ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

পরবর্তী শুনানিতে হাজির হওয়ার শর্তে মুক্তি

নিউইয়র্কে মেডিকেইডের ৩ লাখ ডলার আত্মসাৎ!

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১০
...
নিউইয়র্ক সিটির কুইন্সে রোগীদের দাঁতের চিকিৎসা না করেই শত শত চিকিৎসার ভুয়া বিল তৈরি করে মেডিকেইড কর্মসূচি থেকে তিন লাখ ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এক ডেন্টিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডেন্টিস্টের নাম সুলেমান নাসিমি (৪৬)। তাঁর বিরুদ্ধে মোট ৪০টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তরের তদন্তে এই জালিয়াতির তথ্য উঠে এসেছে।
গত ২৮ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গ্রেপ্তারের বিষয়টি ঘোষণা করেন। প্রতিবেদনে বলা হয়েছে, নাসিমি লং আইল্যান্ডের হিকসভিলের বাসিন্দা। তিনি কুইন্সের ফ্রেশ মেডোজ এলাকার ৬১-০৭ ইউটোপিয়া পার্কওয়েতে অবস্থিত ‘টুথ ফ্রেশ মেডোজ’ নামে একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনা করতেন।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরের মেডিকেইড ফ্রড কন্ট্রোল ইউনিটের তদন্তে অভিযোগ করা হয়েছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত নাসিমি শত শত রোগীর নামে দাঁতের রুট ক্যানাল, পোরসেলিন ক্রাউন স্থাপনসহ বিভিন্ন চিকিৎসা সম্পন্ন করার ভুয়া তথ্য জমা দেন। বাস্তবে এসব চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ তদন্তকারীদের।
তদন্তে আরও উঠে এসেছে, নাসিমি ইউরোপে অবকাশযাপনের সময়ও তাঁর ক্লিনিকে রোগীদের চিকিৎসা দেওয়ার ভুয়া বিল জমা দিয়েছেন। শুধু ২০২২ সালের জুলাই মাসেই তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও গ্রিসে অবস্থান করার সময় এবং ক্লিনিক বন্ধ থাকা অবস্থায় ১ লাখ ৪০ হাজার ডলারের বেশি চিকিৎসার বিল মেডিকেইডে জমা দেন বলে অভিযোগ রয়েছে।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী, এই জালিয়াতির কারণে শুধু সরকারি অর্থের অপব্যবহারই হয়নি, প্রকৃত রোগীরাও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। কয়েকজন রোগী পরবর্তী সময়ে অন্য ডেন্টিস্টের কাছে চিকিৎসা নিতে গেলে তাঁদের আবেদন অনুমোদন করা হয়নি। কারণ মেডিকেইডের নথিতে দেখা যায়, সংশ্লিষ্ট চিকিৎসা আগেই সম্পন্ন হয়েছে এবং তার বিলও পরিশোধ করা হয়েছে। অথচ অভিযোগ অনুযায়ী, রোগীরা বাস্তবে সেই চিকিৎসা পাননি।
অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, মেডিকেইড কর্মসূচিতে ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন চিকিৎসার ওপর নির্ভরশীল সাধারণ মানুষ। এসব অনিয়মের কারণে অনেক রোগীর প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়। রোগীদের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত আর্থিক লাভকে প্রাধান্য দেওয়ার ঘটনা তাঁর দপ্তর সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি।
সুলেমান নাসিমি ও তাঁর প্রতিষ্ঠান টুথ ফ্রেশ মেডোজের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার বড় অঙ্কের অর্থ চুরি, স্বাস্থ্যসেবা খাতে প্রতারণা এবং সরকারি দপ্তরে মিথ্যা নথি দাখিলসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক জেনিফার সেন্ট-প্রেউক্সের সামনে হাজির করা হলে নাসিমি অভিযোগ অস্বীকার করেন। পরে আদালত তাঁকে নিজ দায়িত্বে পরবর্তী শুনানিতে হাজির হওয়ার শর্তে মুক্তি দেন।

সর্বশেষ

advert

সর্বশেষ