ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

হেনস্তার আগমুহূর্তে জেএফকে বিমানবন্দরে শিশুর সঙ্গে হাস্যোজ্জ্বল ড. ইউনূস

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০
...
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর হেনস্তার শিকার হওয়ার মাত্র কয়েক মিনিট আগে দুই শিশুর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় ছবি তুলেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করেছেন তাঁর সফরসঙ্গী লামিয়া মোরশেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিমানবন্দরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি এবং তিনি ভালো আছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আচরণের কঠোর সমালোচনা করে লামিয়া বলেছেন, এ ধরনের আচরণে ড. ইউনূসের সম্মান ও মর্যাদার কোনো ক্ষতি হয়নি।
ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন। ছবিতে ড. ইউনূসকে দুই শিশুর সঙ্গে হাস্যোজ্জ্বল ও আন্তরিক মুহূর্ত কাটাতে দেখা যায়।
ছবির সঙ্গে দেওয়া পোস্টে লামিয়া মোরশেদ লেখেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো তাঁকে হেনস্তা করার মাত্র কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তিনি মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।”
ঘটনায় জড়িত ব্যক্তিদের আচরণের সমালোচনা করে তিনি আরও লেখেন, “এই ঘটনা কেবল ওই ব্যক্তিদের চরম অসভ্যতা, বর্বরতা ও হীন মানসিকতার পরিচয় দিয়েছে। এতে স্যারের সম্মান বা মর্যাদার বিন্দুমাত্র ক্ষতি হয়নি। বরং প্রমাণ হয়েছে, ওই ব্যক্তিরা কতটা নীচ ও করুণ মানসিকতার।”
পোস্টের শেষাংশে লামিয়া মোরশেদ লেখেন, “প্রিয় বন্ধুরা, আপনাদের অসংখ্য সমর্থন ও সহমর্মিতার বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ।”
এর আগে সোমবার ১২ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন প্রবাসী নেতাকর্মী তাঁকে ঘিরে উচ্চস্বরে বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও স্লোগান দিতে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড. ইউনূসের সামনে দাঁড়িয়ে কয়েকজন ব্যক্তি তাঁর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বাংলাদেশে সংঘটিত বিভিন্ন ঘটনার বিষয়ে অভিযোগ তুলছেন। পরিস্থিতির একপর্যায়ে তাঁকে হুইলচেয়ার ঘুরিয়ে বিমানবন্দরের টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
ভিডিওতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজনকে ঘটনাস্থলে দেখা যায়। ওই সময় ড. ইউনূসের পাশে লাগেজ হাতে উপস্থিত ছিলেন লামিয়া মোরশেদ।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটিতে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। ড. ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বিদেশের মাটিতে সাবেক প্রধান উপদেষ্টাকে হেনস্তার ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে ঘটনার পর ড. ইউনূসের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিলে সফরসঙ্গী লামিয়া মোরশেদ তাঁর সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
বিশেষ করে হেনস্তার মাত্র কয়েক মিনিট আগে বিমানবন্দরে দুই শিশুর সঙ্গে তাঁর হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে লামিয়া তুলে ধরেন ঘটনার আগের স্বাভাবিক ও আন্তরিক মুহূর্তটি।
একদিকে বিমানবন্দরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ভিডিও, অন্যদিকে তার ঠিক আগমুহূর্তে শিশুদের সঙ্গে ড. ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি—এই দুই ভিন্ন দৃশ্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে লামিয়া মোরশেদের বক্তব্য অনুযায়ী, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ড. ইউনূসের কোনো শারীরিক ক্ষতি হয়নি এবং তিনি সুস্থ আছেন।

সর্বশেষ

advert

সর্বশেষ