ব্রেকিং নিউজ
  • মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
  • নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
  • নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
advert

বর্ণবাদী মন্তব্যের অভিযোগ : বাংলাদেশি বংশোদ্ভুত সহ এনওয়াইপিডির ২ কর্মকর্তা বরখাস্ত

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১
...
ছবি: প্রতীকী ও সংগৃহীত
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বর্ণবাদী মন্তব্য, সহকর্মীদের হয়রানি এবং নাৎসি প্রতীকসংবলিত পুলিশের গাড়ির ছবি আদান-প্রদানের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন বাংলাদেশে জন্ম নেওয়া মোহাম্মদ ডি. আলম। তিনি নিজেই সহকর্মীদের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলে তদন্তকারীদের কাছে আপত্তিকর বার্তার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু তদন্তে তাঁর নিজের ফোন থেকেও বর্ণবাদী বার্তা পাঠানোর তথ্য পাওয়া যায়। পরে বিভাগীয় শুনানিতে আলমকে দোষী সাব্যস্ত করা হলেও বিচারক তাঁকে চাকরিচ্যুত না করে সাময়িক বরখাস্ত ও শর্তসাপেক্ষে চাকরি বহাল রাখার সুপারিশ করেন। তবে পুলিশ কমিশনার জেসিকা টিশ সেই সুপারিশ প্রত্যাখ্যান করে আলম ও তাঁর সহকর্মী ভিনসেন্ট ক্যাভিটোলোকে চাকরিচ্যুত করেন। একই ঘটনায় জড়িত তৃতীয় কর্মকর্তা শন ও'রিয়ার্ডান বিভাগীয় অভিযোগ গঠনের আগেই অবসর নেন। নিজের চাকরিচ্যুতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কমিশনার ও সিটি প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলম।
এনওয়াইপিডির বিভাগীয় তদন্তের নথির ভিত্তিতে গথামিস্টের সাংবাদিক চার্লস লেন এবং রোববার (২২ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের সাংবাদিক মারিয়া ক্রেমারের প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাগুলো ঘটেছে ম্যানহাটনের চেলসি এলাকার এনওয়াইপিডির দশম প্রিসিঙ্কটে। সেখানে রাতের শিফটে কর্মরত ছিলেন মোহাম্মদ আলম, ভিনসেন্ট ক্যাভিটোলো ও শন ও'রিয়ার্ডান। ২০২৩ সালের শেষ দিক থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত তাঁদের ব্যক্তিগত মোবাইল ফোনের একটি গ্রুপ চ্যাটে নিয়মিত বর্ণবাদী ও অবমাননাকর বার্তা আদান-প্রদান করা হয়।
তদন্তের নথিতে দেখা যায়, গ্রুপ চ্যাটে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে বর্ণবাদী শব্দ, বানরের ইমোজি, ভারতীয়দের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং পুলিশের গাড়িতে নাৎসি প্রতীক আঁকা একটি ছবি পাঠানো হয়েছিল। ওই ছবিতে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে বর্ণবাদী শব্দ ব্যবহার করে পুলিশের টহল গাড়িকে চিহ্নিত করা হয়।
বিভাগীয় তদন্তে শন ও'রিয়ার্ডানকে এসব আপত্তিকর আচরণের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। তদন্তের নথি অনুযায়ী, তিনিই নাৎসি প্রতীকসংবলিত গাড়ির ছবিটি গ্রুপে পাঠিয়েছিলেন। এ ছাড়া কৃষ্ণাঙ্গদের উদ্দেশে বানরের ইমোজি পাঠানো এবং ভারতীয়দের নিয়ে উপহাসমূলক বার্তা আদান-প্রদানেও তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়।
অন্যদিকে ভিনসেন্ট ক্যাভিটোলো সহকর্মীদের ইংরেজি উচ্চারণ নিয়ে উপহাস করতেন বলে তদন্তে উঠে আসে। বাংলাদেশে জন্ম নেওয়া আলমের উদ্দেশে ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্যও পাঠিয়েছিলেন তিনি।
