ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ব্রঙ্কসে বাড়ি নিলামের মামলা বেড়েছে ; ৭ বছরের মধ্যে সর্বোচ্চ

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাড়ি নিলামের মামলা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নতুন ফোরক্লোজার মামলার সংখ্যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মর্টগেজ, সম্পত্তি কর, বিদ্যুৎ বিল ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক বাড়ির মালিক নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছেন না। ফলে সম্পত্তি হারানোর ঝুঁকিতে পড়ছেন ক্রমবর্ধমানসংখ্যক পরিবার।
নিউইয়র্ক পোস্ট ও গোথামিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টার ফর নিউইয়র্ক সিটি নেইবারহুডসের হিসাবে ২০২৫ সালে ব্রঙ্কসে এক হাজারের বেশি বাড়ির মালিকের বিরুদ্ধে ফোরক্লোজার মামলা দায়ের হয়েছে।
রিয়েল এস্টেট গবেষণা প্রতিষ্ঠান প্রপার্টিশার্কের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ব্রঙ্কসে ১০৯টি নতুন ফোরক্লোজার মামলা দায়ের হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৯১ শতাংশ বেশি। একই সময়ে নিউইয়র্ক সিটিজুড়ে নতুন ফোরক্লোজার মামলা কমেছে প্রায় পাঁচ শতাংশ।
ব্রঙ্কসের হান্টস পয়েন্টের বাসিন্দা কিম্বারলি ফেনেলন এমনই একজন বাড়ির মালিক। মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে পাওয়া বাড়ির মর্টগেজের দায়িত্ব তাঁর ওপর পড়ে। কিন্তু নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় বাড়িটি ফোরক্লোজারের ঝুঁকিতে পড়ে।
দীর্ঘ প্রচেষ্টার পর নিউইয়র্ক সিটির জরুরি আর্থিক সহায়তা কর্মসূচি ‘ওয়ান শট ডিল’-এর মাধ্যমে প্রায় ৯ হাজার ডলারের বকেয়া পরিশোধের সুযোগ তৈরি হয়েছে তাঁর। সাতবার আবেদনের পর প্রাথমিকভাবে অনুমোদন পেলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।
বাড়ির মালিকদের সহায়তায় নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয় ব্রঙ্কসে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি স্বেচ্ছাসেবকেরা ১১০০টির বেশি বাড়িতে গিয়ে সহায়তার তথ্য পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বাড়ির দলিল জালিয়াতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক করেছেন।
ব্রঙ্কসে বিনামূল্যে আইনি সহায়তা কেন্দ্রও চালু রয়েছে। ব্রঙ্কস কাউন্টি আদালতে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাড়ির মালিকদের পরামর্শ দিচ্ছেন লিগ্যাল এইড সোসাইটি, নিউইয়র্ক লিগ্যাল অ্যাসিস্ট্যান্স গ্রুপ ও লিগ্যাল সার্ভিসেস এনওয়াইসির আইনজীবীরা।
এসব কেন্দ্রে মর্টগেজের বকেয়া, ফোরক্লোজার মামলা, ব্যাংকের সঙ্গে ঋণ পুনর্বিন্যাস এবং বাড়ি রক্ষার সম্ভাব্য আইনগত উপায় সম্পর্কে বিনামূল্যে পরামর্শ পাওয়া যায়।
অন্যদিকে সিটি কাউন্সিলের ডেপুটি স্পিকার নানতাশা উইলিয়ামস বাড়ির মালিকদের সুরক্ষায় ১০টি বিলের একটি প্যাকেজ এগিয়ে নিয়েছেন। এতে সম্পত্তি কর পরিশোধের পরিকল্পনা, আর্থিক শিক্ষা এবং বাড়ির মালিকদের সহায়তাকারী সংস্থাগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত বাজেটে বাড়ির মালিকদের আইনি ও আর্থিক সহায়তা কর্মসূচিতে আরও পাঁচ লাখ ডলারের বেশি যোগ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রঙ্কসসহ নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর বাড়ির মালিকেরা সেন্টার ফর নিউইয়র্ক সিটি নেইবারহুডসের মাধ্যমে বিনামূল্যে সহায়তা চাইতে পারেন। যোগাযোগের নম্বর ৬৪৬-৭৮৬-০৮৮৮। সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা পাওয়া যায়। এ ছাড়া ৩১১ নম্বরেও যোগাযোগ করা যাবে।
কর্তৃপক্ষের পরামর্শ, মর্টগেজের কিস্তি বকেয়া পড়লে বা ব্যাংকের কাছ থেকে ফোরক্লোজার নোটিশ পেলে দেরি না করে সহায়তা নিতে হবে। প্রাথমিক পর্যায়ে আইনি ও আর্থিক পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই বাড়ি হারানোর ঝুঁকি কমানোর সুযোগ থাকে।

সর্বশেষ

advert

সর্বশেষ