ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচনে নাটকীয় মোড়, বাংলাদেশি বংশোদ্ভুত মুহিত মাহমুদ বেসরকারিভাবে নির্বাচিত

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১০
...
মুহিত মাহমুদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির মেয়র নির্বাচন নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নাটকীয় মোড় এসেছে। আদালতের নির্দেশে প্রায় এক বছর পর বিতর্কিত ৩৭টি অনুপস্থিত ভোটের ব্যালট গণনার পর বর্তমান মেয়র এডাম আল হারবীকে ১২ ভোটে পেছনে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। শুক্রবার, ১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ব্যালটগুলো গণনা করা হয়। নতুন হিসাবে মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট এবং এডাম আল হারবী পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় মুহিত মাহমুদকে এখনই মেয়র ঘোষণা করা হচ্ছে না।
২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন ইয়েমেনি বংশোদ্ভূত এডাম আল হারবী। তিনি চলতি বছরের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু নির্বাচনের পর বাদ পড়া ৩৭টি ব্যালট নিয়ে আইনি লড়াই শুরু করেন সাবেক সিটি কাউন্সিল সদস্য মুহিত মাহমুদ।
সিবিএস ডেট্রয়েটের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার গণনা করা ৩৭টি ব্যালটের মধ্যে ৩০টি ভোট পেয়েছেন মুহিত মাহমুদ। বাকি সাতটি ভোট পান তাঁর প্রতিদ্বন্দ্বী এডাম আল হারবী। এতে আগের ১১ ভোটের ব্যবধান ঘুচিয়ে নতুন হিসাবে ১২ ভোটে এগিয়ে যান মুহিত।
শুক্রবার দুপুরে ওয়েইন কাউন্টি নির্বাচন কমিশনের বৈঠকে ব্যালট গণনার কার্যক্রম শুরু হয়। কমিশনের চেয়ারম্যান ডেভিড ব্র্যাক্সটন ভোটের সঠিক হিসাব ও ব্যালটের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। পরে দুপুর ১টা ১৬ মিনিটে সিল করা ব্যালটের প্যাকেট খোলা হয়। প্রতিটি ব্যালট পরীক্ষা করে গণনাযন্ত্রে প্রবেশ করানো হয়। প্রায় দেড় ঘণ্টার প্রক্রিয়া শেষে দুপুর ২টা ৫২ মিনিটের দিকে নতুন ভোটের হিসাব ঘোষণা করা হয়।
তবে এই ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। কারণ মুহিত মাহমুদের হ্যামট্রামিক সিটিতে বসবাসের যোগ্যতা নিয়ে আদালতে পৃথক মামলা রয়েছে। এডাম আল হারবীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুহিত মাহমুদ হ্যামট্রামিকের পরিবর্তে ট্রয় সিটিতে বসবাস করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুহিত। তাঁর দাবি, তিনি হ্যামট্রামিকের বৈধ বাসিন্দা এবং মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সব শর্ত পূরণ করেছেন।
এদিকে এডাম আল হারবীর আইনজীবী নাবিহ আয়াদ জানিয়েছেন, নতুন ভোটের হিসাবের পর তাঁরা পুনর্গণনার আবেদন করবেন। পাশাপাশি বিতর্কিত ব্যালটগুলোর নিরাপত্তা ও মুহিত মাহমুদের আবাসিক যোগ্যতা নিয়েও আইনি লড়াই চালিয়ে যাবেন।
বিতর্কিত ৩৭টি ব্যালট প্রথমে গণনা করা হয়নি, কারণ তৎকালীন সিটি ক্লার্ক রানা ফারাজ ব্যালটগুলোর সংরক্ষণ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যালটগুলো সংরক্ষিত থাকা অবস্থায় অননুমোদিত ব্যক্তিরা তাঁর কার্যালয়ে প্রবেশ করেছিলেন। ফলে ব্যালটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সন্দেহ তৈরি হয়।
পরবর্তী সময়ে আদালতে বিষয়টি গড়ায়। মিশিগান কোর্ট অব আপিল গত মার্চে ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। এরপর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাককার্থি ১৬ অক্টোবরের মধ্যে গণনা সম্পন্ন করার নির্দেশ দেন।
আগামী বৃহস্পতিবার, ২২ অক্টোবর আদালতে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই শুনানিতে নতুন ভোটের হিসাব অনুমোদন এবং মুহিত মাহমুদের আবাসিক যোগ্যতা নিয়ে চলমান আইনি প্রশ্নগুলোর নিষ্পত্তির বিষয় বিবেচনা করা হবে।
আদালত মুহিত মাহমুদকে মেয়র হওয়ার অযোগ্য ঘোষণা করলে নতুন নির্বাচন আয়োজনের পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে সেটি নির্ভর করবে আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর।
এদিকে ৩৭টি ব্যালট গণনার পর ভোটের হিসাবে এগিয়ে যাওয়ায় মুহিত মাহমুদের মেয়র হওয়ার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। প্রায় এক বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর নতুন ভোটের হিসাব তাঁর পক্ষে গেলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
আপাতত এডাম আল হারবীই হ্যামট্রামিক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২২ অক্টোবরের আদালতের শুনানির দিকে এখন নজর স্থানীয় ভোটার ও বাংলাদেশি কমিউনিটির।

সর্বশেষ

advert

সর্বশেষ