নিউইয়র্কে বাংলা সংগীত, কবিতা ও আবৃত্তির বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন ঊনবাঙালের ‘সপ্তসুর’। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির থেকে শুরু করে শাহ আবদুল করিমসহ বাংলা সংগীতের সাত কিংবদন্তি সুরস্রষ্টার ২৩টি কালজয়ী গান পরিবেশন করা হয় অনুষ্ঠানে। প্রায় চার ঘণ্টাব্যাপী এই সাংস্কৃতিক আয়োজনে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসে বাংলা ভাষা, সংগীত ও সাহিত্যের চর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও উঠে আসে আয়োজকদের বক্তব্যে।
গত ৯ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয় ‘সপ্তসুর’। তিন মাসের নিবিড় অনুশীলন ও প্রস্তুতির মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন করে ঊনবাঙাল। সন্ধ্যা সাড়ে ছয়টায় সংগঠনের প্রতিষ্ঠাতা কবি কাজী জহিরুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলা সংগীতের সাত বরেণ্য সুরস্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, শাহ আবদুল করিম ও রাধারমণ দত্তের ২৩টি জনপ্রিয় ও কালজয়ী গানের পরিবেশনা। একের পর এক গানের সুরে বাংলা সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন শিল্পীরা। তাঁদের সম্মিলিত পরিবেশনায় পুরো মিলনায়তনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

ঊনবাঙালের সংগীত বিভাগের পরিচালক মিতা হোসেনের নেতৃত্বে সংগীত পরিবেশন করেন বুলা আফরোজ, মোহাম্মদ শানু, সানজানা তাসমিন, আরিফ আহমেদ অর্ণব, রেজা কামাল, নজরুল ইসলাম, আবিদা সুলতানা, মুক্তি জহির, চমক ইসলাম, রেণু রোজা, দেলোয়ারা কামাল, নাসির উদ্দিন, মুন্না চৌধুরী ও শাহীনূর শাণূ নদী। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন রবিউল হাসান রুবেল, পিনু সেন ও মোহাম্মদ শানু।
সংগীতের পাশাপাশি কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দেয়। আবৃত্তি পরিবেশন করেন আহসান হাবিব, জিএম ফারুক খান, জান্নাত সুলতানা ও সুমন শামসুদ্দিন। তাঁদের কণ্ঠে কবিতার ছন্দ ও আবেগ দর্শকদের মুগ্ধ করে।
স্বরচিত কবিতা পাঠ করেন সোহেল হামিদ, সাইফুস সানী, মুশফিক চৌধুরী, শেখ মিজান, রেণু রোজা, রওশন হক ও দীপ্তি বড়ুয়া। কবিদের নিজস্ব ভাবনা, জীবনবোধ ও অনুভূতির প্রকাশ অনুষ্ঠানের সাহিত্য পর্বকে সমৃদ্ধ করে।
অনুষ্ঠানের শুরুতে কবি কাজী জহিরুল ইসলামের আমন্ত্রণে শুভেচ্ছা বক্তব্য দেন বর্ষীয়ান সাংবাদিক মনজুর আহমদ ও সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। তাঁরা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগীত, কবিতা ও সাহিত্যের নিয়মিত চর্চা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাঁদের শেকড়ের সম্পর্ক আরও গভীর করতে পারে।
ঊনবাঙালের প্রতিষ্ঠাতা কবি কাজী জহিরুল ইসলাম বলেন, তিন মাসের অক্লান্ত পরিশ্রম ও সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব হয়েছে। সংগীতশিল্পী, কবি, আবৃত্তিশিল্পী এবং আয়োজকদের আন্তরিক সহযোগিতাই এ আয়োজনের মূল শক্তি।
তিনি বলেন, ‘যাঁরা অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের শুধু ধন্যবাদ নয়, অভিনন্দনও জানাই। বিশেষ করে যাঁরা প্রায় চার ঘণ্টা বসে আমাদের গান ও কবিতা উপভোগ করেছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।’
পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহীনূর শাণূ নদী। তাঁর সাবলীল উপস্থাপনায় সংগীত, কবিতা ও আবৃত্তির বিভিন্ন পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজন সফল করতে নেপথ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা। অর্থ সংগ্রহের মূল দায়িত্বে ছিলেন কাজী ফৌজিয়া। খাদ্য ব্যবস্থাপনায় মুন্না চৌধুরী এবং হল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন।
আয়োজকদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যেও বাংলা সংগীত ও সাহিত্যের প্রতি মানুষের গভীর আগ্রহ রয়েছে। চিরায়ত বাংলা গানের প্রতি দর্শকদের ভালোবাসা এবং প্রায় চার ঘণ্টা ধরে অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে সেই আগ্রহের প্রতিফলন ঘটেছে।
বাংলা সংগীতের সাত কিংবদন্তি সুরস্রষ্টাকে এক মঞ্চে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁদের সৃষ্টিকে পরিচিত করে তোলার প্রয়াস ছিল ঊনবাঙালের ‘সপ্তসুর’। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিক চর্চা এবং শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন