ব্রেকিং নিউজ
  • ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
advert

নিউইয়র্কের প্রতিষ্ঠিত রন্ধনশিল্পী ও সফল ব্যবসায়ী নারী উদ্যোক্তা সাহারা খানের মৃত্যু

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১
...
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টের কর্ণধার সাহারা খান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে কুইন্সের ফ্লাশিংয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা অ্যাস্টোরিয়ার আল-আমিন জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিউ জার্সিতে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ছেলে তানজিল খান, মেয়ে শামসুন রিমিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ প্রায় তিন দশকের প্রবাসজীবনের একজন সাধারণ গৃহবধূ থেকে নারী উদ্যোক্ত হিসেবে নিউইয়র্কে প্রতিষ্ঠিত রন্ধনশিল্পী ও রেস্টুরেন্ট ব্যবসায়ী হয়ে ওঠা সাহারা খানের সংগ্রামী জীবনের সফল অধ্যায়ের ইতি হলো। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিটির ওজনপার্কে বসবাস করতেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, নার্গিস আহমেদ, জালালাবাদ সোসাইটির সভাপতি বদরুল হোসেন, খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মূলধারার রাজনীতিবিদ মেরি জোবাইদা, আল-আমিন জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সাহাব আহমদ, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন এবং সহসভাপতি কয়েছ আহমদ। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তথ্যমতে সাহারা খানের জন্ম বাংলাদেশের নরসিংদী জেলার বালুশাইর গ্রামে। ১৯৭৪ সালে বিয়ের পর ঢাকার শাহজাহানপুরে যৌথ পরিবারে বসবাস শুরু করেন। সন্তান লালন-পালন ও সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের জন্য রান্নাবান্না করতেন। তখন থেকেই তাঁর রান্নার দক্ষতা পরিবারের সদস্যদের কাছে প্রশংসিত ছিল। 
তাঁর স্বামী খোরশেদ মিয়া ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন। ১৯৯৭ সালে স্ত্রী ও সন্তানদের নিউইয়র্কে নিয়ে আসেন। কুইন্সের এলমহার্স্টে এক বেডরুমের অ্যাপার্টমেন্টে স্বামী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে তাঁদের প্রবাসজীবনের সংসার শুরু হয়। নিউইয়র্কের ব্যয়বহুল জীবনযাত্রায় স্বামীর একার আয়ে সংসার পরিচালনা কঠিন হয়ে পড়লে পরিবারের আর্থিক দায়িত্ব ভাগ করে নিতে কর্মজীবনে প্রবেশ করেন সাহারা খান।
পরে জ্যাকসন হাইটসে হাটবাজার রেস্টুরেন্টেও দীর্ঘদিন শেফ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাতিষ্ঠানিক রন্ধনশিক্ষা না থাকলেও অন্যদের কাজ পর্যবেক্ষণ এবং নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে কারি, তন্দুরি ও বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার তৈরিতে দক্ষতা অর্জন করেন।
শুরুর দিকে রেস্টুরেন্টে প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা কাজ করার পাশাপাশি ঘরে ফিরে সংসারের দায়িত্বও সামলাতে হতো তাঁকে। দীর্ঘ কর্মঘণ্টা ও যথাযথ পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি পেশাগত দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে নিজের রান্নার গুণে রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে প্রতিষ্ঠা পান।
সাহারা খানের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে ২০১৫ সালে। ওই বছর তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে অ্যাস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউয়ে অবস্থিত বৈশাখী রেস্টুরেন্টটি চালু করেন। এর আগে প্রতিষ্ঠানটি লোকসানের কারনে মালিকানা ১৮ বার পরিবর্তন হয়েছিল। পরিবারের পরিচালনায় রেস্টুরেন্টটির নতুন যাত্রায় প্রধান শেফ হিসেবে দায়িত্ব নেন সাহারা খান।
তাঁর রান্নার অভিজ্ঞতা ও দক্ষতা বৈশাখী রেস্টুরেন্টের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঙালি খাবারের পাশাপাশি শিক কাবাব, বাটার চিকেনসহ বিভিন্ন ধরনের খাবারের জন্য প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। শুধু অ্যাস্টোরিয়ায় নয়, নিউইয়র্ক সিটি বহুজাতিক জাতিগোষ্ঠীর মানুষের মধ্যেও বৈশাখীর খাবারের সুনাম ছড়িয়ে পড়ে।
সাহারা খানের জীবন ও কর্ম নিয়ে আগে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে তাঁর দীর্ঘ সংগ্রামের কথা। নিজের সাফল্য সম্পর্কে তিনি বলেছিলেন, ‘এত বড় প্রতিষ্ঠান হইব, কোনো দিন সেটা চিন্তা করি নাই।’ সংসারের প্রয়োজনে কর্মজীবন শুরু করলেও রান্নার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত রন্ধনশিল্পী ও নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছিলেন।
সাহারা খানের মেয়ে শামসুন রিমি বর্তমানে বৈশাখী রেস্টুরেন্টের কর্ণধার এবং ছেলে তানজিল খান হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের কর্ণধার হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। ফলে তাঁর গড়ে তোলা রন্ধনশিল্পের অভিজ্ঞতা ও পারিবারিক রেস্টুরেন্ট ব্যবসার ধারাবাহিকতা পরবর্তী প্রজন্মের মাধ্যমে অব্যাহত রয়েছে।
বাংলাদেশের একটি সাধারণ পরিবার থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন, সংসারের আর্থিক প্রয়োজনে রেস্টুরেন্টে চাকরি এবং পরবর্তী সময়ে সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা সাহারা খানের কর্মজীবন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে অভিবাসী নারীদের পরিশ্রম ও পেশাগত সাফল্যের উদাহরণ হয়ে থাকবে।

সর্বশেষ

advert

সর্বশেষ