নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
এক দশকে কমেছে প্রায় ২ লাখ শিক্ষার্থী
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে এক বছরে শিক্ষার্থী কমেছে ২৩ হাজার
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১
Picture : NBC NEW YORK
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে শিক্ষার্থী কমার প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় প্রায় ২৩ হাজার শিক্ষার্থী কমেছে। সিটি প্রশাসনের সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ২কে, ৩কে ও ৪কে প্রোগ্রামসহ পাবলিক স্কুলগুলোতে বর্তমানে মোট ৮ লাখ ৬৩ হাজার ১০০ শিক্ষার্থী রয়েছে, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ কম। গত এক দশকে সিটির পাবলিক স্কুলগুলো প্রায় দুই লাখ শিক্ষার্থী হারিয়েছে। শিক্ষার্থী কমে যাওয়ায় অনেক স্কুলের বাজেট সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীসংখ্যা কম এমন স্কুলগুলো বন্ধ বা অন্য স্কুলের সঙ্গে একীভূত করার বিষয়েও আলোচনা চলছে। অথচ ম্যানহাটন ও ব্রুকলিনের কয়েকটি এলাকায় অতিরিক্ত শিক্ষার্থীর চাপে স্কুল সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছে। সোমবার গথামিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে শিক্ষার্থী কমার প্রবণতা এক দশকের বেশি সময় ধরে চলছে। ব্যতিক্রম ছিল ২০২৩ সাল, যখন বিপুলসংখ্যক অভিবাসী পরিবারের শিশুরা সিটির স্কুলগুলোতে ভর্তি হয়েছিল। জন্মহার কমে যাওয়া এবং সন্তানসহ অনেক পরিবারের নিউইয়র্ক ছেড়ে অন্যত্র চলে যাওয়াকে শিক্ষার্থী হ্রাসের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সিটি শিক্ষা বিভাগের পৃথক হিসাবে, কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্তমানে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭ লাখ ৬৬ হাজার ৯০০ জন। গত বছরের তুলনায় এই পর্যায়ে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী কমেছে। অন্যদিকে প্রাথমিক শৈশব শিক্ষা কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত করলে মোট সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৬৩ হাজার ১০০ জনে। গত অক্টোবরে প্রকাশিত সিটি কম্পট্রোলার মার্ক লেভিনের এক প্রতিবেদন অনুযায়ী, ব্রুকলিনের মধ্যাঞ্চল, ব্রঙ্কস এবং ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস এলাকায় শিক্ষার্থী কমার প্রবণতা তুলনামূলক বেশি। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের চ্যান্সেলর কামার স্যামুয়েলস জানিয়েছেন, বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী এমন স্কুলে পড়াশোনা করছে, যেগুলো আকারে ছোট অথবা যেখানে ধারণক্ষমতার তুলনায় শিক্ষার্থী অনেক কম। শিক্ষার্থীসংখ্যা কম হলেও এসব স্কুল পরিচালনার জন্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য কর্মী প্রয়োজন হয়। এতে শিক্ষার্থীপ্রতি ব্যয় বেড়ে যায়। অন্যদিকে পর্যাপ্ত অর্থ ও শিক্ষার্থী না থাকায় অনেক ছোট স্কুলে উন্নতমানের কোর্স, আর্ট প্রোগ্রাম এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তবে সব এলাকায় শিক্ষার্থী কমছে না। ম্যানহাটন ও ব্রুকলিনের কয়েকটি জনপ্রিয় স্কুলে অতিরিক্ত শিক্ষার্থীর কারণে শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে। এসব স্কুলে নতুন জায়গা সংযোজনের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। একই সময়ে কাছাকাছি এলাকার অন্য স্কুলগুলোতে শিক্ষার্থীসংখ্যা কমে যাচ্ছে। চ্যান্সেলর কামার স্যামুয়েলস শিক্ষার্থীসংখ্যা হ্রাসকে সিটির শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সমস্যা মোকাবিলায় গত গ্রীষ্মে সিটির পাঁচটি স্কুল ডিস্ট্রিক্টে অভিভাবক ও স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন করেন তিনি। এসব গ্রুপ শিক্ষার্থী হ্রাস, ক্লাসের আকার এবং স্কুলগুলোর মধ্যে বৈষম্যসংক্রান্ত সমস্যা সমাধানের উপায় নিয়ে কাজ করছে। ভবিষ্যতে আরও ডিস্ট্রিক্টে একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। নাগরিক বাজেট কমিশনের গবেষণাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা চ্যাম্পেনি বলেছেন, শিক্ষার্থী কমে যাওয়ার ফলে অনেক স্কুল কার্যকর ও দক্ষভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় আকার ধরে রাখতে পারছে না। এতে স্কুল ভবনের জায়গা অব্যবহৃত থাকছে এবং শিক্ষা খাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে অসমতা তৈরি হচ্ছে। তিনি শিক্ষার্থী কমে গেলেও আগের বছরের হিসাবে স্কুলগুলোকে অর্থ বরাদ্দ দেওয়ার প্রচলিত ‘হোল্ড হার্মলেস’ নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কিছু স্কুল বন্ধ কিংবা একীভূত করার বিষয়ও বিবেচনায় রাখা প্রয়োজন বলে মত দিয়েছেন। তবে অতীতে স্কুল বন্ধ ও একীভূত করার উদ্যোগ নিয়ে অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছিল। এদিকে শিক্ষার্থীসংখ্যা কমার কারণে চলতি বছর স্কুলগুলোর বাজেটে অর্থ কমানো হবে কি না, সে বিষয়ে মামদানি প্রশাসনের কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত জানাননি। সিটি হলের মুখপাত্র পেনেলোপ বার্নবাম জানিয়েছেন, নতুন পরিসংখ্যান নিউইয়র্কের জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত সংকটের প্রভাব তুলে ধরছে। তাঁর মতে, জন্মহার কমছে, অভিবাসনের গতি মন্থর হয়েছে এবং অনেক পরিবার নিউইয়র্ক ছেড়ে চলে যাচ্ছে। তিনি বলেন, নিউইয়র্ককে বসবাসের উপযোগী ও অ্যাফোর্ডেবল করতে সিটি প্রশাসন বিনামূল্যে শিশু পরিচর্যাসহ বিভিন্ন কর্মসূচি সম্প্রসারণ করছে। চলতি শরতে চালু হওয়া ২কে প্রোগ্রামও সেই উদ্যোগের অংশ।