ব্রেকিং নিউজ
  • মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
  • নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
  • নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
advert

সিটির বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান চালুর পরিকল্পনা

জেএফকে ও লাগার্ডিয়ায় ‘ড্রাইভার হেলথ হাব’ স্বাস্থ্যসেবা চালু

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১১
...
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ট্যাক্সি ও অ্যাপভিত্তিক গাড়ির চালকদের জন্য বিমানবন্দরেই স্বাস্থ্যসেবা দেওয়ার নতুন উদ্যোগ নিয়েছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। জন এফ কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া বিমানবন্দরে চালু হচ্ছে ‘ড্রাইভার হেলথ হাব’। এর মাধ্যমে সিটির প্রায় ১ লাখ ৮০ হাজার টিএলসি লাইসেন্সধারী চালক রক্তচাপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং স্বাস্থ্যবিমা ও স্ন্যাপের জন্য আবেদনে সহায়তা পাবেন। আগামী সোমবার (২৩ নভেম্বর) জেএফকে বিমানবন্দরে প্রথম হেলথ হাবের কার্যক্রম শুরু হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে লাগার্ডিয়া বিমানবন্দরেও এই কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি কুইন্সের জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসসহ সিটির বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান পাঠানোর পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্ক সিটি মেয়রের অফিস থেকে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়েছে, নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি), মেট্রোপ্লাস হেলথ এবং পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সির যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জেএফকে ও লাগার্ডিয়া বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৪ হাজার যাত্রী পিকআপ করা হয়। ফলে এসব বিমানবন্দরে প্রতিদিন বিপুলসংখ্যক ট্যাক্সি ও অ্যাপভিত্তিক গাড়ির চালক যাতায়াত করেন। অনেক চালক যাত্রী পাওয়ার অপেক্ষায় দীর্ঘ সময় বিমানবন্দরের নির্ধারিত পার্কিং ও অপেক্ষার স্থানে অবস্থান করেন। সেই সময় কাজে লাগিয়ে তাঁদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই নতুন কর্মসূচির অন্যতম লক্ষ্য।
মেয়র জোহরান মামদানি বলেছেন, নিউইয়র্কের ট্যাক্সিচালকরা প্রতিদিন হাজার হাজার মানুষকে গন্তব্যে পৌঁছে দেন। কিন্তু দীর্ঘ কর্মঘণ্টা এবং জীবিকা নির্বাহের চাপে অনেক চালক নিজেদের স্বাস্থ্যের প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দিতে পারেন না। তাঁর প্রশাসন চায়, চিকিৎসকের কাছে যেতে গিয়ে কোনো চালককে যেন উপার্জন ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি বেছে নিতে না হয়।
নতুন ড্রাইভার হেলথ হাবগুলোতে টিএলসি লাইসেন্সধারী চালকদের জন্য রক্তচাপ পরীক্ষা, প্রোস্টেট-সংক্রান্ত স্ক্রিনিং, যৌনবাহিত সংক্রমণের পরীক্ষা, প্রয়োজনীয় টিকা এবং পুষ্টিবিষয়ক পরামর্শের ব্যবস্থা থাকবে। পাশাপাশি একই দিনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সুযোগ দেওয়া হবে।
এ ছাড়া যেসব চালকের স্বাস্থ্যবিমা নেই কিংবা বিদ্যমান কাভারেজ রিনিউয়াল করতে সহায়তা প্রয়োজন, তাঁদের স্বাস্থ্যবিমা আবেদন ও রিনিউয়ালে সহযোগিতা করা হবে। যোগ্য চালকদের স্ন্যাপ কর্মসূচিতে আবেদন করতেও সহায়তা দেওয়া হবে।
স্বাস্থ্যসেবাগুলো সপ্তাহে নির্ধারিত দিনে পর্যায়ক্রমে পরিচালিত হবে। কোন দিনে কী ধরনের পরীক্ষা ও সেবা পাওয়া যাবে, তা রোটেটিং শিডিউলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ফলে সব ধরনের সেবা প্রতিদিন একই সঙ্গে পাওয়া যাবে না।
টিএলসি জানিয়েছে, বিমানবন্দরের পাশাপাশি সিটির পাঁচ বরোর বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান পাঠানো হবে। বিশেষ করে যেসব এলাকায় ট্যাক্সি ও অ্যাপভিত্তিক গাড়ির চালকদের উপস্থিতি বেশি, সেসব স্থানে এই ভ্যানের কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিক পরিকল্পনায় কুইন্সের জ্যাকসন হাইটস ও সাউথ ব্রঙ্কসের নাম রয়েছে।
নিউইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফর হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডা. হেলেন আর্তেয়াগা বলেছেন, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে অনেক চালকের নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ হয় না। আবার অনেকের পর্যাপ্ত স্বাস্থ্যবিমা নেই কিংবা চিকিৎসার জন্য কাজ বন্ধ রাখার সামর্থ্য নেই। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ, ক্যানসার এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা সময়মতো শনাক্ত হয় না।
তাঁর মতে, কর্মস্থলের কাছাকাছি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া গেলে চালকরা অসুস্থতা গুরুতর হওয়ার আগেই প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পাবেন।
ডেপুটি মেয়র ফর ইকোনমিক জাস্টিস জুলি সু বলেছেন, একজন চালক চিকিৎসকের কাছে যাওয়ার জন্য গাড়ি চালানো বন্ধ রাখলে তাঁর আয় কমে যায়। নতুন কর্মসূচিতে বিমানবন্দরে যাত্রীর অপেক্ষায় থাকার সময়ই রক্তচাপ পরীক্ষা, টিকা অথবা স্বাস্থ্যবিমা-সংক্রান্ত সহায়তা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
টিএলসি চেয়ার ও কমিশনার মিডোরি ভালদিভিয়া জানিয়েছেন, চালকদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই এই উদ্যোগ। নিয়মিত কাজের সময়সূচি ব্যাহত না করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হবে।
মেট্রোপ্লাস হেলথের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডা. তালিয়া শোয়ার্টজ বলেছেন, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো কমাতে তাঁরা টিএলসির সঙ্গে কাজ করছেন। চালকরা যাতে সহজে স্বাস্থ্যবিমা নিতে, কাভারেজ বজায় রাখতে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া জানিয়েছেন, জেএফকে ও লাগার্ডিয়া বিমানবন্দরে কর্মরত হাজার হাজার চালকের স্বাস্থ্য ও জীবিকা সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই কর্মসূচিটিকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, গত গ্রীষ্মে কর্মরত অবস্থায় চারজন নিউইয়র্ক সিটির ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। তাঁদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা ছিল, কিন্তু আর্থিক চাপের কারণে প্রয়োজনীয় চিকিৎসার জন্য কাজ থেকে ছুটি নিতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।
ভৈরবী দেশাই বলেন, বিমানবন্দরে স্বাস্থ্যসেবা চালু চালকদের জন্য ইতিবাচক প্রথম পদক্ষেপ। তবে এর পাশাপাশি সব টিএলসি লাইসেন্সধারী চালকের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসুবিধা, বেতনসহ ছুটি এবং মর্যাদাপূর্ণ অবসর নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্বাস্থ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান লিন শুলম্যান এবং পরিবহন ও অবকাঠামোবিষয়ক কমিটির চেয়ারম্যান শন আব্রেউও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘ কর্মঘণ্টা ও অনিয়মিত সময়সূচির কারণে ট্যাক্সিচালকদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় কর্মস্থলভিত্তিক সেবা কার্যকর হতে পারে।
সিটি প্রশাসন জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর জেএফকে বিমানবন্দরে প্রথম ড্রাইভার হেলথ হাব চালুর পর লাগার্ডিয়া এবং অন্যান্য এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে। স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী চালকরা টিএলসির মাধ্যমে সেবার নির্ধারিত দিন ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সর্বশেষ

advert

সর্বশেষ