ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

যুক্তরাষ্ট্রে সবার জন্য মেডিকেয়ার চান ৬৬ শতাংশ মানুষ, নতুন জরিপে তথ্য

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ০৭:১০
...
Picture Credit: Getty images
যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এখন সবার জন্য সরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থা বা ‘মেডিকেয়ার ফর অল’ চালুর পক্ষে। স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের নতুন জরিপে দেখা গেছে, ৬৬ শতাংশ মানুষ এমন একটি জাতীয় স্বাস্থ্যবিমা ব্যবস্থা সমর্থন করেন, যেখানে প্রত্যেকে সরকারের একটি অভিন্ন স্বাস্থ্যবিমা পরিকল্পনার আওতায় চিকিৎসাসেবা পাবেন। বুধবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
গত ১৬ থেকে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ১ হাজার ৩২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপটি পরিচালিত হয়। এতে দেখা যায়, ডেমোক্র্যাট সমর্থকদের ৮৪ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭২ শতাংশ মেডিকেয়ার ফর অল ব্যবস্থার পক্ষে। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের ৬৬ শতাংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।
জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ মানুষ মনে করেন, আরও বেশি নাগরিকের স্বাস্থ্যবিমা নিশ্চিত করতে ফেডারেল সরকারের ভূমিকা বাড়ানো প্রয়োজন। ডেমোক্র্যাটদের ৯৪ শতাংশ, স্বতন্ত্রদের ৮২ শতাংশ এবং রিপাবলিকানদের ৬১ শতাংশ এ বিষয়ে একমত।
জরিপে স্বাস্থ্যসেবার ব্যয়কে যুক্তরাষ্ট্রের মানুষের অন্যতম প্রধান অর্থনৈতিক উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৬০ শতাংশ মানুষ চিকিৎসার খরচ বহন করতে পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে জ্বালানি তেলের দাম নিয়ে ৫৯ শতাংশ এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ে ৫২ শতাংশ মানুষ উদ্বিগ্ন।
তবে মেডিকেয়ার ফর অল চালু হলে কর বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ মানুষ মনে করেন, এই ব্যবস্থা চালু হলে তাদের করের বোঝা বাড়বে। বিপরীতে ৩৫ শতাংশ মনে করেন, প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহনের সক্ষমতা উন্নত হবে। ২৮ শতাংশ মনে করেন পরিস্থিতি খারাপ হবে এবং ৩৭ শতাংশের ধারণা, তেমন কোনো পরিবর্তন আসবে না।
জরিপে আরও দেখা গেছে, মেডিকেয়ার ফর অল চালুর ফলে বেসরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থা বাতিল হয়ে যেতে পারে—এমন তথ্য জানানো হলে সমর্থন ৬৬ শতাংশ থেকে কমে ৫২ শতাংশে নেমে আসে।
এদিকে বর্তমানে নিয়োগকর্তার মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিমা গ্রহণকারীদের ৫৭ শতাংশ মনে করেন, নতুন ব্যবস্থা চালু হলেও তারা তাদের বর্তমান ইনস্যুরেন্স ধরে রাখতে পারবেন।
কেএফএফ জানিয়েছে, ২০২০ সালে মেডিকেয়ার ফর অল ব্যবস্থার পক্ষে সমর্থন ছিল ৫৩ শতাংশ। নতুন জরিপে তা বেড়ে ৬৬ শতাংশে পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটির জরিপের ইতিহাসে সর্বোচ্চ।
তবে মেডিকেয়ার ফর অল এখনো একটি প্রস্তাবিত স্বাস্থ্যবিমা ব্যবস্থা। এটি চালুর জন্য নতুন আইন এবং অর্থায়নের কাঠামো প্রয়োজন হবে। ফলে জরিপে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের বর্তমান মেডিকেয়ার কিংবা বেসরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থায় এখনই কোনো পরিবর্তন আসছে না।

সর্বশেষ

advert

সর্বশেষ