নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
ধর্মীয় পরিচয় নিয়ে ট্রাম্প সহ রিপাবলিকানদের বিরোধিতার পর ঐতিহাসিক বিজয়
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর ; কে এই আবদুল এল সাঈদ
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৩:১১
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা আবদুল এল সাঈদ। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র বিরোধিতা, ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক এবং নিজ দলের অভ্যন্তরীণ বিভক্তির মধ্যেও তাঁর এই বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৪২ বছর বয়সী এই চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এর আগে কখনো নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেননি। তবে জনস্বাস্থ্য প্রশাসন ও রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, ধনীদের ওপর কর বৃদ্ধি এবং বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরোধিতা করে তিনি আলোচনায় আসেন। বিবিসি নিউজ ওয়ার্ল্ড সার্ভিসের এক প্রতিবেদনে এল সাঈদের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক উত্থান এবং বিতর্কপূর্ণ নির্বাচনী প্রচারণার বিস্তারিত তুলে ধরা হয়েছে। ১৯৮৪ সালে মিশিগানের ডেট্রয়েটের উপশহর রচেস্টার হিলসে জন্ম আবদুল এল সাঈদের। তাঁর বাবা-মা মিশরীয় বংশোদ্ভূত। মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবা ও সৎমা জ্যাকুলিন জনসনের কাছে বেড়ে ওঠেন তিনি। শৈশব থেকেই যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক সমাজে বেড়ে ওঠা এল সাঈদ উচ্চশিক্ষা গ্রহণ করেন মিশিগান বিশ্ববিদ্যালয় ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসাবিদ্যায় পড়াশোনার পাশাপাশি মহামারীবিদ্যায় বিশেষজ্ঞতা অর্জন করেন তিনি। ২০১৫ সালে ডেট্রয়েট স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় পর্যায়ে পরিচিতি পান এল সাঈদ। জনস্বাস্থ্য প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক কর্মসূচির অন্যতম ভিত্তি হয়ে ওঠে। ২০১৮ সালে প্রথম বড় ধরনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। মিশিগানের গভর্নর পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিলেও গ্রেচেন হুইটমারের কাছে ২০ শতাংশের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন। হুইটমার পরবর্তী সময়ে মিশিগানের গভর্নর নির্বাচিত হন। সেই পরাজয়ের পরও রাজনীতি থেকে সরে যাননি এল সাঈদ। বরং স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়গুলো সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করেন। এবারের সিনেট নির্বাচনে এল সাঈদের প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ। সার্বজনীন স্বাস্থ্যসেবার অর্থায়নে ধনকুবেরদের ওপর কর বৃদ্ধির পক্ষে অবস্থান নেন তিনি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আবাসন ব্যয় এবং সাধারণ পরিবারের অর্থনৈতিক চাপ কমানোর বিষয়গুলোকে গুরুত্ব দেন। তাঁর রাজনৈতিক বক্তব্যে বারবার উঠে আসে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হচ্ছে, সেই প্রশ্ন। এল সাঈদের মতে, বিদেশে সামরিক সহায়তার পেছনে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে সেই অর্থ দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ব্যবহার করা উচিত। নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরুদ্ধে তাঁর অবস্থান। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি গণহত্যা হিসেবে বর্ণনা করেন। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শুধু ইসরায়েল নয়, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের অর্থায়নের বিরোধিতাও করেছেন তিনি। গত ২৮ অক্টোবর এক বক্তব্যে এল সাঈদ বলেন, সাধারণভাবে বিদেশি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের অর্থায়ন করা উচিত নয়। তাঁর এই অবস্থান ডেমোক্র্যাট দলের প্রগতিশীল অংশের সমর্থন পেলেও ইসরায়েলপন্থি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনার মুখে পড়ে। নির্বাচনী প্রচারণায় এল সাঈদের পক্ষে দাঁড়ান ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেতারা। প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ তাঁকে সমর্থন জানান। