যুক্তরাষ্ট্রে কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুবিধা বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়ম কার্যকর হওয়ায় অনুমতির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন সম্পন্ন না হলে অনেক অভিবাসীকে কাজ বন্ধ রাখতে হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ব্লুমবার্গ ল-এর বরাতে জানিয়েছে, গত বছর চালু হওয়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ীভাবে পরিবর্তন করেছে ডিএইচএস। এর ফলে কাজের অনুমতির নবায়ন আবেদন বিবেচনাধীন থাকলেই আর স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি বহাল থাকবে না।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীরা তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৮০ দিন আগে নবায়নের আবেদন করতে পারবেন। তবে আবেদন জমা দেওয়ার পর অনুমোদন পেতে দেরি হলে কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা।
এ সিদ্ধান্তের ফলে যেসব অভিবাসী কাজের অনুমতির নবায়নের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রে চাকরি করছেন, তাদের আবেদন প্রক্রিয়া ও সময়সীমার বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে অনুমতির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন অনুমোদন না পেলে তাদের কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।