তদন্তে আরও উঠে আসে, ২০২৪ সালের জুলাইয়ে দশম প্রিসিঙ্কটের বাইরে এক কৃষ্ণাঙ্গ সহকর্মীর সঙ্গে বিবাদের সময় ক্যাভিটোলো বানরের মতো অঙ্গভঙ্গি করেছিলেন। বিভাগীয় শুনানিতে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই আচরণকে বর্ণবাদী এবং কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ তৈরির অংশ হিসেবে বিবেচনা করা হয়।
২০২৩ সালে প্রিসিঙ্কটের বাইরে কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কির আরেকটি ঘটনাও তদন্তের নথিতে উল্লেখ রয়েছে। এসব ঘটনার কারণে কর্মস্থলে উত্তেজনা তৈরি হয়েছিল বলে তদন্তকারীদের কাছে সাক্ষ্য দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোহাম্মদ আলম জানান, সহকর্মীদের আচরণের কারণে তিনি কর্মস্থলে অস্বস্তি ও হয়রানির শিকার হচ্ছিলেন। তাঁর ইংরেজি উচ্চারণ, বাংলাদেশি পরিচয় এবং সাংস্কৃতিক পটভূমি নিয়ে উপহাস করা হতো। তবে প্রথমদিকে এসব আচরণকে সহকর্মীদের রসিকতা হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
২০২৪ সালের ২৩ জুলাই আলম তাঁর এক সহকর্মীকে গ্রুপ চ্যাটে পাঠানো বানরের ইমোজিসহ কয়েকটি বার্তা দেখান। পরে ওই কর্মকর্তা কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ দাখিল করেন। এর মাধ্যমে এনওয়াইপিডির সংশ্লিষ্ট বিভাগ আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
তদন্তকারীদের অনুরোধে আলম স্বেচ্ছায় নিজের ব্যক্তিগত মোবাইল ফোন জমা দেন। কিন্তু ফোনের বার্তাগুলো পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা দেখতে পান, আলমের নামেও কৃষ্ণাঙ্গদের উদ্দেশে বর্ণবাদী শব্দ ও অবমাননাকর মন্তব্য পাঠানো হয়েছে।
এর ফলে প্রথমে হয়রানির শিকার ব্যক্তি ও সাক্ষী হিসেবে তদন্তে অংশ নেওয়া আলম নিজেও বিভাগীয় অভিযোগের মুখোমুখি হন।
আলমের দাবি, গ্রুপ চ্যাটের কিছু আপত্তিকর বার্তা শন ও'রিয়ার্ডান তাঁর ফোন ব্যবহার করে পাঠিয়েছিলেন। এ ছাড়া কয়েকটি বর্ণবাদী শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে তাঁর ধারণা ছিল না বলেও দাবি করেন তিনি।
তবে বিভাগীয় শুনানির বিচারক জেফ অ্যাডলার এই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করেননি। বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং পুলিশ বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বর্ণবাদী শব্দগুলোর অর্থ না জানার দাবি বিশ্বাসযোগ্য নয়।
তিন দিনের বিভাগীয় শুনানি শেষে ক্যাভিটোলোকে পাঁচটি অভিযোগে সম্পূর্ণ বা আংশিক দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল বর্ণবাদী অঙ্গভঙ্গি, সহকর্মীদের উচ্চারণ নিয়ে উপহাস, আপত্তিকর বার্তা পাঠানো এবং কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি।
অন্যদিকে আলমকে গ্রুপ চ্যাটে বর্ণবাদী ও অবমাননাকর বার্তা পাঠানোর একটি বিভাগীয় অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক অ্যাডলার ক্যাভিটোলোকে চাকরিচ্যুত করার সুপারিশ করেন। তবে আলমের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম শাস্তির প্রস্তাব দেন তিনি। সুপারিশ অনুযায়ী, আলমের ৩০ দিন বিনা বেতনে সাময়িক বরখাস্ত, অতিরিক্ত ৩০ দিনের ছুটি বাতিল এবং এক বছরের জন্য চাকরিচ্যুতির আদেশ স্থগিত রেখে পরীক্ষামূলকভাবে চাকরিতে বহাল থাকার সুযোগ পাওয়ার কথা ছিল। ওই এক বছরে কমিশনারের বিবেচনায় তাঁকে আবারও চাকরিচ্যুত করা যেত।
