাসিওঁতে আনা নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, তাঁদের দাবি খুব সাধারণ—ভালো পড়াশোনার পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক ও উপযুক্ত ভবন। কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে বিপর্যয়কর বলে বর্ণনা করেন তিনি।
মার্সেইয়ের মিছিলে অংশ নেওয়া ১৮ বছর বয়সী ওসেয়ান জানান, শিক্ষক অনুপস্থিত থাকলে কখনো কার্যকর বিকল্প পাওয়া যায় না, কখনো কাউকে নিয়োগই দেওয়া হয় না। তাঁরা নিজেদের শিক্ষা রক্ষা করতে চান।
আন্দোলনের প্রভাবে মঙ্গলবার দেশের তিন হাজার ৭০০ হাইস্কুলের মধ্যে ৯০০টির বেশি অবরুদ্ধ ছিল অথবা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী সংগঠনগুলোর হিসাবে সংখ্যাটি এক হাজার ৮০০। কয়েকটি এলাকায় ক্লাস অনলাইনে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, আন্দোলন শুরুর পর থেকে অন্তত ২১৫ কিশোর-কিশোরী ও ৮৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। তাঁর কার্যালয়ের হিসাবে, সংঘর্ষে আহত পুলিশ সদস্যের সংখ্যা ৭১৫। শিক্ষাব্যবস্থার জন্য কয়েক দশকের মধ্যে এটিকে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি বলে বর্ণনা করেছেন তিনি।
সহিংসতার ঘটনায় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ২৪টি স্কুলে আগুন দেওয়া বা তছনছ করা হয়েছে। কোথাও স্কুলের বাইরে আবর্জনার পাত্রে আগুন, বাসযাত্রীদের ছাউনি ভাঙচুর এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনাও ঘটেছে।
জাস্টিস মিনিস্ট্রির তথ্য অনুযায়ী, ছয় হাজার ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় সবাই অপ্রাপ্তবয়স্ক। এক হাজার ৮০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। তাঁদের মধ্যে প্রায় এক হাজার ৫০০ জনের বয়স ১৮ বছরের নিচে।
তবে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যান সাভিনেল-বারাস বলেছেন, সাম্প্রতিক ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কাঁদানে গ্যাস, লাঠি এবং জনসমাবেশ নিয়ন্ত্রণের কৌশলের বিপজ্জনক ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানিয়েছেন, পুলিশি নিষ্ঠুরতার অভিযোগে ১০টি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় শিক্ষার্থীদের গুরুতর আহত হওয়ার খবর সামনে এসেছে। সোমবার উত্তর ফ্রান্সে সংঘর্ষের সময় ১৫ বছর বয়সী এক কিশোরের হাত উড়ে যায়। এর আগে বুধবার তুর শহরে হাইস্কুল অবরোধের সময় মাথায় আঘাত পেয়ে ১৬ বছর বয়সী এক কিশোর ডান চোখের দৃষ্টিশক্তি হারায়। স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, তার ক্ষত জনসমাবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত এক ধরনের প্রজেক্টাইলের আঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্যারিসের উত্তর-পশ্চিমে আরেক ঘটনায় কাছ থেকে পুলিশ গ্রেনেড ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ১৪ বছর বয়সী এক কিশোরের অধিকাংশ দাঁত পড়ে যায়। তার মা জানিয়েছেন, ছেলেটি কথা বলতে পারছে না এবং স্ট্র দিয়ে খাবার গ্রহণ করছে।
শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মিছিলে যোগ দিয়েছেন অনেক শিক্ষকও। রেন শহরের শিক্ষক রোমাঁ দুবুর্গ বলেছেন, প্রত্যক্ষ করা পুলিশি সহিংসতা নিয়ে আলোচনার পর তিনি ও প্রায় ৩০ জন সহকর্মী শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সিজিটি ইউনিয়নের প্রধান সোফি বিনে সদস্যদের শিক্ষার্থীদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গ্রিন পার্টির নেতা মারিন তোঁদেলিয়েও স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের বিক্ষোভে শিশুদের পাশে দাঁড়াতে বলেছেন।
প্রধানমন্ত্রী লেকর্নু শিক্ষার্থীদের মূল দাবিগুলো নিয়ে কাজ করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। তবে পুলিশের নিয়মিত অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তারা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যবস্থা নিয়েছেন। স্কুলে আগুন দেওয়া ও শিক্ষকদের ওপর হামলারও নিন্দা জানিয়েছেন তিনি।
পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের এলিসি প্রাসাদে ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সাত মাস আগে এই আন্দোলন সরকারের ওপর চাপ বাড়িয়েছে। বামপন্থী দল লা ফ্রঁস আঁসুমিজের বিরুদ্ধে আন্দোলনে উসকানির অভিযোগ তুলেছে সরকার। দলটির নেতা জঁ-লুক মেলঁশোঁ আন্দোলনকে সমর্থন করলেও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন