ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্কে সেলিম-আলী পরিষদের সমর্থনে প্রবাসী চট্টগ্রামবাসীদের নির্বাচনী সভা

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০
...
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সামনে রেখে সেলিম-আলী পরিষদের সমর্থনে নির্বাচনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এ সভায় কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক প্রবাসী চট্টগ্রামবাসী ও ভোটার অংশ নেন। সভায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম আধুনিকায়ন, প্রবাসীদের সেবার পরিধি সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেন।
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকার জেশন পার্টি হলে ‘প্রবাসী চট্টগ্রামবাসী, নিউইয়র্ক’-এর উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজীর সভাপতিত্বে সভায় সেলিম-আলী পরিষদের প্রার্থী, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী তাঁদের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা বলেন, নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে আধুনিক ও ডিজিটাল সেবাভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা সহজে পৌঁছে দিতে ওয়ান-স্টপ সেবা চালু করার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
প্রার্থীরা জানান, নতুন আসা প্রবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং সেখানে বড় পরিসরে সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
প্রবীণ প্রবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিতে বিশেষ কাউন্সেলিং সেল গঠনের প্রতিশ্রুতিও দেন তাঁরা। প্রার্থীদের বক্তব্যে বাংলাদেশ সোসাইটিকে প্রবাসীদের জন্য আরও কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা উঠে আসে।
সভায় চট্টগ্রাম সমিতির সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁরা সেলিম-আলী পরিষদের প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা সেলিম-আলী পরিষদের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেলিম-আলী পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মো. মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি পদপ্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান বক্তব্য দেন।
এ ছাড়া সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের পক্ষে সমর্থন কামনা করেন।
সভায় বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম সমিতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ও বৃহত্তর কুমিল্লা সমিতিসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী পরিষদগুলোর প্রচার-প্রচারণা, মতবিনিময় সভা ও ভোটারদের সঙ্গে যোগাযোগের কার্যক্রম চলছে।
আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানানো এবং নৈশভোজের মধ্য দিয়ে জ্যামাইকার নির্বাচনী সভার সমাপ্তি ঘটে।

নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন

সর্বশেষ

advert

সর্বশেষ