বিচারকের পর্যবেক্ষণে বলা হয়, আলমের পাঠানো বার্তাগুলো গুরুতর আপত্তিকর হলেও তাঁর অসদাচরণের পরিধি ক্যাভিটোলোর তুলনায় কম। ফলে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার মতো শাস্তি প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
তবে পুলিশ কমিশনার জেসিকা টিশ ভিন্ন সিদ্ধান্ত নেন। গত ৯ এপ্রিল স্বাক্ষরিত এক স্মারকে তিনি বিচারকের শাস্তিসংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান করেন।
কমিশনারের যুক্তি ছিল, আলমের পাঠানো বর্ণবাদী বার্তাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। নিজের আচরণের দায় স্বীকার না করা এবং অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন টিশ।
শেষ পর্যন্ত একই দিনে আলম ও ক্যাভিটোলোকে এনওয়াইপিডি থেকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে গ্রুপ চ্যাটের তৃতীয় সদস্য শন ও'রিয়ার্ডান বিভাগীয় অভিযোগ গঠনের আগেই পুলিশ বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। ফলে তাঁর বিরুদ্ধে একই ধরনের বিভাগীয় শুনানি ও শাস্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
মোহাম্মদ আলমের আইনজীবীরা কমিশনারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। বিভাগীয় কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্বকারী আইনজীবী পিটার ব্রিল বলেছেন, বর্তমান পুলিশ কমিশনার আগের কমিশনারদের তুলনায় শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর শাস্তি প্রয়োগ করছেন।
আলমের দেওয়ানি মামলার আইনজীবী জন স্কোলা বলেছেন, তদন্তের সূচনা হয়েছিল আলমের কাছে থাকা প্রমাণ থেকেই। অথচ কমিশনারের সিদ্ধান্তে তিনি নিজে যে হয়রানির শিকার হয়েছিলেন এবং তদন্তে সহযোগিতা করেছিলেন, সেই বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি।
আলমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি সহকর্মীদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন এবং সেই অসদাচরণের তথ্য প্রকাশ করার পর শেষ পর্যন্ত তাঁকেও চাকরি হারাতে হয়েছে। তবে বিভাগীয় তদন্তে তাঁর নিজের বার্তাগুলোকেও অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এনওয়াইপিডির পক্ষ থেকে আলমের মামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বলে গথামিস্ট জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জন্ম নেওয়া আলম ২০১১ সালে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৯ সালে এনওয়াইপিডিতে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে চাকরি শুরু করেন এবং ২০২১ সালে পুলিশ কর্মকর্তা হন।
এদিকে দুই কর্মকর্তার চাকরিচ্যুতি এবং তৃতীয় কর্মকর্তার অবসরের ঘটনায় এনওয়াইপিডির কর্মপরিবেশে বর্ণবাদী আচরণ ও অভিযোগ তদন্তের প্রক্রিয়া নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে একজন অভিযোগকারী নিজেও তদন্তে দোষী সাব্যস্ত হলে তাঁর সহযোগিতা এবং অসদাচরণের জন্য শাস্তি নির্ধারণের ক্ষেত্রে কী ধরনের বিবেচনা প্রযোজ্য হবে, এই ঘটনা সেই প্রশ্ন সামনে এনেছে।
আলমের চাকরিচ্যুতির বিরুদ্ধে দায়ের করা মামলার নিষ্পত্তি এখনো বাকি রয়েছে।

সর্বশেষ

advert

সর্বশেষ

সিটির বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান চালুর পরিকল্পনা

জেএফকে ও লাগার্ডিয়ায় ‘ড্রাইভার হেলথ হাব’ স্বাস্থ্যসেবা চালু