নিউইয়র্ক ২৫ নভেম্বর ২০২৬, বুধবার | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
বাংলা পত্রিকা রিপোর্ট: প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১
ছবি: প্রতীকী ও সংগৃহীত
নিউইয়র্ক স্টেটে উচ্চশিক্ষার জন্য নেওয়া স্টুডেন্ট লোনের ঋণ মওকুফে দুটি বিশেষ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নার্সিং শিক্ষা ও কৃষি খাতে কর্মরত যোগ্য ব্যক্তিরা এসব কর্মসূচির মাধ্যমে সর্বোচ্চ ৪০ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফের সুবিধা পাবেন। গভর্নর ক্যাথি হোকুল শুক্রবার (২০ নভেম্বর) এই কর্মসূচির আবেদন কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন। নার্সিং শিক্ষকদের জন্য বছরে সর্বোচ্চ ৮ হাজার এবং তরুণ কৃষকদের জন্য বছরে ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। উভয় কর্মসূচিতে সর্বোচ্চ পাঁচ বছর এই সুবিধা পাওয়া যাবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ ডিসেম্বর ২০২৬। গভর্নরের অফিস জানিয়েছে, নিউইয়র্কের স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ কর্মীর সংখ্যা বাড়ানো এবং উচ্চশিক্ষার ঋণের বোঝা কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন (এইচইএসসি) কর্মসূচি দুটি পরিচালনা করছে। এ জন্য মোট ২১ লাখ ডলারের তহবিল রাখা হয়েছে। প্রথম কর্মসূচিটির নাম ‘নার্সিং ফ্যাকাল্টি লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’। নিউইয়র্ক স্টেটের নার্সিং স্কুলগুলোতে শিক্ষকতা করছেন এমন যোগ্য নার্সিং শিক্ষক ও অ্যাডজাংক্ট ক্লিনিক্যাল ফ্যাকাল্টি সদস্যরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই কর্মসূচিতে প্রতি বছর সর্বোচ্চ ৮ হাজার ডলার করে পাঁচ বছরে মোট ৪০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফ করা হবে। তবে আবেদনকারীর যোগ্য স্টুডেন্ট লোনের বকেয়া অর্থ ৪০ হাজার ডলারের কম হলে সেই পরিমাণের বেশি সুবিধা পাওয়া যাবে না। আবেদনকারীকে নিউইয়র্ক স্টেটের লাইসেন্সপ্রাপ্ত রেজিস্টার্ড নার্স হতে হবে। পাশাপাশি নার্সিংয়ে মাস্টার্স অথবা সংশ্লিষ্ট ডক্টরাল ডিগ্রি থাকতে হবে। নার্সিং শিক্ষক হিসেবে কাজের যোগ্যতা এবং পূর্ববর্তী ক্লিনিক্যাল অভিজ্ঞতাও প্রয়োজন। এ ছাড়া নিউইয়র্কের কোনো নার্সিং স্কুলে শিক্ষক বা অ্যাডজাংক্ট ক্লিনিক্যাল ফ্যাকাল্টি হিসেবে বছরে কমপক্ষে ১২ ক্রেডিট আওয়ারের সমপরিমাণ ক্লাসরুম অথবা ক্লিনিক্যাল প্রশিক্ষণ দেওয়ার শর্ত রয়েছে। নার্সিং ডিগ্রি অর্জনের জন্য নেওয়া যোগ্য স্টুডেন্ট লোনের বকেয়া অর্থ থাকতে হবে। দ্বিতীয় কর্মসূচিটির নাম ‘ইয়াং ফার্মার্স লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’। এটি মূলত কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে নিউইয়র্ক স্টেটে কৃষি খাতে পূর্ণকালীন পেশা গড়ে তুলেছেন এমন ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে। এই কর্মসূচিতে যোগ্য আবেদনকারীরা বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পাঁচ বছরে মোট ৫০ হাজার ডলার পর্যন্ত স্টুডেন্ট লোন মওকুফের সুযোগ পাবেন। আবেদনের জন্য নিউইয়র্ক স্টেটের অনুমোদিত কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে নিউইয়র্ক স্টেটে কৃষিপণ্য উৎপাদনকারী একটি ফার্ম পরিচালনার প্রথম ১০ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনকারীকে ফুলটাইম কৃষিকাজে নিয়োজিত থাকতে হবে এবং কমপক্ষে পাঁচ বছর নিউইয়র্ক স্টেটে কৃষি কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য নেওয়া যোগ্য স্টুডেন্ট লোনের বকেয়া থাকতে হবে। গভর্নর হোকুল বলেছেন, নিউইয়র্কের ভবিষ্যতের জন্য নার্সিং ও কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খাত। দক্ষ নার্স তৈরি করা থেকে শুরু করে মানুষের খাদ্য উৎপাদনে নিয়োজিত ব্যক্তিদের উচ্চশিক্ষার ঋণ যেন তাঁদের পেশাগত অগ্রগতিতে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডরিস বি. গঞ্জালেস বলেছেন, কলেজ শিক্ষা মানুষের সামনে নতুন সুযোগ তৈরি করার কথা। উচ্চশিক্ষার ঋণের কারণে তাঁদের পেশাগত সম্ভাবনা সীমিত হওয়া উচিত নয়। স্টেটের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অ্যান্ড মার্কেটসের কমিশনার রিচার্ড এ. বল বলেছেন, তরুণদের কৃষিশিক্ষা, কর্মসংস্থান এবং নতুন কৃষি উদ্যোগে সহায়তা দিতে নিউইয়র্ক প্রশাসন বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। স্টুডেন্ট লোন মওকুফের নতুন সুযোগ সেই উদ্যোগকে আরও এগিয়ে নেবে। অন্যদিকে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (কিউনি) চ্যান্সেলর ফেলিক্স ভি. মাতোস রদ্রিগেজ জানিয়েছেন, নিউইয়র্ক সিটিতে প্রতি বছর নতুন নার্সদের প্রায় অর্ধেককে প্রশিক্ষণ দেয় কিউনি। ফলে দক্ষ নার্সিং শিক্ষক নিয়োগ ও তাঁদের ধরে রাখতে ঋণ মওকুফ কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই দুটি কর্মসূচিতে আবেদন করার জন্য নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশনের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদনকারীদের শিক্ষা, কর্মসংস্থান ও স্টুডেন্ট লোনের তথ্যসহ প্রয়োজনীয় যোগ্যতার প্রমাণ জমা দিতে হবে। ঋণ মওকুফের সুবিধা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না; সংশ্লিষ্ট কর্মসূচির শর্ত ও তহবিলের প্রাপ্যতার ভিত্তিতে আবেদন যাচাই করা হবে। নার্সিং শিক্ষকদের ক্ষেত্রে ২০২৫ প্রোগ্রাম ইয়ার এবং তরুণ কৃষকদের ক্ষেত্রে ২০২৬ প্রোগ্রাম ইয়ারের জন্য আবেদন গ্রহণ চলছে। আগ্রহীদের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।