বাংলা পত্রিকা ডেস্ক: প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১
বিভিন্ন ঘটনার মধ্যে যোগসূত্রের প্রমাণ নেই জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা ছিল নিয়মিত আয়োজন বাংলা পত্রিকা রিপোর্ট: যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়, গোপন সরকারি পরিকল্পনা ও বড় সংকটের গুজব। মাইক্রোসফটের ক্লাউড সেবায় সমস্যা, বিমান চলাচলে বিঘ্ন এবং অনলাইন ব্যাংকিংয়ের অভিযোগকে একসঙ্গে মিলিয়ে বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছেন কিছু ব্যবহারকারী ও ইনফ্লুয়েন্সার। তবে এসব ঘটনার মধ্যে এমন যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি বলে সিএনএনের এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। সিএনএনের ‘রিলায়েবল সোর্সেস’ নিউজলেটারে ব্রায়ান স্টেলটার লিখেছেন, একের পর এক প্রযুক্তিগত সমস্যা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে। সেই উদ্বেগকে কাজে লাগাচ্ছে আতঙ্ক সৃষ্টিকারী পোস্ট ও ভিডিও। ফেসবুক, এক্স, টিকটক ও ইনস্টাগ্রামে অনুমাননির্ভর বক্তব্য এমনভাবে ছড়ানো হচ্ছে, যেন বড় কোনো বিপর্যয় আসন্ন। বিশ্লেষণে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। কেউ একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিলে তাঁর সামনে একই ধরনের আরও কনটেন্ট আসে। ফলে বিচ্ছিন্ন ঘটনাগুলো বাস্তবের তুলনায় অনেক বড় বা পরস্পর সম্পর্কযুক্ত বলে মনে হতে পারে। মঙ্গলবারের জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষাকেও গুজবের সঙ্গে যুক্ত করা হয়। অথচ টেলিভিশন ও রেডিওতে ওই পরীক্ষার প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই নেওয়া ছিল বলে জানিয়েছে সিএনএন। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফেমা স্পষ্ট করেছে, এটি আইন অনুযায়ী নিয়মিত পরীক্ষা। এর সঙ্গে ব্ল্যাকআউট বা গোপন জরুরি পরিস্থিতির সম্পর্ক নেই। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষাটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। একইভাবে ইউনাইটেড এয়ারলাইনসের সোমবারের সংক্ষিপ্ত প্রযুক্তিগত বিভ্রাট নিয়েও অতিরঞ্জিত তথ্য ছড়িয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এতে অল্পসংখ্যক ফ্লাইট প্রভাবিত হলেও কিছু পোস্টে অনেক বড় বিপর্যয়ের ধারণা দেওয়া হয়। সোমবার কস্টকোতে সিস্টেম বিভ্রাট বা বিদ্যুৎ গ্রিডের গোপন পরীক্ষা হওয়ার দাবিও সঠিক নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ডিজিটাল অবকাঠামোর দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির সাবেক পরিচালক ক্রিস ক্রেবস। সিএনএনকে তিনি বলেন, এআই ব্যবহার করে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত ও সংশোধনের কাজ দ্রুত হচ্ছে। কিন্তু নতুন আপডেট বা সংশোধন প্রয়োগের সময়ও কখনো সিস্টেম অস্থিতিশীল হতে পারে। এটি সাম্প্রতিক সব বিভ্রাটের কারণ প্রমাণ করে না। ক্রেবস জরুরি পরিস্থিতির জন্য কয়েক দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী রাখার বিষয়ে ফেমার নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ নথি ও অ্যাকাউন্ট নম্বরের অফলাইন কপি রাখার কথাও বলেছেন তিনি। স্টেলটারের বিশ্লেষণের মূল বক্তব্য, প্রস্তুতি প্রয়োজন, তবে প্রমাণহীন পোস্টের ভিত্তিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।