নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
যুক্তরাষ্ট্রে ৭ কোটি শিশুর নামে চালু হলো ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ ; ক্লেইম করতে হবে অভিভাবকদের
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ০৩:১০
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী যোগ্য প্রায় ৭ কোটি শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ খোলা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। ফক্স বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা যোগ্য শিশুদের জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট স্বয়ংক্রিয় নিবন্ধন সম্পন্ন করেছে। তবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলেও বাবা-মা বা বৈধ অভিভাবকদের সেটি ক্লেইম বা দাবি করতে হবে। এরপরই তারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন এবং পরিবারের সদস্য, বন্ধু, নিয়োগকর্তা বা অন্য যোগ্য ব্যক্তি সেখানে অর্থ জমা দিতে পারবেন। ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েডের সরকারি ট্রাম্প অ্যাকাউন্ট অ্যাপের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই অ্যাকাউন্টগুলো শিশুদের জন্য বিশেষ কর-সুবিধাযুক্ত বিনিয়োগ হিসাব। এগুলো আইনগতভাবে বিশেষ ধরনের আইআরএ হিসেবে পরিচালিত হবে এবং সাধারণভাবে সন্তান ১৮ বছর বয়সে পৌঁছানোর আগে অর্থ তোলা যাবে না। সব শিশুর অ্যাকাউন্টে সরকার ১ হাজার ডলার দেবে না। ফেডারেল সরকারের এককালীন ১ হাজার ডলারের প্রাথমিক অর্থ পাওয়ার জন্য শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে হবে এবং ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। এছাড়া ওই অর্থ পাওয়ার জন্য অভিভাবককে শিশুর অ্যাকাউন্ট ক্লেইম করতে হবে। অ্যাকাউন্টে ২০২৬ ও ২০২৭ সালে পরিবার ও অন্য যোগ্য ব্যক্তিরা বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জমা দিতে পারবেন। সরকারের ১ হাজার ডলারের অর্থ এই সীমার মধ্যে গণনা হবে না। ফক্স বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগকর্তারাও কর্মীদের সন্তানের অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার দিতে পারবেন। বেসরকারি পর্যায়েও কর্মসূচিতে বড় অঙ্কের অর্থ যোগ হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের প্রধান নির্বাহী মাইকেল ডেল ও তার স্ত্রী সুসান ডেলের অবদানের কথা উল্লেখ করেন। তাদের দেওয়া প্রায় ৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ শিশুর অ্যাকাউন্টে ২৫০ ডলার করে দেওয়ার পরিকল্পনার কথা প্রতিবেদনে বলা হয়েছে। হোয়াইট হাউসের হিসাবে, ট্রাম্প অ্যাকাউন্টের প্রায় ৮০ শতাংশ এমন পরিবারের শিশুদের সঙ্গে যুক্ত, যাদের বার্ষিক আয় ২ লাখ ডলারের নিচে। ট্রাম্প বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে এই অর্থ শিশুদের ভবিষ্যতের জন্য বড় সম্পদে পরিণত হতে পারে। তবে অ্যাকাউন্টের ভবিষ্যৎ মূল্য বিনিয়োগের ফলাফলের ওপর নির্ভর করবে; কোনো নির্দিষ্ট মুনাফা নিশ্চিত নয়। ট্রেজারি ডিপার্টমেন্ট গত ১ অক্টোবর জানায়, স্বয়ংক্রিয় নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ৬ কোটির বেশি নতুন যোগ্য শিশু অ্যাকাউন্ট পেয়েছে; আগে থেকেই নিবন্ধিত পরিবারগুলো মিলিয়ে মোট সংখ্যা প্রায় ৭ কোটিতে পৌঁছেছে।