নিউইয়র্ক ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ১; আহত অন্তত ৫ জন
যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যাংকগুলোর অনলাইন সেবায় বিপর্যয়, লেনদেনে ব্যাপক ভোগান্তি
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১১
ছবি: প্রতীকী ও সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবায় কারিগরি সমস্যার কারণে সোমবার (১৬ নভেম্বর) হাজার হাজার গ্রাহক লেনদেনে ভোগান্তির মুখে পড়েছেন। জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক ও ওয়েলস ফার্গোসহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা অ্যাকাউন্টে প্রবেশ, ব্যালেন্স দেখা, অর্থ স্থানান্তর এবং জেলির মাধ্যমে পেমেন্ট করতে সমস্যার অভিযোগ করেছেন। তবে সমস্যার মূল উৎস হিসেবে চেজ ব্যাংকের সফটওয়্যার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয় এবং গ্রাহকদের অর্থ নিরাপদ রয়েছে। সোমবার সন্ধ্যায় চেজের লেনদেন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার তথ্যও পাওয়া গেছে। সোমবার রাতে হালনাগাদ করা সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং সেবার সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে সকাল থেকেই গ্রাহকদের অভিযোগ আসতে শুরু করে। দুপুরের পর অভিযোগের সংখ্যা দ্রুত বাড়ে। স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত শুধু চেজ ব্যাংক নিয়েই প্রায় ৪ হাজার ৮০০ গ্রাহক সমস্যার কথা জানান। অন্য ব্যাংকগুলোর তুলনায় চেজের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, চেজের পাশাপাশি ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক, ওয়েলস ফার্গো, ক্যাপিটাল ওয়ান ও ট্রুইস্ট ব্যাংকের গ্রাহকরাও বিভিন্ন সেবায় সমস্যার অভিযোগ করেন। এর মধ্যে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টে লগইন, ব্যালেন্স দেখা, ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার এবং এটিএম সেবা ব্যবহার করতে অসুবিধার কথা জানান অনেকে। চেজ ব্যাংকের একজন মুখপাত্র সিবিএস নিউজকে জানান, ব্যাংকের নিজস্ব সিস্টেমে সফটওয়্যারসংক্রান্ত কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। এর ফলে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছিল। তবে গ্রাহকদের অ্যাকাউন্ট ও অর্থের ওপর তাঁদের নিয়ন্ত্রণ বহাল ছিল। চেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, তাদের সিস্টেমের একটি সফটওয়্যার বাগের কারণে অন্য ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত কিছু লেনদেনেও সমস্যা হয়েছে। বিশেষ করে যেসব ট্রান্সফারে চেজ এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান যুক্ত ছিল, সেসব ক্ষেত্রে বিলম্ব দেখা দেয়। তবে সমস্যাটি পুরো ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয় নয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টেক্সাসের ডালাসে চেজ ব্যাংকের একটি শাখায় সোমবার সকালে চেক জমা দিতে গিয়েও একজন গ্রাহক সমস্যায় পড়েন। সিবিএস নিউজকে তিনি জানান, ব্যাংকের কর্মীরা কারিগরি সমস্যার কথা জানিয়ে লেনদেন সম্পন্ন করতে পারেননি। তবে ঠিক কী কারণে সমস্যা হয়েছিল, সে বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে ব্যাংক অব আমেরিকার গ্রাহকদের একাংশ এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে সমস্যার অভিযোগ করলেও ব্যাংকটির একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁদের নিজস্ব সিস্টেম সোমবার স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে। ইউএস ব্যাংকও জানিয়েছে, তাদের নিজস্ব ব্যাংকিং সিস্টেম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জেলির মাধ্যমে অর্থ পাঠানো বা গ্রহণের ক্ষেত্রে কিছু গ্রাহক বিলম্বের মুখে পড়তে পারেন। ক্যাপিটাল ওয়ান কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ছিল। যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট সেবা জেলের ক্ষেত্রেও সোমবার গ্রাহকদের অভিযোগ পাওয়া যায়। তবে জেলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব নেটওয়ার্ক স্বাভাবিকভাবে কাজ করছিল। ব্যাংকগুলোর কারিগরি সমস্যার কারণে কিছু অর্থ স্থানান্তর বিলম্বিত হতে পারে। জেলি কর্তৃপক্ষ আরও জানায়, গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে এই সেবা ব্যবহার করেন। জেলে নিজে গ্রাহকদের অর্থ সংরক্ষণ করে না। জেলের নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আর্লি ওয়ার্নিং সার্ভিসেসের মালিকানায় রয়েছে চেজ, ব্যাংক অব আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, পিএনসি, ট্রুইস্ট, ইউএস ব্যাংক ও ওয়েলস ফার্গোসহ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠান। সোমবার সন্ধ্যায় চেজ ব্যাংকের লেনদেন কার্যক্রম আবার স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে এনবিসি নিউজ জানিয়েছে। ব্যাংকটির বক্তব্য অনুযায়ী, সাময়িক সফটওয়্যার ত্রুটির কারণে সমস্যাটি হয়েছিল। অন্য ব্যাংকগুলোর সঙ্গে সম্পৃক্ত লেনদেনেও এর প্রভাব পড়েছিল। এদিকে কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার মাইক্রোসফটের বৈশ্বিক সেবায় সমস্যা দেখা দেওয়ায় আউটলুক ও টিমসসহ বিভিন্ন অনলাইন সেবা ব্যাহত হয়। শুক্রবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগব্যবস্থায় বিপর্যয়ের কারণে দেশজুড়ে চার ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ রাখতে হয়। এর পর সোমবার ব্যাংকিং সেবায় সমস্যা দেখা দিল। সিবিএস নিউজকে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মাইক চ্যাপেল জানিয়েছেন, তিনটি ঘটনার কারণ আলাদা হলেও এগুলো আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার জটিলতা ও দুর্বলতার বিষয়টি সামনে এনেছে। বড় একটি প্রতিষ্ঠানের প্রযুক্তিগত ত্রুটি পারস্পরিক সংযুক্ত অন্য প্রতিষ্ঠানের সেবাতেও প্রভাব ফেলতে পারে। টাফটস বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন কারেন পানেটাও বলেছেন, বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে বহু প্রতিষ্ঠান যুক্ত থাকে। ফলে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবায় সমস্যা দেখা দিলে তার প্রভাব অন্য প্রতিষ্ঠানের গ্রাহকদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে প্রতারকরা ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া মেসেজ, ইমেইল কিংবা ফোনকলের মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। বিশেষ করে অ্যাকাউন্ট পুনরায় চালু করা কিংবা অর্থ নিরাপদ রাখার কথা বলে পাসওয়ার্ড ও ব্যাংকিং তথ্য চাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। ব্যাংকিং সেবায় সমস্যার কারণে কোনো লেনদেন ব্যর্থ হলে তার স্ক্রিনশট ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করার পরামর্শও দেওয়া হয়েছে। কারিগরি সমস্যার কারণে অতিরিক্ত ফি আরোপিত হলে ব্যাংকের কাছে তা প্রত্যাহারের আবেদন করা যেতে পারে।