ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্ক সিটিতে আইস হেফাজতে বাংলাদেশি তরুণ

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণ মাহাদী হাসানকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) হেফাজতে রাখার তথ্য পাওয়া গেছে। আইসের সরকারি অনলাইন ডিটেইনি লোকেটর সিস্টেমে তাঁর নাম অনুসন্ধান করে দেখা যায়, তাঁকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) রাতে মাহাদীর এক পরিচিত ব্যক্তি ফেসবুকে তাঁর সন্ধান চেয়ে পোস্ট করেন বলে জানা গেছে। পরে ওই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে আইসের সরকারি লোকেটরে মাহাদী হাসানের নাম ও অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
আইসের লোকেটরে মাহাদী হাসানের জন্মস্থান বাংলাদেশ এবং বর্তমান ডিটেনশন ফ্যাসিলিটি হিসেবে ব্রুকলিন এমডিসির নাম উল্লেখ রয়েছে। এটি ফেডারেল ব্যুরো অব প্রিজনস পরিচালিত একটি ডিটেনশন সেন্টার। তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আইসের নিউইয়র্কের ভ্যারিক স্ট্রিটের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) অফিসে যোগাযোগের নির্দেশনা রয়েছে। তবে মাহাদীকে ঠিক কবে, কোথা থেকে এবং কী কারণে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর ইমিগ্রেশন স্ট্যাটাস কিংবা কোনো ডিপোর্টেশন আদেশ রয়েছে কি না, সে বিষয়েও তথ্য পাওয়া যায়নি।
এদিকে নিউইয়র্ক সিটিতে সাম্প্রতিক সময়ে আইসের অভিবাসী ধরপাকড় নিয়ে উদ্বেগ বেড়েছে। 
গত ২ নভেম্বর কুইন্স ডেইলি ঈগলের প্রতিবেদনে জানানো হয়, কুইন্সের এলমহার্স্ট এলাকায় আইসের অভিযানে দুজনকে আটকের ঘটনা ঘটেছে। কুইন্সের করোনা ও এলমহার্স্টসহ অভিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় ফেডারেল এজেন্টদের অভিযান নিয়েও স্থানীয় বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিবাসন আইন প্রয়োগের জন্য নিউইয়র্ক সিটির সম্পত্তি ব্যবহারের অভিযোগে আইসকে সতর্ক করেছেন মেয়র জোহরান মামদানি। গত ২ নভেম্বর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন, ব্রঙ্কসের ভ্যান কর্টল্যান্ড পার্ক এবং কুইন্সের ফ্লাশিং মেডোজ করোনা পার্কসংলগ্ন সিটির পার্কিং লট আইসের অভিযানের প্রস্তুতিস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র।
মেয়র মামদানির অবস্থানকে সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেছেন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সম্পদ ফেডারেল সরকারের বেসামরিক অভিবাসন আইন প্রয়োগে ব্যবহার করা উচিত নয়। গত ৬ নভেম্বর গভর্নর হোকুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস স্থানীয় কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দেন, নতুন স্টেট আইন অনুযায়ী ২৫ নভেম্বরের মধ্যে ফেডারেল বেসামরিক অভিবাসন আইনে আটক ব্যক্তিদের স্থানীয় কারাগারে রাখার চুক্তি বাতিল করতে হবে।
তবে ট্রাম্প প্রশাসন আইসের কার্যক্রম অব্যাহত রাখার অবস্থানে রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, আইন প্রয়োগের প্রস্তুতির জন্য জনসাধারণের ব্যবহারযোগ্য পার্কিং লট ব্যবহার করা ফেডারেল আইনে অনুমোদিত। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পরও প্রশাসনের অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং ডিপোর্টেশন কার্যক্রম চলবে।
তবে তাঁর আটকের কারণ, বর্তমান আইনি পরিস্থিতি এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আইস বা পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সর্বশেষ

advert

সর্বশেষ