ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে জালালাবাদ এসোসিয়েশনের সংবর্ধনা ও মতবিনিময় সভা

বাংলা পত্রিকা ডেস্ক:
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০
...

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে নিউইয়র্কে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। সভায় নিউইয়র্ক থেকে ঢাকায় বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন, প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা, জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী কার্ড সহজলভ্য করা এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। বৃহত্তর সিলেটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

গত শনিবার, ১০ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান এবং জ্যাকসন হাইটস ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর বোর্ড অব ট্রাস্টির সদস্য বদরুন নাহার খান মিতা ও সৈয়দ নাজমুল হাসান কুবাদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আজাদুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার রহমান সায়েম এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শেকিল চৌধুরী।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহসাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন ও বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য মকবুল রহিম চুন্নু, রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুস শহিদ এবং অ্যাডভোকেট নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জ্যামাইকার দারুল সালাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুকিত। এরপর সংবর্ধিত অতিথি জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির সম্মানে একটি বিশেষ মানপত্র পাঠ করেন কার্যকরী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মানিক। পরে সংগঠনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের নেতৃত্বে কার্যকরী পরিষদের সদস্যরা জি কে গউছের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, কার্যকরী পরিষদের সদস্য ফজল খান এবং সহসভাপতি লুকমান হোসেন লুকু, শামীম আহমেদ, শফিউদ্দিন তালুকদার ও জাবেদ উদ্দিন।
মতবিনিময় সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে নিউইয়র্ক থেকে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি অধিকাংশ বক্তার বক্তব্যে গুরুত্ব পায়।
বক্তারা বলেন, প্রায় দুই দশক ধরে নিউইয়র্ক-ঢাকা রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশু ও পরিবার নিয়ে বাংলাদেশে যাতায়াতকারীদের জন্য সরাসরি বিমানসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকারের উড়োজাহাজ সংগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে বক্তারা নিউইয়র্ক-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বিষয়টিকে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করে সংবর্ধিত অতিথির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তাঁরা।
সভায় ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীতকরণ, বিদ্যমান সড়ক সংস্কার এবং নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ কোটা ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান বক্তারা।
হবিগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। বক্তারা জেলায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের দাবি জানান। একই সঙ্গে হবিগঞ্জের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার এবং জেলার সার্বিক যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের বিষয়েও প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রবাসীদের দেশে থাকা জমিজমা, বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। বক্তারা অভিযোগ করেন, প্রবাসে অবস্থানের সুযোগে অনেক সময় তাঁদের জমিজমা অবৈধভাবে দখল, দলিলসংক্রান্ত জটিলতা এবং নানা ধরনের প্রশাসনিক হয়রানির ঘটনা ঘটে। এসব সমস্যা নিরসনে প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধি, অবৈধ দখল প্রতিরোধ এবং প্রবাসীদের সম্পত্তি রক্ষায় কার্যকর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার দাবিও জানানো হয়। বক্তারা প্রবাসী কার্ড কার্যক্রম দ্রুত চালু, এনআইডির সঙ্গে প্রবাসী কার্ডের সমন্বয় এবং প্রবাসীদের সরকারি সেবা গ্রহণে কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
পাশাপাশি দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া এবং নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর সিল প্রাপ্তির পদ্ধতি আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার অনুরোধ জানান তাঁরা।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টির সাবেক সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিবিদ বেলাল চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, লাখাই ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বাশির রহমান।
এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট সালেহ আহমেদ, ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, ছাত্রনেতা আব্দুল আহাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ছাত্রনেতা দরাদ আহমেদ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সৈয়দ জিয়াউল হাসান আসাদ, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন এবং হবিগঞ্জ জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নোমান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জি কে গউছ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য মামলা, নির্যাতন, কারাবরণ ও প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
জি কে গউছ বলেন, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বৃহত্তর সিলেটে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী সাফল্যের পেছনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং জনগণের সমর্থনের কথা উল্লেখ করেন তিনি।
বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়ক, হবিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন এবং সিলেট-ঢাকা রেলযোগাযোগ আধুনিকায়নে কাজ চলছে। হবিগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকা বরাদ্দের কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা তাঁদের প্রধান দায়িত্ব। প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন দাবি ও প্রত্যাশার প্রেক্ষাপটে তিনি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ সাদেক, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা গোলাম সারওয়ার চৌধুরী, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা গহর চৌধুরী কিনু, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা শমীর উদ্দিন, আহমেদ মোস্তফা বাবুল এবং কুলাউড়া এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ।
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আকবর হোসেন স্বপন, উপদেষ্টা অ্যাডভোকেট সালেহ আহমদ, গোলাম রাব্বি সিতু, তাজুল ইসলাম তালুকদার, সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ রুবেল মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফখরুল আবেদীন, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহির আহমেদ রাহুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুকিত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া এবং সাবেক সহসভাপতি আশফাকুল হক চৌধুরী ও গিয়াসউদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি তাজুল ইসলাম মানিক, মাধবপুর ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ কয়েস চৌধুরী, মাহরিন মাল্টি সার্ভিসের কর্ণধার মোশাররফ চৌধুরী এবং নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলমগীর মিয়া, রাজনীতিবিদ আব্দুল ওহিদ সাহেল, সাবেক ছাত্রনেতা কামাল চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ।
এ ছাড়া আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদের সহসভাপতি পদপ্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রোমানা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাঈন উদ্দিন বাবুল এবং কার্যকরী পরিষদের সদস্য পদপ্রার্থী মো. উজ্জ্বল বিপুল ও শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক সহসভাপতি আব্দুল মোসাব্বির, সাংবাদিক খলকুল কামাল, রাজনীতিবিদ রিপন মিয়া এবং মোহাম্মদ হুসেন আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
বক্তব্যের শেষ পর্যায়ে জি কে গউছ তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভা বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সহযোগিতার বিষয়টি উঠে আসে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, সংবর্ধিত অতিথির মাধ্যমে প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

নিউজ সম্পাদনায় শাহ্ এ সুমন

সর্বশেষ

advert

সর্বশেষ