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও তাঁর প্রচারণায় অংশ নেন। ডেমোক্র্যাট দলের প্রগতিশীল ও মধ্যপন্থি অংশের নেতাদের এই সমর্থন মিশিগানের সিনেট আসন ধরে রাখার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলের ভেতরে সবাই তাঁর প্রার্থিতা মেনে নিতে পারেননি। নির্বাচনের শেষ মুহূর্তে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয় ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্সের সিদ্ধান্তকে কেন্দ্র করে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এল সাঈদের কাছে অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন স্টিভেন্স। কিন্তু সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে তিনি নিজের দলের প্রার্থীর পরিবর্তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানান। এই সিদ্ধান্ত ডেমোক্র্যাট দলের অভ্যন্তরীণ বিভক্তিকে প্রকাশ্যে নিয়ে আসে। বিশেষ করে মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সিনেট আসনে দলের একজন পরিচিত নেত্রীর বিপরীত অবস্থান নির্বাচনী প্রচারণায় নতুন উত্তেজনা সৃষ্টি করে। তবে এল সাঈদ এই বিরোধকে গুরুত্ব না দিয়ে সাধারণ ভোটারদের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার কথা জানান। ১ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিশিগানের প্রায় এক কোটি মানুষের উন্নত সরকারি সেবা পাওয়ার অধিকার রয়েছে। তিনি রাজনৈতিক বিরোধের পরিবর্তে তাঁদের প্রয়োজনের ওপর গুরুত্ব দিতে চান। নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কঠোর সমালোচনার মুখে পড়েন এল সাঈদ। ট্রাম্প তাঁকে সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল বলে অভিযুক্ত করেন। অন্যদিকে ভ্যান্সও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের এক নির্বাচনী সমাবেশে এল সাঈদের বিরুদ্ধে তীব্র বক্তব্য দেন। রিপাবলিকানদের পক্ষ থেকে মিশরের ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর সম্পর্ক থাকার অভিযোগও তোলা হয়। তবে এল সাঈদ এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা ২০১২ সালের একটি খোলা চিঠিতে তাঁর স্বাক্ষরের বিষয়টি সামনে আনেন। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উদ্দেশ করে লেখা ওই চিঠির বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। এ ছাড়া ইসরায়েল ও গাজা নিয়ে তাঁর অবস্থানকে কেন্দ্র করে মিশিগানের ইহুদি সম্প্রদায়ের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এল সাঈদ বারবার জানিয়েছেন, তাঁর আনুগত্য যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি। ধর্মীয় পরিচয় কিংবা অতীতের বিতর্ক নয়, রাজনৈতিক কর্মসূচি ও নীতির ভিত্তিতে তাঁকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রচারণায় নিজের মুসলিম পরিচয় নিয়েও সরাসরি কথা বলেছেন আবদুল এল সাঈদ। তাঁর বক্তব্য ছিল, মানুষের ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু জীবনযাত্রার মৌলিক সমস্যা এবং প্রত্যাশার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি হয়তো সাধারণ আমেরিকানদের চেয়ে কিছুটা ভিন্নভাবে প্রার্থনা করি, কিন্তু আমরা একই জিনিসের জন্য প্রার্থনা করি।’ তিনি আরও বলেন, তাঁর নাম কিংবা ধর্মবিশ্বাসের কারণে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে, গাড়িতে তেল নিতে বা চিকিৎসকের কাছে যেতে সমস্যায় পড়ে না। এসব সমস্যা সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। নির্বাচনে এগিয়ে থাকার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এল সাঈদ তাঁর বিরুদ্ধে পরিচালিত প্রচারণার কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষায়, এই নির্বাচনে তাঁর বিরুদ্ধে অত্যন্ত নেতিবাচক ও কদর্য প্রচারণা চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। রাজনৈতিক বিরোধ ও বিভাজনের পরিবর্তে মিশিগানের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ওপর গুরুত্ব দেন নবনির্বাচিত এই সিনেটর। চিকিৎসক থেকে জনস্বাস্থ্য প্রশাসক, এরপর গভর্নর নির্বাচনে পরাজয় এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হওয়া—আবদুল এল সাঈদের রাজনৈতিক যাত্রা নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম প্রতিনিধিত্বের পথ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশটির জাতীয় রাজনীতিতে ধর্মীয় ও অভিবাসী পরিচয়ের প্রতিনিধিত্ব নিয়ে নতুন আলোচনার সূচনা হয়েছে।