ব্রেকিং নিউজ
  • মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
  • নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
  • নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
advert

২০২৮ সালে সিটির কনজেশন টোল চার্জ হবে ১২ ডলার

নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে আগামী বছর আবারও সাবওয়ে ও বাসের ভাড়া বাড়ানোর পরিকল্পনা করছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। সংস্থাটির নতুন আর্থিক পরিকল্পনায় ২০২৭ ও ২০২৯ সালে দুই দফায় গড়ে ৪ শতাংশ করে ভাড়া ও টোল থেকে আয় বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ২০২৮ সালে ম্যানহাটনে প্রবেশের কনজেশন প্রাইসিং চার্জ ৯ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করার পূর্বনির্ধারিত পরিকল্পনাও রয়েছে। চলতি বছরের শুরুতে সাবওয়ে ও লোকাল বাসের ভাড়া বাড়িয়ে ৩ ডলার করার পর নতুন করে ভাড়া বৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন যাত্রী ও গণপরিবহন অধিকারকর্মীরা। তাঁদের দাবি, ভাড়া বাড়ানোর আগে ওমনি পেমেন্ট সিস্টেমে সাপ্তাহিক ও মাসিক আনলিমিটেড পাস ফিরিয়ে আনা এবং যাত্রীদের জন্য আরও সুবিধাজনক ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) পিক্স১১-এর প্রতিবেদনে বলা হয়েছে, এমটিএ চলতি সপ্তাহে সংস্থাটির আর্থিক অবস্থা এবং আগামী বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করেছে। নতুন পরিকল্পনায় ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল থেকে আয় গড়ে ৪ শতাংশ করে বাড়ানোর হিসাব রাখা হয়েছে। এই পরিবর্তন সাবওয়ে, বাস, লং আইল্যান্ড রেল রোড, মেট্রো নর্থ এবং এমটিএ পরিচালিত ব্রিজ ও টানেলের টোলের ওপর প্রভাব ফেলতে পারে।
তবে প্রস্তাবিত ভাড়া বৃদ্ধি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে এমটিএর বোর্ডে আলোচনা, গণশুনানি এবং যাত্রীদের মতামত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ডিসেম্বরে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সাবওয়ে ও লোকাল বাসের নিয়মিত ভাড়া ২ ডলার ৯০ সেন্ট থেকে বাড়িয়ে ৩ ডলার করা হয়। একই সঙ্গে ওমনি পেমেন্ট সিস্টেমে সাত দিনের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয় ৩৫ ডলার। এই ব্যবস্থায় একই কার্ড বা ডিভাইস ব্যবহার করে নির্দিষ্ট সাত দিনের মধ্যে মোট ৩৫ ডলার ভাড়া পরিশোধের পর পরবর্তী যোগ্য যাত্রাগুলো বিনামূল্যে করা যায়।
তবে যাত্রী অধিকারকর্মীদের অভিযোগ, আগের মেট্রোকার্ডের মাসিক আনলিমিটেড পাসের তুলনায় নতুন ব্যবস্থা নিয়মিত যাত্রীদের জন্য বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।
মেট্রোকার্ডের সর্বশেষ ৩০ দিনের আনলিমিটেড পাসের মূল্য ছিল ১৩২ ডলার। অন্যদিকে বর্তমানে ওমনির সাপ্তাহিক ক্যাপ ৩৫ ডলার হিসাবে চার সপ্তাহে সর্বোচ্চ খরচ দাঁড়ায় ১৪০ ডলার। অর্থাৎ চার সপ্তাহের হিসাবে আগের মাসিক পাসের তুলনায় ৮ ডলার বেশি খরচ হচ্ছে। তবে ৩০ দিন ও চার সপ্তাহের মেয়াদ এক নয়।
নিউইয়র্কের যাত্রী অধিকার সংগঠন প্যাসেঞ্জার্স ইউনাইটেড সম্প্রতি এক সমাবেশে ওমনির মাধ্যমে সাপ্তাহিক ও মাসিক আনলিমিটেড পাস ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। সংগঠনটি দৈনিক পাস চালু করার পাশাপাশি মেট্রো নর্থ ও লং আইল্যান্ড রেল রোডের জন্য ৫০ ডলারের সাপ্তাহিক পাস চালুর প্রস্তাব দিয়েছে, যাতে সাবওয়ে ও বাসে ট্রান্সফারের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
প্যাসেঞ্জার্স ইউনাইটেডের প্রতিষ্ঠাতা চার্লটন ডি সুজা বলেছেন, এমটিএ যদি ভাড়া বাড়াতে চায়, তাহলে যাত্রীদের জন্য আরও সাশ্রয়ী এবং সুবিধাজনক বিকল্প নিশ্চিত করতে হবে। তাঁর মতে, গণপরিবহন ব্যবস্থায় জবাবদিহি, নির্ভরযোগ্য সেবা এবং ভাড়া পরিশোধের ক্ষেত্রে নমনীয়তা থাকা জরুরি।
