ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

ট্রাম্প প্রশাসন ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১
...
  • দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের
  • পাল্টা ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি বিচার বিভাগের

বাংলা পত্রিকা রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও বিজয়ী ডেমোক্র্যাটদের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সিদ্ধান্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন প্রয়োগে ব্যর্থতার অভিযোগ তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটিক নেতারা। জবাবে এসব উদ্যোগকে রাজনৈতিক হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর প্রশাসনের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে পাল্টা ফৌজদারি তদন্তের সম্ভাবনার কথাও জানিয়েছেন। একই সময়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসনের উদ্যোগ, হোয়াইট হাউসের শীর্ষ পদে পরিবর্তন এবং ডেমোক্র্যাটদের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
রোববার (৮ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সিবিএস নিউজের পৃথক প্রতিবেদনে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসের নতুন সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে এই সংঘাতের চিত্র উঠে এসেছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের তদন্ত ও তদারকি ক্ষমতা ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে চাইছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেই এসব তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচনের ফলাফল নিয়ে রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সর্বশেষ নির্বাচনের ফলাফলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতিহাসে একটি বিশাল পদক্ষেপ পিছিয়ে গেছে। একই পোস্টে তিনি দাবি করেন, তাঁর প্রশাসনের সময়ে দ্রুতগতিতে এগিয়ে চলা শেয়ারবাজার এক দিনেই তিন ট্রিলিয়ন ডলার মূল্য হারিয়েছে। তবে সমর্থকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও আগের চেয়ে বড় ও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে।
সিবিএস নিউজ জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে ৪০টির বেশি প্রতিনিধি পরিষদের আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থীরা। এর মধ্যে কয়েকটি আসন দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্র্নিধারণের কারণে সম্ভাব্য আসন হারানোর আশঙ্কাও অনেকাংশে কাটিয়ে উঠেছেন ডেমোক্র্যাটরা।
সিবিএস নিউজের ৮ নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা সিনেটে অন্তত ৫৪টি এবং প্রতিনিধি পরিষদে প্রায় ২৫৬টি আসন পেতে পারেন। তবে রোববার পর্যন্ত প্রতিনিধি পরিষদের ২০টির বেশি এবং সিনেটের দুটি আসনের ফল নিষ্পত্তি হয়নি। ফলে এসব সংখ্যা চূড়ান্ত নয়।
নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিয়ে প্রেসিডেন্ট ও তাঁর বিচার বিভাগ ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ইতিমধ্যে যেসব তদন্তসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে, তা সর্বোচ্চ পর্যায়ের চাঁদাবাজির শামিল। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা উচিত।
ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের সম্ভাবনাও রয়েছে। রোববার ফক্স নিউজ ও সিএনএনের অনুষ্ঠানে তিনি বলেন, প্রশাসনের বর্তমান কর্মকর্তাদের কিংবা বিভিন্ন কোম্পানিকে হুমকি দেওয়ার অধিকার ডেমোক্র্যাটদের নেই। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তাঁর উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
অন্যদিকে প্রতিনিধি পরিষদের প্রভাবশালী ওভারসাইট কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। তিনি ট্রাম্প ও তাঁর পরিবারের কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত চালানোর ঘোষণা দিয়েছেন।
গার্সিয়া ট্রাম্পের পরিবারকে ‘ট্রাম্প ক্রাইম ফ্যামিলি’ হিসেবে উল্লেখ করে বলেন, ডেমোক্র্যাটরা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। তাঁর ভাষায়, পাল্টা লড়াই না করার দিন শেষ হয়ে গেছে।
ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেনও আগামী বছর ব্যাপক তদন্তের প্রস্তুতির কথা জানিয়েছেন। সিনেট ব্যাংকিং কমিটির নেতৃত্ব গ্রহণের পর বড় প্রযুক্তি কোম্পানি, ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠান এবং আইন লঙ্ঘনের অভিযোগ থাকা করপোরেশনগুলোর কর্মকাণ্ড তদন্ত করতে চান তিনি।
রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ওয়ারেন বলেন, যেসব প্রতিষ্ঠান সাধারণ আমেরিকান পরিবারকে প্রতারণা করে কিংবা বিনিয়োগকারীদের সঙ্গে অসাধু আচরণ করে মুনাফা অর্জন করেছে, তাদের গুরুতর তদন্তের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
ওয়ারেন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষ প্রতারণার শিকার হলেও হোয়াইট হাউস যথাযথ ব্যবস্থা নেয়নি। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের সঙ্গে আর্থিক সম্পর্কের মাধ্যমে কোনো কোনো প্রতিষ্ঠান আইন প্রয়োগের হাত থেকে ছাড় পেয়েছে।
তবে তদন্তের পাশাপাশি নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ওয়ারেন। ক্রেডিট কার্ডের সুদহার কমানো, আবাসন ব্যয় নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবার সুযোগ বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্রামীণ হাসপাতালগুলো রক্ষার মতো বিষয়ে কাজ করতে চান তিনি।
এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি প্রয়োজন হলে অভিশংসনের উদ্যোগও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ডেমোক্র্যাটিক নেতারা। নিউইয়র্কের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ ক্ষুণ্ন করা, তাঁদের সঙ্গে প্রতারণা কিংবা জনগণের অর্থ আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকলে সংবিধান অনুযায়ী কংগ্রেসের ক্ষমতার মধ্যে থেকে তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগেও সমর্থন জানিয়েছেন জেফ্রিস। কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসির আনা অভিশংসন প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, কংগ্রেসের অধিবেশন শুরু হলে ডেমোক্র্যাটরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। হেগসেথকে দায়িত্ব থেকে সরানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জেফ্রিস জানান, তিনি হেগসেথের অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। তবে হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, এটি রাজনৈতিকভাবে ব্যক্তিকে ধ্বংস করার প্রচেষ্টা। এ ধরনের উদ্যোগ তাঁর বিরুদ্ধে সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের পর হোয়াইট হাউসের নেতৃত্বেও পরিবর্তন শুরু হয়েছে। সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হয়ে স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন হাকিম জেফ্রিস।
রোববার এক সাক্ষাৎকারে জেফ্রিস বলেন, স্টিফেন মিলার এবং তিনি যে নীতির প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গে সহযোগিতার সুযোগ নেই। ট্রাম্প প্রশাসন চরমপন্থী নীতি অব্যাহত রাখার চেষ্টা করলে ডেমোক্র্যাটরা তার কঠোর বিরোধিতা করবেন।
ট্রাম্প প্রশাসনের গণডিপোর্টেশন নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারের নিয়োগ নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন অংশের নেতারাও সমালোচনা করেছেন। এপি ভোটার পোল অনুযায়ী, জাতীয়ভাবে প্রায় প্রতি ১০ জনের মধ্যে ছয়জন ভোটার মনে করেন, ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে অতিরিক্ত কঠোর অবস্থান নিয়েছে।
এদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ রিচার্ড ওয়াল্টার্স পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সুসি ওয়াইলসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শুক্রবার নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন ওয়াল্টার্স।
এক বিবৃতিতে মিলার বলেন, হোয়াইট হাউসে ওয়াল্টার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং প্রশাসনের বিভিন্ন সাফল্যে অবদান রেখেছেন। দায়িত্ব ছাড়লেও তিনি বাইরে থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন।
এদিকে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেও তদন্ত ও অভিশংসনের বিষয়কে কতটা অগ্রাধিকার দেওয়া উচিত, তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। দলের একাংশ মনে করেন, নির্বাচনে জনগণের কাছে দেওয়া জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
