ব্রেকিং নিউজ
  • মেডিকেইডের নতুন শর্ত পূরণে আরও ৬ মাস সময় পাবেন নিউইয়র্কের বাসিন্দারা
  • নিউইয়র্কে ফের বাড়তে পারে সাবওয়ে ও বাসের ভাড়া : ২০২৭ ও ২০২৯ সালে ভাড়া ও টোল ৪ শতাংশ বাড়ানোর পরিকল্পনা
  • নিউইয়র্কে স্টুডেন্ট লোন মওকুফের কর্মসূচিতে আবেদন শুরু
  • বাফেলোতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলায় অভিযুক্ত বাংলাদেশি তরুণ সাইফ আইসের হাতে আটক
advert

বাফেলোতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মামলায় অভিযুক্ত বাংলাদেশি তরুণ সাইফ আইসের হাতে আটক

বাংলা পত্রিকা রিপোর্ট:
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১১
...
নিউইয়র্ক স্টেটের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃ/ত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত হ/ত্যার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সাইফ জুনাব আলীকে (২১) আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে আটক করা হয়। আইসের বাফেলো অফিস জানিয়েছে, ডিপোর্টেশন প্রক্রিয়ার অপেক্ষায় বর্তমানে তিনি সংস্থাটির হেফাজতে রয়েছেন। গত মার্চে বাফেলোর রুট ৩৩-এ সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী ডিজে ও সংগীত প্রযোজক জনলুক জুবার্টের মৃত্যুর ঘটনায় সাইফসহ চারজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হ/ত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মামলার বিচার এখনো শেষ হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) সাইফ জুনাব আলীকে আটকের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে আইসের বাফেলো অফিস। সংস্থাটি তাঁকে বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্ত করেছে।
গত ১৯ মার্চ রাত ১১টা ৪০ মিনিটের দিকে বাফেলোর কেনসিংটন এক্সপ্রেসওয়ের রুট ৩৩-এ লোকাস্ট স্ট্রিটের কাছে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, দুর্ঘটনার আগে কয়েকটি গাড়ির চালক মহাসড়কের যান চলাচল বন্ধ করে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, হঠাৎ গতি বাড়ানো এবং আতশবাজি ফোটানোর মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের তথ্য অনুযায়ী, রাত ১১টার পর থেকেই ওই মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালানোর বিষয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ একাধিক ফোন আসে।
তদন্তকারীদের অভিযোগ, সাইফ জুনাব আলীসহ তিনজন চালক তাঁদের গাড়ি দিয়ে মহাসড়কের তিনটি লেন আটকে রেখেছিলেন। সাইফের গাড়িটি বাম লেন, শাফি আহমেদের গাড়ি মাঝের লেন এবং আবু সালেহর গাড়ি ডান লেন বন্ধ করে রেখেছিল।
একপর্যায়ে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি থেমে থাকা জনলুক জুবার্টের গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে জুবার্টের গাড়িটি সামনের আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত জুবার্টকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তি অভিযুক্তদের পরিচিত ছিলেন না এবং তাঁদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল কিইন জানান, ঘটনায় চারজনের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি ম্যানস্লটার বা দ্বিতীয় মাত্রার অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাফেলোর বাসিন্দা শাফি আহমেদ (২৩), সাইফ জুনাব আলী (২১), কেনমোরের আবু সালেহ (২১) এবং ১৮ বছর বয়সী আরেক তরুণ।
তিন প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে দুর্ঘটনায় মৃত্যুর পর ঘটনাস্থল ত্যাগ করার অভিযোগও আনা হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
আদালত তিন প্রাপ্তবয়স্ক অভিযুক্তের জন্য ৭৫ হাজার ডলার নগদ বা বন্ডের জামিন এবং বিকল্প হিসেবে ১ লাখ ২৫ হাজার ডলারের আংশিক সুরক্ষিত জামিন নির্ধারণ করেছেন।
এদিকে সাইফকে আইসের হেফাজতে নেওয়ার বিষয়ে আগে থেকে অবগত ছিল না বলে জানিয়েছে এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।
বিবৃতিতে প্রসিকিউটরদের অফিস জানিয়েছে, অভিযুক্তকে আইসের হেফাজতে নেওয়ার বিষয়ে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। তিনি ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে থাকলেও তাঁর বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়া অব্যাহত থাকবে।
আইস তাঁকে ডিপোর্টেশন প্রক্রিয়ার জন্য আটক রাখার কথা জানালেও তাঁর ইমিগ্রেশন স্ট্যাটাস, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কিংবা কোনো চূড়ান্ত বহিষ্কার আদেশ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সর্বশেষ

advert

সর্বশেষ

সিটির বিভিন্ন এলাকায় মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান চালুর পরিকল্পনা

জেএফকে ও লাগার্ডিয়ায় ‘ড্রাইভার হেলথ হাব’ স্বাস্থ্যসেবা চালু