ভাড়া বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যেও অসন্তোষ রয়েছে। নিউ জার্সি থেকে ম্যানহাটনের একটি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী আলানা ডি লা ক্রুজ জানিয়েছেন, যাতায়াতের খরচ বিবেচনায় তিনি ইতোমধ্যে ক্যাম্পাসে যাওয়ার দিনের সংখ্যা কমিয়ে দিয়েছেন।
আরেক যাত্রী রিয়ানন জাস্টিস বলেছেন, গত নয় মাস ধরে তাঁরা আরও অ্যাফোর্ডেবল ভাড়া এবং আনলিমিটেড পাসের দাবিতে এমটিএর কাছে আবেদন জানিয়ে আসছেন। তাঁর প্রশ্ন, অন্যান্য রেলসেবায় বিভিন্ন ধরনের পাসের ব্যবস্থা থাকলেও সাবওয়ে ও বাসের নিয়মিত যাত্রীদের জন্য একই ধরনের সুবিধা কেন রাখা হচ্ছে না।
এদিকে ওমনি পেমেন্ট সিস্টেমের প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েও অভিযোগ তুলেছেন যাত্রীরা। বর্তমানে যাত্রীরা ওমনির ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিবন্ধিত কার্ডের ভ্রমণের ইতিহাস, খরচ ও ট্রান্সফারের তথ্য দেখতে পারেন। তবে এসব তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ হয় না। সাবওয়ে স্টেশনের টার্নস্টাইলেও আগের মেট্রোকার্ডের মতো ব্যালান্স বা ভাড়া পরিশোধের বিস্তারিত তথ্য দেখা যায় না।
এমটিএর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জানো লিবার জানিয়েছেন, যাত্রীদের এসব তথ্য সহজে দেখার ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানকে সফটওয়্যার আপগ্রেড দ্রুত সম্পন্ন করার জন্য চাপ দেওয়া হচ্ছে। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
অন্যদিকে এমটিএর নতুন আর্থিক পরিকল্পনায় ২০২৮ সালে কনজেশন প্রাইসিংয়ের মূল চার্জ ৯ ডলার থেকে ১২ ডলারে উন্নীত হওয়ার হিসাব রয়েছে। এই চার্জ ম্যানহাটনের নির্ধারিত কনজেশন রিলিফ জোনে প্রবেশকারী প্রযোজ্য গাড়ির জন্য কার্যকর। তবে গাড়ির ধরন, সময় এবং অনুমোদিত ছাড় অনুযায়ী চার্জের পরিমাণ ভিন্ন হতে পারে।
এমটিএ জানিয়েছে, সাবওয়ে ও বাসের ভাড়া এবং ব্রিজ ও টানেলের টোল থেকে পাওয়া অর্থ সংস্থার দৈনন্দিন পরিচালন ব্যয়ে ব্যবহার করা হয়। এর মধ্যে কর্মীদের বেতন, শ্রমসংক্রান্ত খরচ, রক্ষণাবেক্ষণ এবং ঋণ পরিশোধের মতো ব্যয় রয়েছে। অন্যদিকে কনজেশন প্রাইসিং থেকে অর্জিত অর্থ মূলত গণপরিবহনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় করার জন্য নির্ধারিত।
সংস্থাটির ২০২৭ সালের প্রস্তাবিত পরিচালন বাজেট প্রায় ২ হাজার ২৯০ কোটি ডলার। তবে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে বাজেট ঘাটতির আশঙ্কা রয়েছে। এমটিএর আর্থিক পরিকল্পনায় সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় ভাড়া ও টোল বৃদ্ধির হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
যাত্রী অধিকার সংগঠনগুলোর বক্তব্য, গণপরিবহন ব্যবস্থার আর্থিক সংকট মোকাবিলার পাশাপাশি নিয়মিত যাত্রীদের ব্যয় বহনের সক্ষমতাও বিবেচনা করতে হবে। বিশেষ করে প্রতিদিন কর্মস্থল, স্কুল ও কলেজে যাতায়াতকারী নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আনলিমিটেড পাস এবং আরও নমনীয় ভাড়া ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন তাঁরা।
এখন এমটিএর প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির বিষয়ে গণশুনানি ও বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

সর্বশেষ

advert

সর্বশেষ

সিটির বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান চালুর পরিকল্পনা

জেএফকে ও লাগার্ডিয়ায় ‘ড্রাইভার হেলথ হাব’ স্বাস্থ্যসেবা চালু