কানসাস থেকে নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম হ্যামিল্টন সতর্ক করেছেন, শুধু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে সময় ব্যয় করলে মধ্যবর্তী নির্বাচনে পাওয়া বড় সাফল্য ধরে রাখা কঠিন হতে পারে।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হ্যামিল্টন বলেন, কংগ্রেসে তাঁর প্রথম দুই বছর যদি শুধু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করে কাটাতে হয়, তাহলে তিনি গভীরভাবে হতাশ হবেন। ওয়াশিংটনের দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হলেও একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে।
হ্যামিল্টন বলেন, ডেমোক্র্যাটরা জনগণের জন্য কাজ শুরু করতে ব্যর্থ হলে এবারের বড় নির্বাচনী সাফল্য একবারের ঘটনা হয়েই থাকতে পারে। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করে ৯৪ বছরের মধ্যে প্রথম ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।
ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও ট্রাম্প প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার পক্ষে অবস্থান জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, শুধু ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করেই সব সময় ব্যয় করা যাবে না। শ্রমজীবী পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এবং তাঁদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে হবে।
মধ্যবর্তী নির্বাচনে অংশ নেওয়া এক লাখের বেশি ভোটারের ওপর পরিচালিত এপি ভোটার পোল অনুযায়ী, জাতীয়ভাবে প্রতি ১০ জনের মধ্যে প্রায় সাতজন মনে করেন, প্রেসিডেন্টের ক্ষমতার ওপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠায় কংগ্রেস যথেষ্ট ভূমিকা পালন করছে না।
এদিকে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। রোববার এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, তিনজন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ হয়নি।
জেফ্রিস বলেন, নির্বাচনে ভোটাররা এমন একটি কংগ্রেস চেয়েছেন, যা প্রেসিডেন্টের সিদ্ধান্ত নির্বিচারে অনুমোদন না করে সরকারের সমমর্যাদাসম্পন্ন স্বাধীন শাখা হিসেবে দায়িত্ব পালন করবে।
ডেমোক্র্যাটদের অগ্রাধিকারের মধ্যে ইরান যুদ্ধের অবসান, ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তন, মেডিকেইডের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়গুলো রয়েছে বলে জানান তিনি।
জেফ্রিস বলেন, রিপাবলিকানরা জনগণের বার্তা শুনে সহযোগিতায় এগিয়ে আসবেন কি না, সেটি এখন দেখার বিষয়। তবে নির্বাচনের রাতে তিনি জানিয়েছিলেন, জনগণের জন্য বাস্তব ফলাফল নিশ্চিত করতে যেখানে সম্ভব, সেখানে রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।
এদিকে নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। সিনেটের বর্তমান ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার আবারও নেতৃত্বে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নবনির্বাচিত অন্তত দুই সিনেটর তাঁর নেতৃত্ব নিয়ে আপত্তি প্রকাশ করেছেন।
কানসাসের নবনির্বাচিত সিনেটর অ্যাডাম হ্যামিল্টন বলেন, তিনি শুমারকে জানিয়েছেন, কানসাসে শুমার একজন বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি এমন একজন নেতা চান, যিনি মধ্যপন্থী অবস্থান থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একসঙ্গে কাজ করতে উৎসাহিত করতে পারবেন।
মিশিগান থেকে নবনির্বাচিত সিনেটর আবদুল এল সাঈদও নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি প্রথমে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেনকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভ্যান হলেন নেতৃত্বের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানা গেছে।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে শুমারের সমর্থন পাননি আবদুল এল সাঈদ। তবে সাধারণ নির্বাচনে তাঁর প্রচারণায় শুমার ৬ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ের ব্যবস্থা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এল সাঈদ বলেন, প্রাইমারির পর তাঁরা একসঙ্গে কাজ করার পথ খুঁজে পেয়েছেন। সিনেটের নতুন নেতৃত্ব সম্পর্কে তাঁর বক্তব্য, নির্বাচনে জনগণের কাছ থেকে পাওয়া দায়িত্ব বাস্তবায়নে কে নেতৃত্ব দিতে পারবেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলে যাওয়ার পাশাপাশি হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, প্রশাসনের বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের প্রস্তুতি এবং পাল্টা ফৌজদারি তদন্তের হুঁশিয়ারিতে ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর এসব উদ্যোগের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

সর্বশেষ

advert

সর্বশেষ